ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল


বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ মেয়াদের নেতৃত্বে আবদুর রহমান এবং রাহাত সাইফুল আসেন। নতুন সভাপতি হিসেবে আবদুর রহমান নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান রাহাত সাইফুল। উভয়েই সমান ২৪৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাচসাসের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে তাঁদের নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সকাল ১০টায় সাধারণ সভার আয়োজনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফল প্রকাশের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রাণের সংগঠন বাচসাসের সম্মানিত সদস্যদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া নিয়েই আগামীর পথ চলতে চাই। বাচসাসের সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে সংগঠনের কল্যাণে কাজ করে যেতে চাই।’

আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৬: ‘ধুরন্ধর’ সেরা চলচ্চিত্র, রণবীর সেরা অভিনেতা, আনীত সেরা অভিনেত্রী

তিনি সদস্যদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন বাচসাসকে আরও এগিয়ে নিতে।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহফুজ এবং হামিদ মোহাম্মদ জসিম। সহসাধারণ সম্পাদক হিসেবে আবু হুরায়রা মুরাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রুহুল আমিন ভূইয়া, আন্তর্জাতিক ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে আনিসুল হক রাশেদ, সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক হিসেবে মহিব আল হাসান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন, সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলিম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান এবং সালাম ফারুক। নতুন কমিটির মাধ্যমে আগামী দুই বছর সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন: বাচসাসের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল নির্বাচিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের সহ-সভাপতি রবিন আহমেদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের সহ-সভাপতি রবিন আহমেদ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকা থেকে নিষিদ্ধ কৃষক লীগের পল্লবী থানা ইউনিটের সহ-সভাপতি রবিন আহমেদ (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রবিন আহমেদকে গ্রেপ্তার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

এতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার হওয়া রবিন আহমেদ পল্লবী থানার একটি নিয়মিত মামলার চার্জশিটভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর রবিন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সময়ের সাক্ষী বিউটি বোর্ডিং: হারানো সাহিত্য-আড্ডার ঠিকানা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


সময়ের সাক্ষী বিউটি বোর্ডিং: হারানো সাহিত্য-আড্ডার ঠিকানা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : পুরান ঢাকা, বায়ান্ন বাজার তিপ্পান্ন গলির অবস্থান। বাংলাবাজারের শ্রীশচন্দ্র দাস লেনে প্রবেশ করলে দেখা যায় একটি দোতলা পুরোনো ভবন। প্রবেশপথের লোহার ফটক পেরিয়ে ভেতরে ঢুকলে চোখে পড়ে উঠান। ভবনটির নাম ‘বিউটি বোর্ডিং’।

বিউটি বোর্ডিং প্রথম দৃষ্টিতে সাধারণ আবাসিক হোটেল ও খাবারের স্থান মনে হলেও, এর প্রতিটি দেয়াল, কক্ষ ও আঙিনার সঙ্গে জড়িয়ে আছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার সমৃদ্ধ ইতিহাস।

এক সময় এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চলচ্চিত্রকার ও বুদ্ধিজীবীদের প্রাণবন্ত মিলনকেন্দ্র ছিল। সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, গান, রাজনীতি ও সমকালীন সমাজ নিয়ে তর্ক-বিতর্ক চলত এখানে।

নতুন লেখকদের সঙ্গে প্রতিষ্ঠিত সাহিত্যিকদের পরিচয় ও ভাববিনিময়ের অন্যতম জায়গা ছিল বিউটি বোর্ডিং। সময়ের পরিবর্তনের ফলে সেই নিয়মিত আড্ডা অনেকটাই হারিয়ে গেলেও, ভবনটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

১৯৪৭ সালে দেশভাগের আগে ভবনটিতে ‘সোনার বাংলা’ পত্রিকার কার্যালয় ও ছাপাখানা ছিল। দেশভাগের পর পত্রিকাটির কার্যালয় কলকাতায় স্থানান্তরিত হলে, ভবনটি কিছুদিন খালি পড়ে থাকে। পরে ১৯৪৯ সালে নলিনী মোহন সাহা ও প্রহ্লাদ চন্দ্র সাহা ভবনটি ভাড়া নিয়ে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ চালু করেন।

শুরুতে আবাসিক সুবিধার পাশাপাশি খাবারের ব্যবস্থাও ছিল এখানে। তবে বাংলাবাজারে বইয়ের দোকান, ছাপাখানা ও প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে বিউটি বোর্ডিং সাহিত্য-সংস্কৃতির মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে। বই প্রকাশ, সম্পাদনা, লেখালেখি কিংবা পত্রিকার কাজে বাংলাবাজারে আসা মানুষের অনেকেই এখানে সময় কাটাতেন। ধীরে ধীরে সাধারণ আবাসিক হোটেলটি সাহিত্যিকদের মিলনস্থলে পরিণত হয়।

কবি শামসুর রাহমান, শহীদ কাদরী, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আবু হেনা মোস্তফা কামাল, আবুল হাসান, মহাদেব সাহা, আহমদ ছফা, রফিক আজাদ, আসাদ চৌধুরী, বেলাল চৌধুরী, ফজল শাহাবুদ্দিন, হায়াৎ মামুদ ও আখতারুজ্জামান ইলিয়াসসহ বহু কবি-সাহিত্যিকের পাশাপাশি সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, সন্তোষ গুপ্ত ও ফয়েজ আহমদ এবং চলচ্চিত্র ও শিল্পাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও নিয়মিত এই প্রাঙ্গণে আসতেন।

তাঁদের সঙ্গে এখানে আসতেন চিত্রশিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। আড্ডার মাধ্যমে নতুন সৃষ্টির ভাবনা, সাহিত্যিক সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হতো।

বিউটি বোর্ডিংয়ের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ২৮ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে হামলা চালায়। এ সময় বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহাসহ ১৭ জন নিহত হন বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।

এই হত্যাকাণ্ডে শুধু একটি পরিবারের ওপর বিপর্যয় নেমে আসেনি, থেমে গিয়েছিল সাহিত্য-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্রের প্রাণচাঞ্চল্যও।

স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রহ্লাদ সাহার পরিবারের সদস্যরা ফিরে এসে আবার বিউটি বোর্ডিং চালু করেন।

স্বাধীনতার পরেও বিউটি বোর্ডিংয়ের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকে। পুরোনো দিনের সেই আড্ডার স্মৃতি ধরে রাখতে বিভিন্ন সময় এখানে সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমাগম ঘটেছে। বোর্ডিংয়ের দেয়ালে সংরক্ষিত পুরোনো ছবি ও স্মৃতিচিহ্ন অতীতের প্রাণবন্ত সময়ের কথা মনে করিয়ে দেয়।

এক সময় যে টেবিলগুলোতে বসে কবি-সাহিত্যিকেরা সাহিত্য, সমাজ ও রাজনীতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন, সেগুলো এখনো প্রতিষ্ঠানটির ইতিহাসের অংশ হয়ে আছে।

তবে সময়ের সঙ্গে বদলে গেছে বিউটি বোর্ডিংয়ের পরিবেশ। বাংলাবাজারের প্রকাশনা ও মুদ্রণশিল্পের ধরন পরিবর্তন, মানুষের জীবনযাত্রায় ব্যস্ততা এবং সাহিত্যচর্চার নতুন মাধ্যম তৈরি হওয়ায় আগের মতো নিয়মিত আড্ডা আর জমে না। এখন আবাসিক হোটেল ও রেস্তোরাঁ হিসেবেই এর কার্যক্রম বেশি দৃশ্যমান।

পুরোনো দিনের মতো কবি-সাহিত্যিকদের নিয়মিত পদচারণা না থাকলেও ঐতিহ্যের টানে অনেকেই এখানে আসেন। কেউ আসেন ইতিহাস জানতে, কেউ পুরোনো স্মৃতি খুঁজতে, আবার কেউ ঐতিহাসিক এই স্থানের পরিবেশে কিছুটা সময় কাটাতে কিংবা ছবি তুলতে। প্রিয়জনদের সঙ্গে ঘুরতে আসা দর্শনার্থীদেরও দেখা যায় এখানে। বিশেষ করে ছুটির দিন ও শুক্রবারে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি থাকে।

বিউটি বোর্ডিংয়ের বিশেষত্ব কেবল এর পুরোনো ভবন কিংবা আবাসিক ও খাবারের ব্যবস্থা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে একসময় যাঁরা আড্ডা দিয়েছেন, তাঁদের অনেকেই বাংলা সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও শিল্পকলায় রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁদের স্মৃতির সঙ্গে বিউটি বোর্ডিংও হয়ে উঠেছে সাংস্কৃতিক ঐতিহ্যের একটি পরিচিত নাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া পারভীন বলেন, বাংলা সংস্কৃতির ইতিহাসে বিউটি বোর্ডিং একটি বিশেষ স্মৃতিবিজড়িত স্থান। এটি কেবল আবাসিক হোটেল বা খাবারের জায়গা নয়; বরং বাংলা সাহিত্যের বহু কবি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের পদচারণায় মুখরিত একটি ঐতিহাসিক প্রাঙ্গণ। বিশেষ করে বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে স্থানটির আবেদন ভিন্ন রকম।

তিনি বলেন, একসময় এখানে বিশিষ্ট ব্যক্তিরা সাহিত্য, রাজনীতি, চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে দীর্ঘ সময় আড্ডায় মেতে উঠতেন। এখানেই বসে আবদুল জব্বার খান ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন।

সোনিয়া পারভীন আরও বলেন, বর্তমানে বিউটি বোর্ডিং তার আগের জৌলুশ অনেকটাই হারিয়েছে। বেশ কিছুদিন আগে সেখানে গিয়ে তিনি ভবনটির দেয়াল, বারান্দা ও অবকাঠামোর বিভিন্ন অংশ জীর্ণ অবস্থায় দেখতে পেয়েছেন। আগের মতো কবি-সাহিত্যিকদের নিয়মিত আড্ডাও আর বসে না। তবে আবাসিক হোটেল ও রেস্তোরাঁর কার্যক্রম এখনো চালু রয়েছে। এখনো মানুষ সেখানে যান—কেউ ইতিহাসের টানে, কেউ সাহিত্যিক স্মৃতির সন্ধানে, আবার কেউ পুরান ঢাকার ঐতিহ্যবাহী পরিবেশ অনুভব করতে।

তাঁর ভাষায়, বিউটি বোর্ডিংয়ে দাঁড়ালে মনে হয়, পুরোনো দেয়ালগুলোর ভেতরে জমে আছে অনেক না-বলা গল্প। এই প্রাঙ্গণের কোনো এক কোণে বসেই হয়তো রচিত হয়েছে কবিতার পঙক্তি, প্রাণ পেয়েছে গল্পের চরিত্র কিংবা জন্ম নিয়েছে সাহিত্যের নতুন ভাবনা।

বিউটি বোর্ডিংয়ের ঐতিহ্য সংরক্ষণে সরকারি উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানটির ঐতিহাসিক ও সাহিত্যিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এর যথাযথ সংরক্ষণ করা জরুরি। বিউটি বোর্ডিং টিকে থাকুক তার নিজস্ব ঐতিহ্য, সাহিত্যিক গৌরব ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে। আগামী প্রজন্মও যেন এই প্রাঙ্গণে এসে বাংলা সাহিত্যের এক গৌরবময় সময়ের স্পন্দন অনুভব করতে পারে।

পুরান ঢাকার অলিগলিতে ছড়িয়ে থাকা অসংখ্য ঐতিহাসিক স্থাপনার মধ্যে বিউটি বোর্ডিং তাই এক অনন্য নাম। সময় বদলেছে, বদলেছে মানুষের জীবন ও সাহিত্যচর্চার ধরন। হারিয়ে গেছে একসময়ের প্রাণবন্ত আড্ডার অনেক পরিচিত মুখ। কিন্তু ইতিহাসের পাতায় ও পুরোনো ভবনের স্মৃতিতে আজও বেঁচে আছে সেই দিনগুলো।

বিউটি বোর্ডিং যেন নীরবে মনে করিয়ে দেয়, একটি স্থান শুধু ইট-পাথরের স্থাপনা নয়; কখনো কখনো তা হয়ে ওঠে একটি সময়, একটি প্রজন্ম ও একটি সাংস্কৃতিক ইতিহাসের জীবন্ত সাক্ষী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন-প্রত্যাশীদের ঢল, ওয়াশিংটনের নতুন হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন-প্রত্যাশীদের ঢল, ওয়াশিংটনের নতুন হুঁশিয়ারি

শুক্রবার দক্ষিণ মেক্সিকোতে প্রায় ৩০০ অভিবাসীর একটি নতুন বহর প্রবেশ করেছে, যা মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে গঠিত। তারা বৃহত্তর একটি অভিবাসী বহরের সঙ্গে যোগ দিতে মেক্সিকোতে প্রবেশ করে, যা উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এক সপ্তাহ আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যদি অভিবাসীদের চলাচল বন্ধ না করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের একটি সূত্র জানায়, শুক্রবার ভোরে এই অভিবাসীরা মেক্সিকোতে প্রবেশ করে। পরে, তারা গত সপ্তাহে গড়ে ওঠা প্রায় এক হাজার ৫০০ জনের একটি বৃহত্তর বহরে যোগ দেয়। এই বহরটি ইতোমধ্যে অন্তত দুটি দলে বিভক্ত হয়ে চিয়াপাস রাজ্যের দক্ষিণাঞ্চলীয় আরিয়াগা ও টোনালা এলাকার বিভিন্ন জনপদ দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

অভিবাসীরা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষ তাদের পিজিয়াপান শহর ছেড়ে যেতে বাধ্য করেছে, যেখানে তারা দুই দিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেছিলেন। ২৬ বছর বয়সী হন্ডুরাসের নাগরিক এমারসন, যিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে যাত্রা করছেন, বলেন, “শিশুরা ক্লান্ত—এ বিষয়টিও তারা বিবেচনায় নেয়নি। সবাইকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে আমাদের আবার হাঁটতে হয়েছে।”

নতুন এই বহরের সঙ্গে থাকা হন্ডুরাসের নাগরিক হারসন ডেভিড এসকালান্তে বলেন, “ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমরা মেক্সিকোতে থেকে কাজ করার কথা ভাবছি।” তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রতি ট্রাম্পের চাপের প্রভাবিত না হওয়ার আহ্বান জানান এবং অভিবাসীদের মেক্সিকোতে অবস্থানের সুযোগ দেওয়ার দাবি করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছর চিয়াপাসে প্রবেশ করা অভিবাসীদের এটি সপ্তম বহর। গুয়াতেমালার সীমান্তবর্তী এই রাজ্যটি উত্তর আমেরিকার দিকে যাত্রা করা অভিবাসীদের জন্য মেক্সিকোতে প্রবেশের অন্যতম প্রধান পথ।

গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অভিবাসীদের বহরের অগ্রযাত্রা বন্ধে মেক্সিকো কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সীমান্তবিষয়ক প্রধান টম হোম্যান মেক্সিকো সরকারকে যুক্তরাষ্ট্রের সীমান্ত এবং গুয়াতেমালার সঙ্গে দেশটির দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন।

নতুন অভিবাসী বহরের বিষয়ে মন্তব্য জানতে মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মেক্সিকো সরকার জানিয়েছে, দেশটিতে বৈধ অভিবাসন-সংক্রান্ত মর্যাদা রয়েছে, এমন ব্যক্তিরা সেখানে অবস্থান করতে পারবেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবস্থানকারীদের অভিবাসন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে তাদের আবেদন ও পরিস্থিতি যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যায়।

সূত্র: রয়টার্স

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যানথ্রপিকের শেয়ারে পতন, প্রযুক্তি খাতে বিক্রির চাপে বিশ্ব বাজারে ধস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ এম


অ্যানথ্রপিকের শেয়ারে পতন, প্রযুক্তি খাতে বিক্রির চাপে বিশ্ব বাজারে ধস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির চাপের কারণে বিশ্ব শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছে। শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার প্রথম দিন বড় উত্থানের পর শুক্রবার (২০ নভেম্বর) এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একপর্যায়ে শেয়ারের দাম আইপিওতে নির্ধারিত দামের কাছাকাছি চলে আসে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ার সূচকই বড় পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৩ দশমিক ৭ শতাংশ, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১ দশমিক ৯ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক ৫ দশমিক ৩ শতাংশ কমেছে। এই পতনের ফলে এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোন্স সূচক সংশোধন পর্যায়ে প্রবেশ করেছে। কোনো সূচক যদি সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে ১০ শতাংশ বা তার বেশি কমে যায়, তাহলে তাকে বাজারের সংশোধন হিসেবে গণ্য করা হয়। তবে এক বছর আগের তুলনায় তিনটি সূচকই এখনো ঊর্ধ্বমুখী রয়েছে।

গত এক বছরে হাতে গোনা কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এআই খাতে এক ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। বিনিয়োগের এই দ্রুত বিস্তার থেকে প্রত্যাশিত মুনাফা আসবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে। এ কারণে আর্থিক বাজারে বুদ্‌বুদ তৈরির আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগের পরিমাণ ও গতির পাশাপাশি এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আয় নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরেও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁদের আশঙ্কা, এর ফলে এআই প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণের গতি কমে যেতে পারে।

বৃহস্পতিবার নাসডাকে লেনদেন শুরু করে অ্যানথ্রপিক। প্রথম দিন প্রতিষ্ঠানটির শেয়ারের লেনদেন শুরু হয় ১১১ ডলার ৫০ সেন্টে। পরে দাম কমে দিন শেষে ৯৭ ডলার ১৭ সেন্টে দাঁড়ায়, যা আইপিওতে নির্ধারিত ৮৩ ডলারের তুলনায় ১৭ শতাংশ বেশি ছিল। তবে শুক্রবার শেয়ারটির দাম একপর্যায়ে ১২ শতাংশের বেশি কমে প্রায় ৮৫ ডলারে নেমে আসে। দিন শেষে দরপতনের পরিমাণ দাঁড়ায় ৮ দশমিক ৫ শতাংশ। ফলে প্রথম দিনের উত্থানের প্রায় অর্ধেক হারায় প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, অ্যানথ্রপিকের মতো প্রথম সারির এআই প্রতিষ্ঠানের শেয়ারে লেনদেন শুরুর প্রথম কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত দামের ওঠানামা স্বাভাবিক। কারণ, শেয়ারবাজারে আসা এ ধরনের প্রতিষ্ঠানের সরাসরি তুলনীয় কোনো প্রতিষ্ঠান নেই। কেউ কেউ ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে এর মিল খুঁজে পাচ্ছেন। জুনে শেয়ারবাজারে আসার সময় স্পেসএক্স ছিল ইতিহাসের সবচেয়ে বড় আইপিও। লেনদেন শুরুর প্রথম কয়েক সপ্তাহ প্রতিষ্ঠানটির শেয়ারের দামেও বড় ধরনের ওঠানামা দেখা গিয়েছিল।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আলফাসেন্সের কৌশলবিদ এড মোয়া বলেন, অ্যানথ্রপিকের বড় আইপিও বৃহত্তর এআই বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারেনি বলেই মনে হচ্ছে। তিনি বিবিসিকে বলেন, এআইয়ের চাহিদা এখনো শক্তিশালী। তবে বিনিয়োগকারীরা হিসাব করছেন, এই প্রবৃদ্ধির জন্য তাঁরা কতটা অর্থ ব্যয় করতে প্রস্তুত।

মোয়ার মতে, গত কয়েক সপ্তাহে বাজারে নতুন নতুন ঝুঁকি সামনে এসেছে। ওয়াল স্ট্রিট এখন যেকোনো মূল্যে প্রবৃদ্ধিকে পুরস্কৃত করার প্রবণতা থেকে সরে এসে শক্তিশালী নগদ অর্থপ্রবাহ এবং মুনাফা অর্জনের সুস্পষ্ট পথ দেখতে চাইছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও বড় দরপতন হয়েছে। দিন শেষে এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির হিসাবরক্ষণ পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তদন্ত করছে। তবে বিবিসি এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দামও ৭ দশমিক ৬ শতাংশের বেশি কমেছে। এনভিডিয়ার চিপ কেনার ক্ষেত্রে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ক্রয়াদেশের অর্থ জোগাতে বন্ড বিক্রির ঘোষণা দেওয়ার পর স্পেসএক্সের শেয়ারে চাপ তৈরি হয়। এ ছাড়া মেটার শেয়ারের দাম ৫ শতাংশের বেশি এবং অ্যামাজনের ৪ শতাংশের বেশি কমেছে। অ্যাপল ও অ্যালফাবেটের শেয়ারেও দরপতন দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতেও নেতিবাচক প্রভাব পড়েছে। শুক্রবার জার্মানির ড্যাক্স সূচক ২ দশমিক ৬ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ সূচক ১ দশমিক ৯ শতাংশ এবং যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ১ শতাংশ কমেছে।

এর আগে শুক্রবার এশিয়ার প্রযুক্তিনির্ভর শেয়ারবাজারগুলোতেও বড় পতন ঘটে। দক্ষিণ কোরিয়ার কসপি ও জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ৫ শতাংশ করে কমেছে। মেমোরি চিপ নির্মাতা এসকে হাইনিক্স, কিওক্সিয়া ও টোকিও ইলেকট্রনের পাশাপাশি স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারেও দরপতন হয়েছে।

তাইওয়ানের শেয়ারবাজার শুক্রবার প্রায় ৬ শতাংশ কমেছে। এতে সপ্তাহজুড়ে বাজারটির পতনের পরিমাণ ১৭ শতাংশ ছাড়িয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালের পর এটিই দেশটির শেয়ারবাজারে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%