০৭:২৫ পি.এম
চট্টগ্রামের জোরারগঞ্জে পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত অভিযান পরিচালনা করে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায় যে, গত ১৪ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৭টার সময়ে জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কোম্পানি থেকে বিভিন্ন সাইটের মাধ্যমে প্রায় ১৩ টন লোহার রড ট্রাকযোগে সুনামগঞ্জে পাঠানোর সময় ট্রাকবোঝাই লোহার রড চুরি হওয়ার ঘটনা ঘটে। বিষয়টি জানার পর চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে।
চট্টগ্রাম জেলা পুলিশের প্রয়োজনীয় দিকনির্দেশনার সঙ্গে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। আধুনিক প্রযুক্তি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রথমে গত ১৯ আগস্ট বারইয়ারহাট এলাকা থেকে এজাহারনামীয় আসামি মো. রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ নম্বর আসামি ট্রাকের হেলপার মো. হাদিছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার মহম্মদপুর থানাধীন জগদলিয়া এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশার ওরফে বাঁশিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহম্মদপুর বাজারস্থ ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের দোকান থেকে চুরি যাওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করা হয়েছে।
এছাড়া ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, চুরি সংক্রান্ত ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন ইউনিটের সমন্বিত অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ চুরি যাওয়া মালামাল উদ্ধার সম্ভব হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬
পুলিশের ভাষ্য হলো, জনগণের জানমাল, সম্পদ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের পর দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা পুলিশ এবং জোরারগঞ্জ থানা পুলিশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন