ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে সমর্থন জানাল আরব জোট, কোণঠাসা নেতানিয়াহু


ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে সমর্থন জানাল আরব জোট, কোণঠাসা নেতানিয়াহু

আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জয়েন্ট লিস্ট, ইসরাইলের বিরোধী দলের নেতা গাদি আইজেনকোটকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনের পর, সরকার গঠনের প্রক্রিয়ায় আইজেনকোটের প্রতি এই সমর্থন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জয়েন্ট লিস্ট এক বিবৃতিতে জানায়, নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দেয়ার সুপারিশ করে তারা এদিন সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে তাদের সিদ্ধান্ত জানাবে।

গত সপ্তাহের সাধারণ নির্বাচনে ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্টে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন অর্জন করেছে। এই ফলাফল নতুন সরকার গঠনের ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেছে।

আরও পড়ুন: ‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

জয়েন্ট লিস্টের সমর্থন পাওয়ার ফলে পরবর্তী পার্লামেন্টে আইজেনকোটের পক্ষে সমর্থন জানানো আইনপ্রণেতার সংখ্যা ৬৭-এ পৌঁছাবে, যা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা। এর আগে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে আইজেনকোটের সমর্থন বেশি ছিল। তবে, যারা তাকে সমর্থন করছেন, তাদের সবাই শেষ পর্যন্ত তার জোট সরকারে যোগ দেবেন, এমনটি নিশ্চিত নয়।

জয়েন্ট লিস্ট জানায়, নেতানিয়াহু ও তার সরকারকে আবার ক্ষমতায় ফেরা ঠেকানোর জন্য জোটের তিনটি অংশ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, নেতানিয়াহুর রাজনৈতিক পথের বিরোধিতা এবং আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি ও তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বৈধতা খর্বের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী জোটের অবস্থান এখনও যথেষ্ট স্পষ্ট নয়। তবুও, আইজেনকোটকে সমর্থন দেয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।

জয়েন্ট লিস্টের মতে, নেতানিয়াহুর তুলনায় আইজেনকোটের সমর্থনের ব্যবধান আরও বাড়ানো গেলে সরকার পরিবর্তনের সম্ভাবনা জোরালো হবে। একই সঙ্গে, নেতানিয়াহুকে ক্ষমতায় রেখে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও কমে যাবে।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মি আবার গ্রেফতার

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপাচার্য পুর্নবহালের দাবিতে বিএনপি মহাসচিবের কাছে চুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ এম


উপাচার্য পুর্নবহালের দাবিতে বিএনপি মহাসচিবের কাছে চুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন চুয়েটের শিক্ষার্থীরা। এই স্মারকলিপিটি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম ক্লাবের অতিথিশালায় রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীরা এই স্মারকলিপিটি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা চুয়েটে চলমান আন্দোলনের বিভিন্ন দিক ও প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেন।

রুহুল কবির রিজভী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেন। তিনি ঢাকায় ফিরে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, 'দুপুরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নিকট উপাচার্য পুনর্বহালের দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি উনার মাধ্যমে সরকার শিক্ষার্থীদের দাবির আলোকে সিদ্ধান্ত নিবেন এবং চুয়েটের সকল স্বাভাবিক কার্যক্রম খুব দ্রুত ফিরিয়ে আনবেন।'

এদিকে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা গত ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি দিয়ে আন্দোলনে যোগ দেন। ৩৬ দিন পর গত বুধবার আংশিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হয়। তবে দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রশাসনিক ভবন এখনো তালাবদ্ধ রয়েছে যদিও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ এম


‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

দেশের শীর্ষস্থানীয় ফকিহ, রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি আল্লামা মিযানুর রহমান সাঈদ মন্তব্য করেছেন যে, কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থার মৌলিক কিতাবগুলো অপরিবর্তিত রেখে আনুষঙ্গিক কিতাবাদিতে যুগোপযোগী সংস্কার এবং ঈমান-আকিদা সংক্রান্ত নতুন কিতাব যুক্ত করা প্রয়োজন। তিনি আধুনিক আলেমদের রচিত বই সিলেবাসে অন্তর্ভুক্তির ওপরও গুরুত্বারোপ করেছেন, যা বাতিল মতবাদ ও নাস্তিক্যবাদের বুদ্ধিভিত্তিক মোকাবিলায় সহায়ক হবে।

বৃহস্পতিবার এক ভিডিও সাক্ষাৎকারে কওমি সিলেবাসের সংস্কার ও আধুনিকায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, “বর্তমান সময়ে নানা ধরনের যুগোপযোগী প্রশ্ন ও জটিলতা সামনে আসছে। আমাদের শিক্ষার্থীরা যেন এসব প্রশ্নের সঠিক ও দাঁতভাঙা জবাব দিতে পারে, সেজন্য ঈমান-আকিদা সংক্রান্ত আরও কিছু কিতাব কওমি সিলেবাসে যুক্ত করা অপরিহার্য।”

তিনি কওমি ধারার ঐতিহ্যবাহী ভিত্তি তুলে ধরে বলেন, “আমাদের কওমি নেসাবের যে মৌলিক কিতাবগুলো রয়েছে, সেগুলোতে হাত দেওয়ার বা পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। কারণ এগুলোই শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের মূল বুনিয়াদ। এগুলোতে পরিবর্তন আনলে প্রকৃত ইলম অর্জন ব্যাহত হবে। প্রতিটি জামাতের মৌলিক কিতাবগুলো যেভাবে আছে, সেভাবেই বহাল রাখা উচিত।”

তবে তিনি সহায়ক ও আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনার সুযোগ রয়েছে উল্লেখ করে বলেন, “সিলেবাসের আনুষঙ্গিক কিতাবগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনা যেতে পারে। গভীর গবেষণার মাধ্যমে সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা যেতে পারে।”

বিশেষ করে আকিদা ও সিরাত অধ্যয়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, বর্তমান সিলেবাসে এই দুই বিষয়ের কিতাব খুবই কম। সমকালীন ফিতনা মোকাবিলায় আকিদার কিতাব বৃদ্ধির পাশাপাশি প্রিয় নবীজির (সা.) সিরাত চর্চাকে আরো বিস্তৃত করতে পর্যাপ্ত কিতাব পাঠ্যভুক্ত করা দরকার।

একই সঙ্গে হাদিস মুখস্থকরণের ওপর জোর দিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন, “আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ শিক্ষাজীবন শেষ করে আলেম হয়ে বের হচ্ছে, অথচ অনেকেরই অন্তত একশ’ হাদিসও মুখস্থ থাকে না—এটি অত্যন্ত দুঃখজনক।” এ অবস্থা দূর করতে সিলেবাসে থাকা ছোট ছোট হাদিসের কিতাবগুলো গুরুত্বসহকারে ছাত্রদের হিফজ করানোর পরামর্শ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে সরকারি অফিসের সামনে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ, আতঙ্ক ছড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


চট্টগ্রামে সরকারি অফিসের সামনে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ, আতঙ্ক ছড়িয়েছে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় সরকারি দপ্তরের কার্যালয়ের দিকে ৩টি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে, নিক্ষেপ করা তিনটি বোমার মধ্যে দুটিই বিস্ফোরিত হয়নি।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ২ নম্বর গেট এলাকায় অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সামনে দুটি পেট্রোলবোমা এবং পার্শ্ববর্তী চান্দগাঁওমুখী ভূমি অফিসের কার্যালয়ের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে জানান, এলজিইডি অফিসের সামনে পড়া দুটি পেট্রোলবোমা বিস্ফোরিত হয়নি।

তিনি আরো বলেন, "কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ওপরের ফ্লাইওভার থেকে পেট্রোলবোমাগুলো নিচে নিক্ষেপ করা হয়েছে।"

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, ব্যস্ততম এলাকার সরকারি দপ্তরের সামনে এমন ঘটনায় স্থানীয় পথচারী ও অধিবাসীদের মধ্যে ক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী রাসেল ব্র্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী রাসেল ব্র্যান্ড

ব্রিটিশ কৌতুক অভিনেতা ও চলচ্চিত্র তারকা রাসেল ব্র্যান্ড ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

এই ৫১ বছর বয়সী অভিনেতার বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে তিনটি ধর্ষণ, তিনটি যৌন নিপীড়ন এবং একটি শ্লীলতাহানির চেষ্টার অন্তর্ভুক্ত ছিল।

১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ছয় নারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ভিত্তিতে এই অভিযোগগুলো করা হয়।

আইন অনুযায়ী, ওই নারীদের পরিচয় আজীবন গোপন রাখার অধিকার রয়েছে।

রায় ঘোষণার পর বিচারক জানিয়েছেন, ব্র্যান্ডকে নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড দেওয়া হবে। বর্তমানে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%