১১:২২ এম
শুক্রবার দক্ষিণ মেক্সিকোতে প্রায় ৩০০ অভিবাসীর একটি নতুন বহর প্রবেশ করেছে, যা মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে গঠিত। তারা বৃহত্তর একটি অভিবাসী বহরের সঙ্গে যোগ দিতে মেক্সিকোতে প্রবেশ করে, যা উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এক সপ্তাহ আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যদি অভিবাসীদের চলাচল বন্ধ না করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের একটি সূত্র জানায়, শুক্রবার ভোরে এই অভিবাসীরা মেক্সিকোতে প্রবেশ করে। পরে, তারা গত সপ্তাহে গড়ে ওঠা প্রায় এক হাজার ৫০০ জনের একটি বৃহত্তর বহরে যোগ দেয়। এই বহরটি ইতোমধ্যে অন্তত দুটি দলে বিভক্ত হয়ে চিয়াপাস রাজ্যের দক্ষিণাঞ্চলীয় আরিয়াগা ও টোনালা এলাকার বিভিন্ন জনপদ দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
অভিবাসীরা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষ তাদের পিজিয়াপান শহর ছেড়ে যেতে বাধ্য করেছে, যেখানে তারা দুই দিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেছিলেন। ২৬ বছর বয়সী হন্ডুরাসের নাগরিক এমারসন, যিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে যাত্রা করছেন, বলেন, “শিশুরা ক্লান্ত—এ বিষয়টিও তারা বিবেচনায় নেয়নি। সবাইকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে আমাদের আবার হাঁটতে হয়েছে।”
আরও পড়ুন: গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
নতুন এই বহরের সঙ্গে থাকা হন্ডুরাসের নাগরিক হারসন ডেভিড এসকালান্তে বলেন, “ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমরা মেক্সিকোতে থেকে কাজ করার কথা ভাবছি।” তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রতি ট্রাম্পের চাপের প্রভাবিত না হওয়ার আহ্বান জানান এবং অভিবাসীদের মেক্সিকোতে অবস্থানের সুযোগ দেওয়ার দাবি করেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছর চিয়াপাসে প্রবেশ করা অভিবাসীদের এটি সপ্তম বহর। গুয়াতেমালার সীমান্তবর্তী এই রাজ্যটি উত্তর আমেরিকার দিকে যাত্রা করা অভিবাসীদের জন্য মেক্সিকোতে প্রবেশের অন্যতম প্রধান পথ।
গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অভিবাসীদের বহরের অগ্রযাত্রা বন্ধে মেক্সিকো কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সীমান্তবিষয়ক প্রধান টম হোম্যান মেক্সিকো সরকারকে যুক্তরাষ্ট্রের সীমান্ত এবং গুয়াতেমালার সঙ্গে দেশটির দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন।
নতুন অভিবাসী বহরের বিষয়ে মন্তব্য জানতে মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৪১ বেসামরিক নিহত
মেক্সিকো সরকার জানিয়েছে, দেশটিতে বৈধ অভিবাসন-সংক্রান্ত মর্যাদা রয়েছে, এমন ব্যক্তিরা সেখানে অবস্থান করতে পারবেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবস্থানকারীদের অভিবাসন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে তাদের আবেদন ও পরিস্থিতি যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যায়।
সূত্র: রয়টার্স
আরএ
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটানোর দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন