ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

এক-দুই বিষয়ে ফেল করলেও ডিসেম্বরেই আবার পরীক্ষার সুযোগ


এক-দুই বিষয়ে ফেল করলেও ডিসেম্বরেই আবার পরীক্ষার সুযোগ

 

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই এসব শিক্ষার্থী আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না তাঁদের।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আক্তারুজ্জামান সমকালকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: আইজিপি আলী হোসেন ফকির ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন

তিনি জানান, এ বিষয়ে বিধিমালা তৈরির কাজ চলছে। পুনঃপরীক্ষা নেওয়ার প্রস্তাব আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে ডিসেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে এক বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

বিশেষ পরীক্ষার সুযোগ চালু হলে এসব শিক্ষার্থী শুধু তাঁদের অকৃতকার্য বিষয়গুলোতেই আবার পরীক্ষা দিতে পারবেন। ফলে একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে পুরো এক বছর অপেক্ষা করতে হবে না তাঁদের।

শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন: মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে এলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনায় প্রথমবারের মতো এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। এতে শিক্ষার্থীদের প্রায় এক বছর অপেক্ষা করতে হয়।

নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের এই দীর্ঘ অপেক্ষা কমবে। পাশাপাশি শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার ঝুঁকি ও মানসিক চাপও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ২ জুলাই দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৫ আগস্ট। এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

আরও পড়ুন: বেকারত্ব বাড়লে অপরাধ ও সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে যাবে: সাইফুল হক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে সদরে সাপ্তাহিক হাটে ফুটপাত ও সড়ক দখল: চরম দুর্ভোগে হাজারো ক্রেতা-পথচারী

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


কাউখালীতে সদরে সাপ্তাহিক হাটে ফুটপাত ও সড়ক দখল: চরম দুর্ভোগে হাজারো ক্রেতা-পথচারী

 

পিরোজপুরের কাউখালীতে উপজেলা সদরে দক্ষিণ বাজারে সাপ্তাহিক হাটের দিনগুলোতে ফুটপাত ও মূল সড়ক দখল করে ব্যবসা পরিচালনার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে প্রতি শুক্র ও সোমবার হাটের দিনগুলোতে চরম ভোগান্তিতে পড়ছেন কেনাকাটা করতে আসা হাজারো মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার কাউখালী বাজারে সাপ্তাহিক হাট বসে। এই হাটে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী পিরোজপুর সদর, নাজিরপুর, রাজাপুর, স্বরূপকাঠি ও ভাণ্ডারিয়া উপজেলা থেকে শত শত মানুষ কেনাকাটা করতে আসেন। ফলে হাটের দিন বাজারে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে।
সরেজমিনে দেখা যায়, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য ড্রেনের ওপর নির্মিত ফুটপাত দখল করে বসানো হয়েছে নানা দোকান। চিরাপাড়া ব্রিজের ঢাল থেকে দক্ষিণ বাজার হয়ে উত্তর বাজার পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাতের বড় একটি অংশ এখন ব্যবসায়ীদের দখলে। কেউ ফুটপাতে স্থায়ী-অস্থায়ী দোকান বসিয়েছেন, আবার কেউ পসরা সাজিয়ে বসেছেন। এর ফলে বাধ্য হয়ে পথচারীদের মূল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এমনিতেই কাউখালী বাজারের সড়কগুলো তুলনামূলক বেশ সরু। অনেক স্থানে দুটি রিকশা পাশাপাশি অতিক্রম করাও কঠিন। এর ওপর ফুটপাত দখল, মূল সড়কে চাকাযুক্ত ভ্যানগাড়িতে পণ্য বিক্রি এবং ইজিবাইক ও অটোরিকশার অতিরিক্ত চলাচলের কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করছে। এতে পথচারী ও যানবাহন চালকদের প্রতিনিয়ত নাকাল হতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের বিভিন্ন সভায় আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ফুটপাত সব সময় হকার ও অবৈধ দখলমুক্ত রাখার কথা ছিল। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সতর্কবার্তা দেওয়ার পর কিছুদিন ফুটপাত দখলমুক্ত থাকলেও সম্প্রতি দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত আবারও অধিকাংশ ফুটপাত ও সড়কের অংশ দখল হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন অভিযান পরিচালনা করলে ফুটপাত কিছু সময়ের জন্য দখলমুক্ত থাকে, তবে অভিযান শেষ হলেই তা আগের অবস্থায় ফিরে যায়।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, বাজারের পরিবেশ স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, সাধারণ মানুষের চলাচলের পথ ফুটপাত। এটি দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। বাজারের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন অবৈধ দখল, ফুটপাতের ওপর দোকানপাট ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘শাহজাদপুর প্রেসক্লাব’-এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন জিএস আল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল সরকার ।

শনিবার (৩১ অক্টোবর) শাহজাদপুর ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত প্রেসক্লাবের সদস্যরা নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানান। একই সঙ্গে সংগঠনের ঐতিহ্য, সুনাম ও নিরপেক্ষতা অক্ষুণ্ন রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবনির্বাচিত সভাপতি জি এস আল আমিন হোসেন বলেন, “আমি জনগণের স্বার্থে এবং দেশের কল্যাণে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করে সাংবাদিকতা করি। ভবিষ্যতেও সেই আদর্শ ও নীতি ধারণ করে কাজ করে যেতে চাই।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল সরকার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘ ২৫ বছরের সাংবাদিকতা জীবনে আমি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মূলধারার সাংবাদিকদের সঙ্গে ছিলাম। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ। আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

নবগঠিত এই কমিটির মাধ্যমে শাহজাদপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাশ বিডি নিউজের পর বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার, বড় চালানসহ প্রতিদিন আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃসানি নিজস্ব সংবাদদাতা

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


তালাশ বিডি নিউজের পর বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার, বড় চালানসহ প্রতিদিন আটক

তালাশ বিডি নিউজ প্রকাশের পর বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযান আরও তীব্র হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশ প্রতিদিনই অভিযান পরিচালনা করছে।
থানা সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে একের পর এক বড় মাদক চালান আটক করা হয়েছে। প্রতিদিন ২ থেকে ৪ জন মাদক ব্যবসায়ী, ডিলার ও খুচরা বিক্রেতাকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, তালাশ বিডি নিউজ প্রকাশের পর থেকেই বাকেরগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায়। পাশাপাশি উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানও প্রতিদিন চলমান রয়েছে এবং আটককৃতদের সাজা প্রদান করা হচ্ছে।
এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এই সাফল্যের কৃতিত্ব ওসি আদিল হোসেনকেই দিচ্ছেন বাকেরগঞ্জের সাধারণ মানুষ।
এলাকাবাসীর দাবি, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাকেরগঞ্জ দ্রুত মাদকমুক্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাসপ্রথার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার ইঙ্গিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


দাসপ্রথার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার ইঙ্গিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ব্রিটেনের ইতিহাসে দাস বাণিজ্যের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তাঁর এই অবস্থান ব্রিটিশ সরকারের দীর্ঘকালীন নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে তিনি আফ্রিকান দাসদের বংশধরদের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবিতে সমর্থন জানাননি।

শুক্রবার (৩০ অক্টোবর) দ্য গার্ডিয়ানে প্রকাশিত মতামতধর্মী নিবন্ধে বার্নহাম উল্লেখ করেন, অতীতের অন্যায়ের জন্য বর্তমান ব্রিটিশ জনগণকে দায়ী করা উচিত নয়। তিনি বলেন, “অতীতের অন্যায় যত ভয়াবহই হোক না কেন, ভিন্ন যুগে ও ভিন্ন আইনের অধীনে সংঘটিত এমন ঘটনার জন্য ব্রিটিশ জনগণকে দায়ী করা উচিত নয়, যাতে তাঁদের ব্যক্তিগত কোনো ভূমিকা ছিল না।”

বার্নহাম পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করেন, যারা দাস বাণিজ্যে ব্রিটেনের ভূমিকার ঐতিহাসিক প্রভাব নিয়ে খোলামেলা আলোচনা করেননি। তিনি বলেন, তাঁর পূর্বসূরিরা এই বিষয়টি এড়িয়ে গেছেন। এই প্রেক্ষাপটে, সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে বিশ্বের দরিদ্রতম সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোর ঋণ পুনর্গঠনে একটি বৈশ্বিক উদ্যোগের নেতৃত্ব দিতে অনুরোধ করেছেন তিনি।

বার্নহাম লেখেন, “ব্রিটিশ রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবিগুলো শোনা এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। আমি এ বিষয়ে আগ্রহী।”

প্রধানমন্ত্রীর এই অবস্থান আগামী সপ্তাহে অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ নেতাদের বৈঠকে রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার সম্ভাবনা উন্মোচন করেছে। তবে কবে রাজা বা প্রধানমন্ত্রী এ ধরনের পদক্ষেপ নেবেন, তা এখনও নিশ্চিত নয়।

ব্রিটেনের সমালোচকদের একটি অংশ শুধুমাত্র ক্ষমা চাওয়ায় সন্তুষ্ট নন। তাঁদের দাবি, দাস বাণিজ্যের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের বংশধরদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ১৭০০ ও ১৮০০ শতকে ব্রিটিশ জাহাজে করে প্রায় ৩০ লাখ আফ্রিকানকে আটলান্টিক পেরিয়ে উপনিবেশগুলোর কৃষি খামারে দাস হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের বিদ্রোহের চেষ্টা নির্মমভাবে দমন করা হতো।

গত সপ্তাহে ক্যারিবীয় রাষ্ট্রগুলোর সংগঠন ক্যারিকমের ক্ষতিপূরণ কমিশনের চেয়ারম্যান হিলারি বেকলস রাজপরিবারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, দাসপ্রথা থেকে রাজপরিবার যে বিপুল সম্পদ অর্জন করেছে, তার প্রভাব এখনো উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদে রয়েছে। তাই রাজা চার্লসের উচিত তাঁর পূর্বপুরুষদের শাসনামলের অন্যায়ের বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া।

তবে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, দাস বাণিজ্যে ব্রিটেনের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া বা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের, রাজপরিবারের নয়। শুক্রবারের আগে পর্যন্ত ব্রিটিশ সরকার আনুষ্ঠানিক ক্ষমা ও আর্থিক ক্ষতিপূরণ—দুই দাবিই প্রত্যাখ্যান করে আসছিল।

এর আগে রাজা চার্লস দাসপ্রথাকে “ভয়াবহ নৃশংসতা” হিসেবে বর্ণনা করে বলেছিলেন, এটি “আমাদের ইতিহাসে চিরস্থায়ী কলঙ্ক।” তবে ব্রিটিশ সাম্রাজ্যের দাস বাণিজ্যে ভূমিকার জন্য তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি।

বর্তমানে সাত দিনের ক্যারিবীয় সফরে রয়েছেন রাজা চার্লস। আগামী মঙ্গলবার অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ নেতাদের বৈঠকে যোগ দেবেন তিনি। গত সপ্তাহে তিনি বলেন, অতীতে এসব দ্বীপে এবং এর বাইরেও মানুষের যে দুর্ভোগ হয়েছে, তা স্বীকার করা উচিত। একই সঙ্গে বর্তমানের সাফল্য উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন সুযোগ তৈরির কথাও বলেন তিনি।

শুক্রবার রাতে রাজা অ্যান্টিগুয়া ও বারবুডায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর নিবন্ধ নিয়ে প্রশ্ন করা হলে বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র কোনো মন্তব্য করেননি। বার্নহামও মঙ্গলবারের ওই বৈঠকে অংশ নেবেন। তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%