০২:৪৪ পি.এম
শৈশবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদি আরব কর্তৃপক্ষ জাওয়াদ কুরেইরিস নামের এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তার সঙ্গে আরও একজন সৌদি নাগরিক, ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি, একইভাবে মৃত্যুদণ্ডের শিকার হয়েছেন।
এ তথ্যটি সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সৌদি প্রেস এজেন্সি' (এসপিএ)-র সূত্রে সংবাদমাধ্যম 'মিডল ইস্ট আই' প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সুপ্রিম কোর্টের অনুমোদন এবং রাজকীয় ফরমান জারির মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
জাওয়াদ কুরেইরিস সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশের অধিবাসী। ২০১১-১২ সালে আরব বসন্তের সময় সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণের সময় তার বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। পরে ২০২০ সালের ডিসেম্বরে তাকে গ্রেফতার করা হয় এবং বিক্ষোভে অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযুক্ত করা হয়।
আরও পড়ুন: ইরানের প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান
জাওয়াদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাকে ভয়াবহ নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল এবং সেই ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। জাওয়াদ এমন এক পরিচিত শিয়া পরিবারের সদস্য, যাদের বিরুদ্ধে পূর্বে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন মামলা ছিল। তার এক ভাই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন এবং মাত্র ৯ বছর বয়সে কথিত অপরাধের অভিযোগে ১৩ বছর বয়সে তার আরেক ভাইকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হয়েছিল।
অন্যদিকে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে যে, কুরেইরিস ও আল-সাফওয়ানি 'সন্ত্রাসী কর্মকাণ্ডে' দোষী সাব্যস্ত হয়েছেন। মন্ত্রণালয়ের অভিযোগ অনুযায়ী, তারা একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান করেছিলেন এবং অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও গাড়িতে গুলি চালিয়েছিলেন। তাদের বিরুদ্ধে তাজা গোলাবারুদ রাখা এবং দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ডে আর্থিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে সংখ্যালঘু শিয়া জনগণের ওপর চলমান দমন-পীড়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: সৌদিতে নাবালক অবস্থায় গ্রেপ্তার শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন