১১:২৩ পি.এম
রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া এলাকা থেকে শরিফা বিবি নামে এক নারী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি সূত্রে জানা গেছে, উপজেলার দেওলা গ্রামের বাসিন্দা প্রায় ৪৫ বছর বয়সী শরিফা বিবি গত ১৯ জুন ২০২৬ তারিখে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা সম্ভবপর সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ শরিফা বিবির মেয়ে শারমিন আকতার সাথী বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, তার মা বাক প্রতিবন্ধী। তবে নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শরিফা বিবির গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ৪০ কেজি। তিনি বাংলা ভাষায় কথা বলেন। এ বিষয়ে বাগমারা থানার পুলিশ সাধারণ ডায়েরি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। যদি কোনো ব্যক্তি নিখোঁজ শরিফা বিবির সন্ধান পেয়ে থাকেন, তাহলে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বাগমারা থানায় অথবা তার মেয়ে শারমিন আকতার সাথীর মোবাইল নম্বরে (০১৭৩৯-৪১১৯০৫) যোগাযোগ করার জন্য।
আরও পড়ুন: মাটিরাঙ্গায় ৪ ডাকাত গ্রেপ্তার, ২০ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন