ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ত্যাগ, সাংগঠনিক অভিজ্ঞতা ও মানবিক কর্মকাণ্ডে আলোচনায় মুহাম্মদ আফাজ উদ্দিন


মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ত্যাগ, সাংগঠনিক অভিজ্ঞতা ও মানবিক কর্মকাণ্ডে আলোচনায় মুহাম্মদ আফাজ উদ্দিন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আগামী কমিটি গঠনকে ঘিরে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের পরীক্ষিত, সক্রিয় ও সাংগঠনিকভাবে অভিজ্ঞ নেতাদের মূল্যায়ন নিয়ে আলোচনা চলছে। এ আলোচনায় উঠে আসছে মুহাম্মদ আফাজ উদ্দিনের নাম। দীর্ঘ রাজনৈতিক পথচলা, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের কারণে তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় পর্যায়েও আলোচিত হয়েছেন।

আফাজ উদ্দিনের সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য উত্তরার দিয়াবাড়ি লেক পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ উদ্যোগ ও অর্থায়নে লেকটির বিভিন্ন অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করেন। কখনো কোমরসমান, কখনো গলাসমান পানিতে নেমে এবং কখনো সাঁতরে আবর্জনা পরিষ্কারের এই উদ্যোগে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে কাজ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুধু দিয়াবাড়ি নয়, রাজধানীর বিভিন্ন এলাকার পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডেও তার অংশগ্রহণের কথা উঠে এসেছে। গুলশান-বনানী লেক পরিষ্কার এবং উত্তরার বিভিন্ন সেক্টরে ময়লা-আবর্জনা অপসারণের কাজেও তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন। এসব উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ত করার একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে স্থানীয়দের অনেকে মনে করেন।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

আফাজ উদ্দিনের সামাজিক কর্মকাণ্ডের পরিধিও বিস্তৃত। বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে পোশাক ও খাবার বিতরণ, হাসপাতালে হুইলচেয়ার প্রদান এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মতো কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে পিছিয়ে পড়া নারীদের মধ্যে ৬১টি সেলাই মেশিন বিতরণের উদ্যোগও তিনি গ্রহণ করেন। এছাড়া সমাজের প্রান্তিক ও অবহেলিত হিজড়া সম্প্রদায়ের মানুষের মধ্যেও বস্ত্র বিতরণ করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

দীর্ঘ রাজনৈতিক পথচলা

মুহাম্মদ আফাজ উদ্দিনের রাজনৈতিক জীবনে রয়েছে বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য-সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, উত্তরা মডেল থানা যুবদলের সভাপতি, বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের সভাপতি এবং হরিরামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

দলীয় রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকার পাশাপাশি আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের কারণে তার রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতাও এসেছে। তার নিজের ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন এবং মোট ছয় বছরের বেশি সাজার রেকর্ড রয়েছে বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দুই দফায় গ্রেপ্তার এবং তিন মাসের বেশি কারাবরণের কথাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ ডিসি অফিসে সোলার প্যানেলে উৎপাদন হবে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ

তার পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাজনৈতিক কারণে তার বাড়িঘরে হামলা ও ভাঙচুর, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং একাধিকবার তার ওপর গুরুতর হামলার ঘটনাও ঘটেছে। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে তার অনুসারীরা দাবি করেন।

তৃণমূলে মূল্যায়নের আলোচনা

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দায়িত্ব পালনের রেকর্ড, রাজপথের সক্রিয়তা এবং সাম্প্রতিক মানবিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের কারণে আফাজ উদ্দিনকে নিয়ে দলীয় তৃণমূলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

তার সমর্থকদের মতে, রাজনীতিতে ত্যাগ ও দীর্ঘদিনের সাংগঠনিক অবদানের পাশাপাশি সাধারণ মানুষের জন্য দৃশ্যমান কিছু কাজ করার মাধ্যমে তিনি একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন। বিশেষ করে দিয়াবাড়ি লেক পরিষ্কার-পরিচ্ছন্নতার দীর্ঘমেয়াদি উদ্যোগটি উত্তরার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে বলে তারা মনে করেন।

আরও পড়ুন: শীতের আগমনে গফরগাঁওয়ে প্রস্তুতির ধুম, বাজারে শীতকালীন পণ্য আসছে

আগামী ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে নেতৃত্ব নির্বাচন ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ড কতটা গুরুত্ব পায়—এখন সেটিই সংশ্লিষ্ট মহলের আলোচনার বিষয়। আফাজ উদ্দিনের অনুসারীরা মনে করেন, তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন হলে তিনি আগামী দিনে দলীয় সংগঠনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরতের আকাশের বদলে হুমায়ূনের বই, পরীমনির মনে কেন আক্ষেপ?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


শরতের আকাশের বদলে হুমায়ূনের বই, পরীমনির মনে কেন আক্ষেপ?

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির একটি ইচ্ছে পূরণ হয়নি। সেই আক্ষেপ যেন এবার হুমায়ূন আহমেদের বইয়ের পাতায় ডুব দিয়েই কাটানোর চেষ্টা করছেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি প্রকাশ করে এমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোতে নীল শাড়িতে মুগ্ধ করা সাজে দেখা গেছে পরীমনিকে। পরিপাটি করে বাঁধা চুল, মুখে মৃদু হাসি—সব মিলিয়ে বেশ শান্ত ও নান্দনিক লুকে ধরা দিয়েছেন তিনি। তবে ছবির সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল তার হাতে থাকা হুমায়ূন আহমেদের বই ‘তন্দ্রাবিলাস’। কখনো বইটি বুকে জড়িয়ে, আবার কখনো পাতা উল্টাতে দেখা গেছে তাকে।

ছবির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’ তার এই কথাতেই যেন অপূর্ণ থেকে যাওয়া ইচ্ছের আভাস মিলেছে। পোস্টটি প্রকাশের পর ভক্তরাও তার নীল শাড়ির সাজ ও বই হাতে এই ভিন্নধর্মী উপস্থিতির প্রশংসা করছেন।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন তিনি। এর আগে এই নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এও দেখা গেছে তাকে। নতুন কাজটিতে পরীমনির সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত ৬ অক্টোবর কলকাতায় প্রয়াত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত ৬ অক্টোবর কলকাতায় প্রয়াত

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত। মঙ্গলবার ৬ অক্টোবর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৪ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শিল্পী।

বিভা সেনগুপ্তের মৃত্যুর খবর বাংলা সংগীতাঙ্গনে শোকের ছায়া ফেলেছে। তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, মৃত্যুর মাত্র কয়েক দিন আগে তিনি বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন। গত ২৯ সেপ্টেম্বর ‘লোকভারতী’র পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছিল।

ত্রিপুরায় জন্মগ্রহণকারী বিভা সেনগুপ্ত ১৯৫৯ সালে কলকাতায় আসেন। সংগীতে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় মায়া সেনের কাছে। পরে মায়া সেনের মাধ্যমেই তিনি কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী দেবব্রত বিশ্বাসের কাছে গান শেখার সুযোগ পান। দীর্ঘ সংগীতজীবনে তিনি শুধু গান গাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং নিয়মিত শিক্ষাদানের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী তৈরির কাজও করেছেন।

এক সময় সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেনের মতো শিল্পীদের দাপটের সময়ে বিভা সেনগুপ্ত অনেকটাই আড়ালে ছিলেন। তবে জীবনের শেষ ১০-১২ বছরে তার গান ও সংগীতসাধনা নতুন করে শ্রোতাদের নজরে আসে। তিনি প্রচার বা খ্যাতির চেয়ে গান শেখানো এবং সংগীতচর্চাকেই বেশি গুরুত্ব দিতেন।

সম্প্রতি রবীন্দ্রসদনে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক আয়োজনে ‘তবু মনে রেখো’ পরিবেশন করে বিভা সেনগুপ্ত শেষ বয়সেও নিজের কণ্ঠের মাধুর্য ও গানের প্রতি নিষ্ঠার প্রমাণ দিয়েছিলেন। তার প্রয়াণে রবীন্দ্রসংগীতের জগতে সৃষ্টি হলো এক অপূরণীয় শূন্যতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি সেনাবাহিনীর আধুনিক সমরাস্ত্রের বিশাল মজুদ: মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


ইরানি সেনাবাহিনীর আধুনিক সমরাস্ত্রের বিশাল মজুদ: মুখপাত্র

ইরানের সেনাবাহিনী নতুনভাবে তৈরি অত্যাধুনিক আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সমরাস্ত্রের একটি বিশাল মজুদ গড়ে তুলেছে, এ তথ্য জানিয়েছেন দেশটির সেনামুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি জানান, এসব অস্ত্রের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামিনিয়া এ তথ্য প্রকাশ করেন। তাঁর বক্তব্যের ভিত্তিতে ইরানি সংবাদমাধ্যম জানায়, সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধে উন্নত সামরিক সরঞ্জাম তৈরির কার্যক্রম একদিনের জন্যও বন্ধ হয়নি।

আকরামিনিয়া উল্লেখ করেন, যুদ্ধকালীন সময়ে দেশীয়ভাবে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদন অব্যাহত ছিল। পাশাপাশি নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করা হয়েছে এবং সেগুলো দ্রুত বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অস্ত্রের সক্ষমতা ও কার্যকারিতাও বৃদ্ধি করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ইরানি সেনামুখপাত্র আরও জানান, সাম্প্রতিক সংঘাতের মাধ্যমে দেশটির সশস্ত্র বাহিনী প্রতিপক্ষের সক্ষমতা এবং মোতায়েনের দুর্বলতাগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এসব অভিজ্ঞতার ভিত্তিতে সামরিক সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে।

এর আগে ইরানি সেনাবাহিনী জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা আধুনিকায়ন ও পুনর্গঠনের পাশাপাশি নতুন সরঞ্জামও বাহিনীতে যুক্ত করা হচ্ছে। সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আকরামিনিয়া জানিয়েছেন।

তবে ইরানের কাছে আধুনিক অস্ত্রের মজুদের প্রকৃত পরিমাণ বা এসব দাবির সামরিক সক্ষমতার ওপর বাস্তব প্রভাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তথ্যসূত্র: প্রেস টিভি, গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজরাটে কিশোরী মেয়েকে যৌন নির্যাতন, বাবার বিরুদ্ধে মা ভিডিও ধারণ করলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


গুজরাটে কিশোরী মেয়েকে যৌন নির্যাতন, বাবার বিরুদ্ধে মা ভিডিও ধারণ করলেন

ভারতের গুজরাতের অঞ্জারের নিকট একটি হৃদয়বিদারক ঘটনা প্রকাশিত হয়েছে। কচ্ছ ইস্ট পুলিশ ১৪ বছরের এক কিশোরীকে নিজ ঘরে ধর্ষণের অভিযোগে তার বাবা ও মাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ করা হয়েছে, কিশোরীর মা ঘটনার সময় পুরো বিষয়টি নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

শুক্রবার রাতে অঞ্জার থানায় উপস্থিত হয়ে কিশোরী তার ওপর ঘটে যাওয়া নির্যাতনের বিস্তারিত বিবরণ দেন, যার পর পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রমাণ হিসেবে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে এবং তাতে অপরাধের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি কিশোরীটিকে তার এক বন্ধু বা পরিচিত ছেলের সঙ্গে ফোনে কথা বলতে দেখে তার বাবা ক্ষিপ্ত হয়ে যান। রাগের মাথায় তিনি মেয়ের ফোনটি ভেঙে দেন, তাকে মারধর করেন এবং স্ত্রীর সামনে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর মা সাহায্য করার পরিবর্তে পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন।

অঞ্জার থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) এইচ এ জাদেজা বলেছেন, দুই-তিন দিন আগে কিশোরী পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তার বাবা ফোন বন্ধ করে দেওয়ায় তাদের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি।

অবশেষে শুক্রবার কিশোরী আবার একটি ফোন জোগাড় করে '১১২' নম্বরে কল দেন এবং জানিয়ে দেন যে তার ওপর যৌন নির্যাতন হচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে, মামলা দায়ের করে এবং রাতেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা এই পরিবারটি গত ছয় বছর ধরে অঞ্জারের কাছে দিনমজুর হিসেবে বসবাস করে আসছে। দম্পতির চার কন্যার মধ্যে নির্যাতিতা কিশোরীটি সবার বড়।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র ধর্ষণের ধারা এবং পকসো আইনের অধীনে নাবালিকার ওপর গুরুতর যৌন নির্যাতনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%