০৫:১৯ পি.এম
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যখন আলোচনা চলছে, তখন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান জানিয়েছেন যে, তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এছাড়া, তিনি জানিয়েছেন যে, আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করবেন পাঁচ সদস্য
দুদক সচিব বলেন, "দুর্নীতির মামলায় ৩৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করছি।"
এর আগে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠার প্লট গ্রহণের ঘটনায় ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। সেই মামলায় বিচারিক আদালত শেখ হাসিনাকে ৩৬ বছরের কারাদণ্ড প্রদান করে।
এমন প্রেক্ষাপটে আলোচনায় আসে যে, দেশে ফিরতে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দুদকের অবস্থান হলো, ফিরতে হলে আসামি হিসেবে আইনি প্রক্রিয়াতেই আসতে হবে।
আরও পড়ুন: নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় ৭ গ্রেপ্তার, মামলা দায়ের
এদিন, আওয়ামী লীগের সাবেক দুই এমপি অসীম কুমার উকিল এবং অপু উকিলের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সচিব সাইদুর রহমান খান।
এছাড়া, ইউনিপে টু ইউ-এর পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন