১১:২৫ এম
ডেনমার্ক সরকার ইউক্রেনীয় র্যাপারকে হত্যার ষড়যন্ত্রে রুশ গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগে রাশিয়ার ‘প্রতিরক্ষা অ্যাটাশেকে’ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। কোপেনহেগেন থেকে তাকে আগামী সাত দিনের মধ্যে দেশটি ত্যাগ করতে হবে।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানিয়েছেন, শুক্রবার রুশ রাষ্ট্রদূতকে তলব করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ ছাড়া, রুশ নাগরিকদের জন্য শেনজেন ভিসা স্থগিত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
ডেনমার্কের গোয়েন্দা সংস্থা পিইটি জানিয়েছে, কোপেনহেগেনের নিকটবর্তী একটি কনসার্টে ইউক্রেনীয় র্যাপার কিয়েভস্টোনারকে হত্যার পরিকল্পনা করেছিল রুশ গোয়েন্দারা। সন্দেহ করা হচ্ছে, এই কাজে দেশটির নিষিদ্ধ অপরাধী চক্র ‘লয়াল টু ফ্যামিলিয়া’র সহায়তা নেওয়ার পরিকল্পনা ছিল।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটানোর দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত
গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর কনসার্টস্থলের কাছে একটি গাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। আটক গাড়িটিতে আগ্নেয়াস্ত্র ও ছুরি পাওয়া যায়। এ ঘটনায় দুই ডেনিশ নাগরিকের বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে তদন্ত চলছে। তাদের একজন কনসার্টের টিকিটও কিনেছিলেন। ঘটনার পর কনসার্টটি বাতিল করা হয়েছে।
পিইটির প্রধান রাসমুস কিফার-ক্রিস্টেনসেন মন্তব্য করেছেন, ডেনমার্কে রুশ গোয়েন্দা সংস্থার এমন হত্যাচেষ্টার ঘটনা নজিরবিহীন। এটি রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসী ও ঝুঁকিপূর্ণ আচরণের ইঙ্গিত দেয়।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, রাশিয়া ক্রমেই কোণঠাসা হয়ে আরো আগ্রাসী হয়ে উঠছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখাই হবে সবচেয়ে শক্তিশালী জবাব।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ডেনমার্কের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বৃষ্টির পানির স্রোতে দুইজনের প্রাণহানি
অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো এ ঘটনার যথাযথ জবাব দেবে। কোপেনহেগেনে রুশ দূতাবাস অভিযোগ অস্বীকার করে বহিষ্কারের সিদ্ধান্তকে প্রতিহিংসামূলক বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, রাশিয়ার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেয়নি ডেনমার্ক।
এর আগে, ডেনমার্ক রাশিয়ার বিরুদ্ধে দেশটিতে নাশকতা ও ইউক্রেন-সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলার পরিকল্পনার অভিযোগ তুলেছিল। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।
সূত্র: আলজাজিরা
আরএ
আরও পড়ুন: ভারতে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, ১৮০ জন হাসপাতালে ভর্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন