০৫:১৯ পি.এম
পঙ্কজ ত্রিপাঠি, যিনি আজ ভারতীয় সিনেমার একটি পরিচিত নাম, তার পেছনের পথচলাটা সহজ ছিল না। অভিনয়ে আসার আগে দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন একটি হোটেলের কিচেনে। সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অংশ নিয়ে তিনি সেই অজানা ও সংগ্রামের দিনগুলোর কথা শেয়ার করেন।
শো-তে খোলামেলা আড্ডার সময় পঙ্কজ ত্রিপাঠি স্মৃতিচারণা করে বলেন, অভিনয়জগতে প্রবেশের আগে তিনি দুই বছর ধরে একটি হোটেলে পেঁয়াজ ও আলুর খোসা ছাড়ানোর কাজ করেছেন। রান্নাঘরের সেই একঘেয়ে কাজের সময় তিনি নিজেকে বারবার প্রশ্ন করতেন, "এটাই কি আমার শেষ নিয়তি?" পঙ্কজ বলেন, ‘আমি আলু-পেঁয়াজ কাটতাম আর ভাবতাম, এই কাজ করেই কি আমার জীবন কেটে যাবে? কিন্তু আমার সবসময় বিশ্বাস ছিল, ভাগ্য আমার জন্য আরো বড় কোনো পরিকল্পনা করে রেখেছে।’
হোটেল জীবন থেকে বেরিয়ে অভিনয়ে যুক্ত হওয়া এবং নিজের পথ খুঁজে নেওয়ার ঘটনাগুলোকে তিনি জীবনের স্বাভাবিক নিয়ম বলেই মনে করেন।
আরও পড়ুন: সাদিয়ার বয়স কি সত্যিই ৩৩?
শো চলাকালীন ওটিটি প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ‘মির্জাপুর’ খ্যাত এই তারকা জানান, ওটিটি আসার কারণে তার মতো সাধারণ পরিবার থেকে আসা বহিরাগতদের জন্য সুযোগ তৈরি হয়েছে। হোটেলের কাজ থেকে শুরু করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ নিজেদের জায়গা তৈরি করার এই পথকে তিনি ইতিবাচক হিসেবেই দেখেন।
পঙ্কজ আরও জানান, সফলতা পাওয়ার পর তাকে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করে বলেন, ‘অনেক কষ্টে হোটেল থেকে উঠে এসে অভিনয়ের এই পরিচিতি তৈরি করেছি। অভিনয়ের কাজটা তো ভালোই চলছে, তা ছেড়ে এত বড় দায়িত্বে কেন যাব?’ কঠোর সংগ্রামের পথ পেরিয়ে আজ যে পরিচয় তিনি গড়ে তুলেছেন, তাতেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন