০৪:৪৫ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি বিকল্প বা প্রস্তাবিত বাজেট পেশ করেছে, যার পরিমাণ ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা। এই প্রস্তাবিত বাজেটে দলটির পক্ষ থেকে দেশের জনপ্রশাসন, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধ, এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়াতের পক্ষ থেকে 'ছায়া বাজেট প্রস্তাবনা উপলক্ষে সংবাদ সম্মেলনে বাজেটটি উপস্থাপন করা হয়। জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন বাজেটটি উপস্থাপন করেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উত্থাপিত বাজেটের বরাদ্দ পর্যালোচনা করলে দেখা যায়, মোট বাজেটের ২৪.০৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে। এর অর্থ পরিমাণ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এছাড়া শিক্ষা এবং প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১২৫,৫৭৫ কোটি টাকা (১৪.৯৬%) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বাজেট বিশ্লেষণে দেখা যায়, ঋণের সুদ পরিশোধের জন্য বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে বাধ্য হয়েছে দলটি। সুদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের ১৫.১৯ শতাংশ। দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫,৩৪০ কোটি টাকা (৭.৭৮%) বরাদ্দের রূপরেখা দেওয়া হয়েছে।
জামায়াতের এই বাজেটে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে ৫১,৬৭০ কোটি টাকা (৬.১৫%) বরাদ্দের কথা বলা হয়েছে এবং গরিব ও দুস্থ মানুষের সহায়তায় সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮,১৫০ কোটি টাকা (৫.৭৪%) বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য খাতে ৪৫,২৪০ কোটি টাকা (৫.৩৯%) এবং তৃণমূলের উন্নয়নে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫,২২০ কোটি টাকা (৫.৩৯%) বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
অন্যান্য খাতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা খাতে ৪৩,৪৬২ কোটি টাকা (৫.১৮%), অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪,৪৫৭ কোটি টাকা (৪.১০%), এবং দেশের শিল্প ও উৎপাদন সচল রাখতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪,৯৫০ কোটি টাকা (২.৯৭%) বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন