মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১২:১৬ পি.এম
দূর থেকে দেখলে মনে হবে, এটি একটি আধুনিক নকশায় নির্মিত আকর্ষণীয় একাডেমিক ভবন। নতুন রং, চিত্তাকর্ষক নকশা ও সাজানো প্রবেশমুখ সহজেই নজর কাড়ে। কিন্তু কাছ থেকে দেখলে নির্মাণকাজের নানা ত্রুটি স্পষ্ট হয়ে ওঠে। ভবনের মেঝে, প্রবেশমুখ ও বারান্দার অন্তত ২০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই খসে পড়ছে পলেস্তারা। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে। অথচ ভবনটি এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এ অবস্থায় নির্মাণকাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক ভবনে এমন চিত্র দেখা গেছে। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের যোগসাজশে নিম্নমানের কাজ করায় হস্তান্তরের আগেই ভবনে ফাটল ও নানা ত্রুটি দেখা দিয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য রং করা ভবনটির বাইরের অংশ বেশ আকর্ষণীয় হলেও ভেতরে ও প্রবেশমুখে রয়েছে নানা ত্রুটি। প্রবেশমুখের মেঝে দেবে গিয়ে সেখানে ফাটল তৈরি হয়েছে। বারান্দার বিভিন্ন স্থানেও ফাটল দেখা গেছে। প্রতিটি কক্ষের দরজায় ফাটল রয়েছে। কয়েকটি দরজার কাঠ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া মেঝেতে মোজাইক নির্মাণে পাথর ও সিমেন্টের পরিমাণ কম ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। দেয়ালের পলেস্তারা এতটাই দুর্বল যে সামান্য চাপ দিলেই তা খসে পড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। দরপত্রে ৫ শতাংশ কম দরে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার মো. হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, একতলা একাডেমিক ভবনটির চারতলা ভিত্তি নির্মাণ, স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ অন্তর্ভুক্ত ছিল। কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয় ১২ মাস।
তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। প্রায় দুই বছর পর চলতি মাসে নির্মাণকাজ শেষ করে ভবনটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে ফাটল ও নির্মাণত্রুটি দেখা দেওয়ায় ভবনের স্থায়িত্ব এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করে বলেন, ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের যোগসাজশে নিম্নমানের কাজ করা হয়েছে। ফলে ভবন হস্তান্তরের আগেই বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।
শিক্ষার্থীর অভিভাবক খাইরুল ইসলাম বলেন, একাডেমিক ভবন নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতেই বোঝা যায়, কতটা নিম্নমানের কাজ করা হয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই পলেস্তারা খসে পড়ছে। তাই ভবনটি হস্তান্তরের আগে কারিগরি পরীক্ষা করার জোর দাবি জানাচ্ছি। তা না হলে এ ভবনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যাবে।
গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, তাঁদের গ্রামের এই মাদ্রাসায় একটি নতুন ভবন নির্মাণ ছিল দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ভবনেই এখন ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বে অবহেলার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।
মাদ্রাসার শিক্ষিকা মোছা. মমতাজ বেগম বলেন, ভবনের পলেস্তারা করার সময় ঠিকাদারের লোকজন অল্প পরিমাণ সিমেন্ট ব্যবহার করছিলেন। তখন প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। এখন দেয়ালের পলেস্তারা খসে পড়ছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ভবনের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি মাদ্রাসার বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাজাহারুল ইসলামকে জানানো হয়েছে।
ঠিকাদারের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ভবনের ফাটলের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ফাটলগুলো আবার মেরামত করে দেওয়া হবে।
ভবন নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে পরে সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। সাংবাদিকের মাধ্যমে তিনি প্রথম জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে দেখবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে গত দুই দিন ধরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় এবং খুদে বার্তা পাঠানো হয়। তবে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া (অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী) সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ মৃধা (২৩)।
দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলে করে পাঁচ শিক্ষার্থী পিরোজপুর থেকে কাউখালীর উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পাঁচ আরোহীই গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চারজনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শান্ত রায় মারা যান। এরপর আনুমানিক রাত ১২টার দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ ও সুনান মাঝীরও মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে পাঠান। বাকি আহতদের স্থানীয়রা আগেই হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নিজামউদ্দিন জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও খুলনায় স্থানান্তর করা হয়।
এদিকে তিন মেধাবী শিক্ষার্থী ও তরুণের এমন অকাল মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের পাশাপাশি পুরো কাউখালী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান, ‘অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি ১ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। তবে, প্রার্থীদের জন্য স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ:
তথ্যের ধরন: বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
বিভাগের নাম: ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং ইউনিট
পদের নাম: অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ২-৬ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ২৩ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৬
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে প্রায় ৫০টি জাহাজে সাইবার হামলার ঘটনা তদন্ত করছে, যা তেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), রাসায়নিক পণ্য এবং অন্যান্য বিস্ফোরক পদার্থ বহন করে। ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে যে, মধ্যপ্রাচ্যের বাইরেও সাইবার হামলার মাধ্যমে ইরান সংঘাতের বিস্তার ঘটাচ্ছে কি না।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নেলের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের এবং অন্যান্য সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র এসব জাহাজে সাইবার হামলার পেছনে ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার শিকার হওয়া কিছু জাহাজ সতর্কবার্তা পেয়েছে এবং কিছু ক্ষেত্রে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নেলের সূত্রগুলো জানাচ্ছে, যদিও ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে, তবে রাশিয়ারও এসব হামলার পেছনে সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনও এসব হামলায় ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত চারটি লক্ষ্যবস্তু জাহাজ যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছালে সেগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের বিশেষ দল মোতায়েন করা হয়। জাহাজগুলো মার্কিন বন্দরে পৌঁছানোর পূর্বে সম্ভাব্য সাইবার হুমকি মোকাবিলা ও ক্ষয়ক্ষতি ঠেকাতে এসব দল কাজ করে।
এছাড়া হামলার লক্ষ্যবস্তু হওয়া অন্যান্য কয়েকটি জাহাজ ইউরোপ ও এশিয়ার কাছাকাছি সমুদ্র এলাকায় চলাচল করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটক ও সিনেমার খ্যাতনামা অভিনেতা সোহেল খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার সময় বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর তাকে বগুড়া সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ