মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:০০ পি.এম
শীতকাল আসলে বাজারে বিভিন্ন ধরনের তাজা সবজি পাওয়া যায়। গাজর, ফুলকপি, বাঁধা কপি, মটরশুঁটি এবং শিম—এসব মৌসুমি সবজি ব্যবহার করে সহজেই তৈরি করা সম্ভব সুস্বাদু ও পুষ্টিকর স্যুপ। ঠাণ্ডা দিনে গরম গরম এক বাটি সবজির স্যুপ যেমন আরাম দেয়, তেমনি এটি প্রতিদিনের খাবারে বৈচিত্র্যও যোগ করে। ঘরেই অল্প সময়ে কিভাবে এই স্যুপ তৈরি করবেন, তা জানার জন্য নিচে সহজ রেসিপিটি দেওয়া হলো।
যেসব উপকরণ লাগবে
১টি মাঝারি আকারের গাজর, কুচি করা
আধা কাপ শিম, ছোট টুকরা করা
এক-চতুর্থাংশ কাপ মটরশুঁটি
আধা কাপ বাঁধাকপি কুচি
১টি ছোট পেঁয়াজ কুচি
১টি ছোট টমেটো কুচি
২ কোয়া রসুন কুচি
আধা ইঞ্চি আদা কুচি
১ টেবিল চামচ অলিভ অয়েল
৩ কাপ সবজির স্টক অথবা পানি
আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া
আধা চা-চামচ জিরার গুঁড়া
স্বাদমতো লবণ
১ টেবিল চামচ লেবুর রস
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
যেভাবে তৈরি করবেন
১. সবজি প্রস্তুত করুন : প্রথমে সবজি ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর গাজর, শিম, বাঁধাকপি, পেঁয়াজ এবং টমেটো ছোট ছোট করে কেটে ফেলুন। এর ফলে সবজি দ্রুত সিদ্ধ হবে।
২. মসলা কশিয়ে নিন : একটি পাত্রে অলিভ অয়েল গরম করে তাতে রসুন, আদা ও পেঁয়াজ কুচি যোগ করুন। সুগন্ধ বের হওয়া পর্যন্ত হালকা আঁচে নেড়ে নিতে হবে। তবে বাদামি করে ভাজবেন না।
৩. সবজি যোগ করুন : এবার পাত্রে গাজর, শিম, মটরশুঁটি ও বাঁধাকপি দিয়ে তিন থেকে চার মিনিট নেড়ে রান্না করুন। এতে সবজির স্বাভাবিক স্বাদ বের হয়ে আসবে।
৪. স্যুপ রান্না করুন : সবজির সঙ্গে টমেটো, সবজির স্টক বা পানি, জিরার গুঁড়া, গোলমরিচ ও লবণ মিশিয়ে দিন। পাত্রটি ঢেকে মাঝারি আঁচে ১২ থেকে ১৫ মিনিট রান্না করতে হবে। সবজি নরম হয়ে এলে বুঝবেন স্যুপ প্রস্তুত।
৫. পরিবেশন করুন : চুলা বন্ধ করার আগে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। প্রয়োজন হলে লবণ ও মসলার স্বাদ ঠিক করে নিন। এরপর গরম গরম স্যুপ পরিবেশন করুন টোস্ট করা পাউরুটির সঙ্গে।
নিজের পছন্দ অনুযায়ী স্যুপে আরো মৌসুমি সবজি যোগ করা যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্রিমিয়া উপদ্বীপ এবং রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে সংযোগকারী কৌশলগত ‘ক্রিমিয়া সেতু’ সহ ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি গুরুত্বপূর্ণ সেতু অচল হয়ে পড়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উভয় দেশই পরস্পরের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। এসব ছবিতে দেখা যায়, কার্চ সেতু নামে পরিচিত ক্রিমিয়া সেতুর একটি অংশ ভেঙে পানিতে পড়ে গেছে এবং সেতুর একটি পিলার ও সড়কের কিছু অংশ পানির নিচ থেকে বেরিয়ে রয়েছে।
এই সেতুটি ক্রেমলিনের মর্যাদার প্রতীক হিসেবে পরিচিত এবং ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়া নির্মাণ করেছিল। ২০১৮ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এর উদ্বোধন করেছিলেন। ক্রিমিয়ার মস্কো-সমর্থিত গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে জানিয়েছেন, সেতুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল স্থগিত করা হয়েছে। এর আগে রোববার (১৫ নভেম্বর) রাতের হামলায় সেতুটিতে দুজন নিহত হয়েছেন বলে তিনি জানান। সেতুটির ক্ষয়ক্ষতির মাত্রা পর্যালোচনার জন্য মঙ্গলবার (১৭ নভেম্বর) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে রুশ কর্তৃপক্ষ।
ক্রিমিয়া সেতুতে হামলার প্রতিক্রিয়ায় কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, রুশ হামলায় নিপ্রো নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ ‘নর্দার্ন’ এবং ‘সাউদার্ন’ সেতু দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিপ্রো নদীর ওপর থাকা আটটি সেতুর মাধ্যমে কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশের প্রায় ৩০ লাখ মানুষ যাতায়াত করেন। সেতু দুটি বন্ধ হওয়ার ফলে রাজধানীতে তীব্র যানজট ও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
সোমবার মধ্যরাতের ঠিক আগে কিয়েভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। মেয়র ক্লিটসকো জানান, হামলায় শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং পানি ও হিটিং ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। এছাড়া, ভূপৃষ্ঠের ওপর থাকা কিছু মেট্রোরেল সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় নাগরিকদের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, ইউক্রেনের চেরকাসি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি করেছে ইরানের আইআরজিসি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এই হামলার দাবি করে আইআরজিসি।
ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে, আইআরজিসি জানায়, এই হামলাটি ছিল ‘ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বৈরী কর্মকাণ্ড মোকাবিলার প্রচেষ্টার অংশ’।
সাম্প্রতিক সময়ের মধ্যে উপসাগরীয় দেশটিতে মার্কিন রাডার সিস্টেমের ওপর ইরানের দাবি করা বেশ কয়েকটি হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা।
এদিকে, বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে যে, আইআরজিসি বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করার পর সেই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরার জসিমউদদীন রোডে একটি বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছিল।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে, দুপুর ১টা ২৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আতর আলী জানিয়েছেন, হাসান ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরগামী পিপিবি পরিবহনের বাসের সুপারভাইজার (চেকার) ছিলেন। যাত্রী চেক করার পর তিনি বাস থেকে নেমে যান। এরপর ওই বাসের ধাক্কায় তিনি আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহত হাসান মাগুরার শালিখা উপজেলার বয়রা গ্রামের ছফদুর মোল্লার ছেলে। বর্তমানে তিনি মিরপুর ১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় স্ত্রীর সঙ্গে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। মিনারা আক্তার (৬৫) নামে ওই বৃদ্ধাকে ছেলে ও পুত্রবধূ মারধর করার পর মারা যান।
মঙ্গলবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছেন।
নিহত মিনারা আক্তার ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনারা আক্তার এবং তার মেয়ে শাহানা বেগমের সঙ্গে ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিনের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে কামরুল ও তার স্ত্রী নিলুফার মিনারাকে মারধর করেন।
রাত সোয়া ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন মিনারাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আবারও হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা জানান, মিনারার বাঁ চোখ আঘাতের কারণে ফুলে গিয়েছিল এবং তিনি চোখে দেখতে পারছিলেন না। তার উচ্চ রক্তচাপও ছিল। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ