০২:৩৪ পি.এম
কেপ ভার্ডের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন হোসে মারিয়া নেভেস। রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয় অর্জন করেছেন। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, নেভেস ৬৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রাজধানী প্রাইয়া থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নির্বাচনে নেভেসের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী জোয়ানা রোসা আমাদো। তবে নির্বাচনের আগে থেকেই নেভেসের অবস্থান শক্তিশালী ছিল। এবারের নির্বাচনে প্রায় ৪ লাখ ২০ হাজার ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
নির্বাচন পর্যবেক্ষণে পশ্চিম আফ্রিকান রাষ্ট্রগুলোর অর্থনৈতিক জোট (ইকোওয়াস), আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১৫০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। আটলান্টিক মহাসাগরে সেনেগালের উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত কেপ ভার্ডে ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত দেশটি ক্রমেই একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠছে।
আরও পড়ুন: ইরানের প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান
চলতি বছর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়ায় দেশটির জাতীয় ফুটবল দল বিশ্বজুড়ে আলোচনায় আসে। এ ছাড়া হান্টাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বহনকারী একটি প্রমোদতরি দেশটির উপকূলে নোঙর করার ঘটনাও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়।
স্থিতিশীলতা ও সুশাসনের জন্য পরিচিত
পশ্চিম আফ্রিকার কয়েকটি প্রতিবেশী দেশে সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা দেখা গেলেও কেপ ভার্ডে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের জন্য পরিচিত। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটিকে আফ্রিকার গণতন্ত্রের একটি আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।
স্থানীয় ক্রেওল ভাষায় ‘মোরাবেজা’ শব্দের অর্থ আতিথেয়তা। এ বৈশিষ্ট্যের জন্যও পরিচিত দেশটি। কেপ ভার্ডের সমাজে রয়েছে উন্মুক্ত মনোভাব ও বর্ণাঢ্য কার্নিভালের ঐতিহ্য। দেশটির নিজস্ব সংগীতধারাও রয়েছে।
আরও পড়ুন: সৌদিতে নাবালক অবস্থায় গ্রেপ্তার শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর
মো. ইব্রাহিম ফাউন্ডেশনের ২০২৬ সালের বৈশ্বিক সুশাসন সূচকে আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে কেপ ভার্ড তৃতীয় অবস্থানে রয়েছে।
রাজনৈতিক কাঠামোর দিক থেকে দেশটিতে আধা-রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা চালু রয়েছে। তবে নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতে থাকে। প্রেসিডেন্ট সরাসরি সরকার পরিচালনা করেন না। বরং জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব পালন করেন তিনি।
পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়োগ দেন। পাশাপাশি বিদেশে দেশের প্রতিনিধিত্বও করেন তিনি।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন নেভেস। ২০২১ সালে প্রথমবার কেপ ভার্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন হোসে মারিয়া নেভেস। এর আগে ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি কেপ ভার্ডের স্বাধীনতার জন্য আফ্রিকান পার্টির (পিএআইসিভি) সভাপতিও ছিলেন।
আরও পড়ুন: তুরস্কে ইরানি জেনারেল হত্যায় মোসাদের ভূমিকা, রহস্য ঘিরে তদন্ত চলছে
এ ছাড়া রাজনৈতিক জীবনে মেয়র ও আইনপ্রণেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন নেভেস। এবার নির্বাচনে জয়ী হয়ে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন