০৬:৩০ পি.এম
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দায়িত্ব পালনরত পুলিশের সঙ্গে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান দুর্ব্যবহার করেছেন, এমন তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেন, জিয়াউল আহসান সকালে কারাগারে অসুস্থতার ভান ধরেছিলেন, অথচ তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তার এই নাটকীয় আচরণের কারণে আদালতের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর আরও জানান, পূর্বের তারিখেও জিয়াউল আহসান আদালতে আসতে চাচ্ছিলেন না। তাকে অনেক কষ্টে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়েছিল। ওই দিন তিনি হাতকড়া পরতে অস্বীকৃতি জানান এবং সানগ্লাস, ইস্ত্রি করা পোশাক ও দামি জুতা পরে আদালতে হাজির হন। তার অসহযোগিতার কারণে সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত দুপুর ২টায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছিল।
মো. আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান আদালতে আসতে আলাদা প্রিজনভ্যানে না এনে অন্য আসামিদের সঙ্গে একই ভ্যানে আনার দাবি করেছিলেন। ওই দিন তার সহোদর বোন নাজনীন আক্তারও দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের হুমকি দিয়েছিলেন। এছাড়া, তার সঙ্গে থাকা একজন সহকারী অবৈধভাবে এসব ঘটনার ভিডিও ধারণ ও আপলোড করেছেন।
আরও পড়ুন: অর্থমন্ত্রী: ব্যাংকের এমডি নিয়োগ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার ভিত্তিতে
আমিনুল ইসলাম উল্লেখ করেন, জিয়াউল আহসান ও তার বোনের এই ধরনের আচরণ আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি করার প্রচেষ্টা। যদি তাদের এই আচরণ অব্যাহত থাকে, তাহলে নাজনীন আক্তারের বিরুদ্ধে লিখিত আবেদন করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না।
চিফ প্রসিকিউটর আরও জানান, আজ সকালে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানিয়েছেন জিয়াউল আহসান। তিনি কখনো অসুস্থতার কথা, আবার কখনো নানা অজুহাত দেখিয়ে দায়িত্ব পালনরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছেন, এ বিষয়ে রেজিস্ট্রি অফিসকে জানিয়েছিল জেল কর্তৃপক্ষ। পরে তাকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সব আসামিকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করেছে জেল কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে কোন আসামিকে কীভাবে আনা হবে, সেটি তাদের একচ্ছত্র এখতিয়ার। এছাড়া, জিয়াউল আহসানকে একই প্রিজনভ্যানে আনা হলে অপর আসামিদের ক্ষতি বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে, এ বিষয়টি বিবেচনায় নিয়েছে তারা। এ কারণেই তাকে হাতকড়া পরিয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা মনে করি একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং এর মূল মাস্টারমাইন্ড জিয়াউল আহসান। আজও তার নাটকীয়তার কারণে আদালতের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে। এই পরিস্থিতিতে যদি কোনো আসামি অসুস্থতা, নিরাপত্তা ঝুঁকি কিংবা অসহযোগিতার কারণে আদালতে হাজির হতে না পারে, তাহলে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালানোর জন্য আমরা ট্রাইব্যুনালের কাছে আদেশ চেয়েছি।
আমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব আইনে অডিও-ভিডিও বা ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। যদি কোনো আসামি অসুস্থ থাকে, আদালতে আসতে অস্বীকার করে, অসহযোগিতামূলক আচরণ করে কিংবা নিরাপত্তার কারণে আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম চালানো যেতে পারে। শুধু জিয়াউল আহসান নয়, যেকোনো আসামি আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি করলে বা কোনো অজুহাতে হাজির হতে না চাইলে, তিনি যেখানে থাকবেন, সেখান থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালানোর আবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ আদেশ দেবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন: মওলানা ভাসানী ছিলেন বঞ্চিতদের অধিকার আদায়ের উচ্চকিত কণ্ঠ
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। তাদের পক্ষে আজ শুনানির দিন ধার্য ছিল। গ্রেপ্তার ১১ আসামির পক্ষে সময় চাওয়ায় আগামী ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনাসহ পলাতক সাত আসামির অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন