০৪:০৫ পি.এম
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিভিন্ন ইউনিটের অভিযানে গত সেপ্টেম্বর মাসে ৮ কোটি ৫৩ লাখ টাকার বেশি মূল্যের সোনা, ৮৬২টি হারানো মোবাইল ফোন এবং নিখোঁজ ছয় শিশুকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও, মাদক, অস্ত্র, চোরাই মালামাল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এপিবিএন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) নুরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সেপ্টেম্বরে এপিবিএনের বিভিন্ন ইউনিটের অভিযানে ৪ দশমিক ৩৪৪ কেজি সোনার বার ও অলংকার উদ্ধার হয়েছে। এসব সোনার আনুমানিক মূল্য ৮ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ১৭৫ টাকা। এ ঘটনায় ২২টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এপিবিএনের তথ্যপ্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে ৮৬২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি হ্যাক হওয়া তিনটি ফেসবুক আইডি, দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তিনটি ই-মেইল অ্যাকাউন্ট ও একটি টেলিগ্রাম অ্যাকাউন্টও উদ্ধার করা হয়েছে। বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ লাখ ২২ হাজার ২৮০ টাকাও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি
নিখোঁজ শিশু ও ভুক্তভোগী উদ্ধার
নুরুল ইসলাম আরও জানান, সেপ্টেম্বর মাসে এপিবিএনের অভিযানে নিখোঁজ ছয় শিশুসহ ২২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার অস্ত্র, বিপুল মাদক
অস্ত্রবিরোধী অভিযানে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক
মাদকবিরোধী অভিযানে ৩৩ হাজার ৪৬৮টি ইয়াবা বড়ি, ৬ কেজি ৫৮ গ্রাম গাঁজা, ১৭ দশমিক ২৫ লিটার মদ, ৬৭৩ কার্টন সিগারেট ও মাদক বিক্রির ৫ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা দায়ের করা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার চোরাই ও অবৈধ মালামাল
এপিবিএনের অভিযানে নিষিদ্ধ সামুদ্রিক কাঁকড়া ৪৪০ কেজি, তামার তার সাড়ে ৮ কেজি, প্রসাধনসামগ্রী ১ হাজার ৬২ কেজি, ৭৫০ ফুট কারেন্ট জাল, তিনটি মোটরসাইকেল, ২৭৭টি শাড়ি ও থ্রি-পিস, ৩০৯ কেজি খাদ্যদ্রব্য, ২৬২ কেজি কাপড় এবং ২ কেজি ওষুধ উদ্ধার করা হয়েছে।
এছাড়া ১০ কেজি নকল গয়না, তিনটি এলইডি মনিটরসহ জিপিএস ট্র্যাকার, ফ্যান ও সোলার প্যানেলের ব্যাটারি এবং চোরাই মালামাল বিক্রির ৫ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে আরও ৩২ হাজার ৫৬০ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ, থানার ক্যাশিয়ার নিয়ে উঠেছে প্রশ্ন
জরিমানা ও গ্রেপ্তার
অতিরিক্ত ডিআইজি জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় ৪১৮টি মামলার বিপরীতে ১২ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই, কাস্টমস ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে ৪২ লাখ ৬৭ হাজার ৩৯৯ টাকা জরিমানা আদায় ও সাজা দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত কার্যক্রমে ৫২টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভিন্ন অভিযানে ৩৪ জন পরোয়ানাভুক্ত আসামি, ১৪ জন এজাহারনামীয় আসামি ও চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি, মারামারি, সড়ক দুর্ঘটনা, অপহরণ, ধর্ষণ, বিশেষ ক্ষমতা আইন ও দস্যুতার বিভিন্ন ঘটনায় মামলা ও গ্রেপ্তারের তথ্যও এপিবিএন জানিয়েছে।
পলায়নকালে এফডিএমএন সদস্যদের আটকের ঘটনাতেও অভিযান চালানো হয়েছে। এ সময় ১৫ হাজার টাকা উদ্ধার, একটি মামলা এবং ২২ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। জুয়া খেলার সরঞ্জামের পাশাপাশি ১ হাজার ৮৬০ টাকাও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যময় পোস্ট
রোহিঙ্গা ক্যাম্পেও অভিযান
রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২২টি যানবাহন আটক করে শাহপরীর হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। ক্যাম্প এলাকা থেকে ৫৫ হাজার ৮৮০ টাকা, ৩০টি ইট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেপ্টেম্বর মাসে ৮, ১৪ ও ১৬ এপিবিএনের মাধ্যমে মোট ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
নুরুল ইসলাম বলেন, এপিবিএনের বিভিন্ন ইউনিট অভিযান, গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও নাগরিক সেবা সহজ করতে ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতিতে বিশ্বাসী: আমানউল্লাহ আমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন