০২:৩৮ পি.এম
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে আরও এগিয়ে এসেছে দেশটির হুতি বিদ্রোহীরা। বার্তা সংস্থা এএফপি’র তথ্য অনুযায়ী, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এডেন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে শহরটি রক্ষার জন্য সরকারি বাহিনী তাদের প্রস্তুতি জোরদার করেছে।
সরকারি বাহিনীর চারটি সামরিক সূত্র এবং সরকারের দুইজন প্রতিনিধি জানিয়েছেন, হুতিরা লাহজ প্রদেশের দুটি জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং এডেনের দিকে অগ্রসর হচ্ছে।
সূত্রগুলো জানায়, শহরটি থেকে ৬০ কিলোমিটার (প্রায় ৪০ মাইল) দূরে আল-মাদারিবাহ এলাকার আল-খারাজ ক্যাম্পে অবস্থান নিয়েছে হুতিরা।
আরও পড়ুন: কঙ্গোতে ছয় মাস পরও ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে সৌদি-সমর্থিত সরকারের বিরুদ্ধে তারা ভূখণ্ড দখলের লড়াই চালিয়ে আসছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিরা যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আকস্মিক কিছু অভিযানের মাধ্যমে তারা লোহিত সাগরের উপকূলীয় এলাকা দখল করেছে এবং সৌদি আরবে নিয়মিত হামলা চালাচ্ছে।
রোববার ইয়েমেন সরকার জানিয়েছে, তারা লোহিত সাগরের নিকটবর্তী এলাকা থেকে নিজেদের বাহিনীকে সরিয়ে নিচ্ছে। একইসাথে, পরিস্থিতির প্রয়োজনে, বিশেষ করে এডেন ও এর পার্শ্ববর্তী প্রদেশগুলোতে সেনা সংখ্যা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে।
হুতিদের সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে, সরকারি বাহিনীর ছেড়ে যাওয়া লোহিত সাগর তীরবর্তী এলাকাগুলো তারা নিয়ন্ত্রণে নিয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীর দুটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, ধুবাব থেকে খোর আমিরার কাছাকাছি এলাকা পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত অঞ্চলগুলোতে অবস্থান নিয়েছে হুতিরা।
আরও পড়ুন: ইরানের প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন