ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আজ ১৭ নভেম্বর আনফ্রেন্ড দিবস, অপ্রয়োজনীয় বন্ধুদের বাদ দেওয়ার আহ্বান


আজ ১৭ নভেম্বর আনফ্রেন্ড দিবস, অপ্রয়োজনীয় বন্ধুদের বাদ দেওয়ার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কি সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব? অনেকেই আছেন, যাদের সঙ্গে বছরের পর বছর কথা হয় না। কেউ আবার অনলাইনে এমন পোস্ট ও মন্তব্য করেন, যা দেখে বিরক্তি কিংবা মানসিক অস্বস্তি অনুভূত হয়। তবুও, পরিচিত বলে অনেকেই তাদের বন্ধুতালিকায় রেখে দেন। আজ ১৭ নভেম্বর, আনফ্রেন্ড দিবস, সেই তালিকা নতুন করে সাজানোর সুযোগ।

প্রতি বছর ১৭ নভেম্বর আনফ্রেন্ড দিবস পালন করা হয়। এই দিনের মূল উদ্দেশ্য হলো সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুতালিকা পর্যালোচনা করা এবং যাদের সঙ্গে যোগাযোগ নেই বা যাদের অনলাইন উপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলে, তাদের বাদ দেওয়া। এর মাধ্যমে নিজের অনলাইন জগৎকে আরও সুন্দর ও ইতিবাচক করে তোলার পাশাপাশি মানসিক স্বস্তি বাড়ানোর আহ্বান জানানো হয়।

যেভাবে শুরু আনফ্রেন্ড দিবস

আরও পড়ুন: এআই হয়ে উঠছে পর্যটকদের বিশ্বস্ত ডিজিটাল সঙ্গী

২০১০ সালের ১৭ নভেম্বর মার্কিন উপস্থাপক জিমি কিমেল তার জনপ্রিয় রাতের অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’-এ আনফ্রেন্ড দিবস পালনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় বন্ধুত্বের সংখ্যা কমানোর বিষয়টি তিনি মজার ছলে তুলে ধরেন।

তিনি বলেন, "স্কুলজীবনের এমন বন্ধু, যার সঙ্গে ২০ বছর ধরে কথা হয় না, কিংবা কোনো অনুষ্ঠানে পরিচিত হওয়া অপরিচিত মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু হিসেবে রাখার প্রয়োজন কতটুকু?"

এভাবে অনলাইনে অসংখ্য বন্ধুত্ব জমিয়ে রাখার প্রবণতা নিয়ে নতুন করে ভাবার সুযোগ সৃষ্টি হয়। পরে ১৭ নভেম্বর দিনটি আনফ্রেন্ড দিবস হিসেবে পরিচিতি পায়।

কেন আনফ্রেন্ড করবেন?

আরও পড়ুন: ত্বকের যত্নে শীতে ৫টি কার্যকরী সুপার ফুড

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর সংখ্যা বেশি হলেই যে সম্পর্কের গভীরতা বেশি হবে, তা নয়। বরং অপ্রয়োজনীয় সংযোগ অনেক সময় মানসিক অস্বস্তি, বিরক্তি ও উদ্বেগ বাড়াতে পারে।

যাদের পোস্ট নিয়মিত নেতিবাচক চিন্তা বা মানসিক চাপ তৈরি করে, তাদের অনলাইন উপস্থিতি থেকে দূরে থাকা যেতে পারে। এতে অপ্রয়োজনীয় বিজ্ঞপ্তি ও পোস্ট দেখার সময় কমবে। নিজের কাজ, পরিবার ও গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ বাড়বে।

এছাড়া অন্যের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে অতিরিক্ত ব্যস্ত না থেকে নিজের জীবনেও বেশি মনোযোগ দেওয়া সম্ভব হবে।

আনফ্রেন্ড দিবস যেভাবে পালন করবেন

আরও পড়ুন: ভালোবাসা নাকি ‘অ্যাটেনশন’ পাওয়ার কামনা? বুঝবেন কিভাবে

দিনটি পালনের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। কয়েকটি সহজ অভ্যাসের মাধ্যমে নিজের অনলাইন জগৎ নতুন করে সাজাতে পারেন।

১. বন্ধুতালিকা পর্যালোচনা করুন

সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুতালিকা একবার দেখে নিন। কার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়, কার সঙ্গে দীর্ঘদিন কথা নেই এবং কাদের পোস্ট আপনার ভালো লাগে না, তা বিবেচনা করুন। শুধুমাত্র সংখ্যা বাড়ানোর জন্য কাউকে বন্ধুতালিকায় রাখার প্রয়োজন নেই।

২. বাস্তব জীবনের বন্ধুদের সময় দিন

আরও পড়ুন: লিপ বাম ব্যবহারের পর ঠোঁট ফাটার কারণ জানুন

অনলাইনে সময় কাটানোর পরিবর্তে কাছের বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করুন। একসঙ্গে চা পান, সিনেমা দেখা কিংবা গল্প করার আয়োজন করতে পারেন। শুধুমাত্র অনলাইনে পছন্দের চিহ্ন দেওয়া নয়, বাস্তব জীবনের সম্পর্কগুলোও যত্নে রাখা জরুরি।

৩. ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক আলাদা রাখুন

অনেক সময় ব্যক্তিগত ও পেশাগত পরিচিতদের একই সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত রাখা হয়। যাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রাখার প্রয়োজন নেই, তাদের পেশাগত যোগাযোগের জন্য পেশাজীবীদের উপযোগী আলাদা মাধ্যমে যুক্ত রাখতে পারেন। এতে ব্যক্তিগত পরিসর বজায় রাখা সহজ হবে।

৪. নেতিবাচক প্রভাব ফেলে এমন সংযোগ বাদ দিন

আরও পড়ুন: ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে জানুন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়

কোনো ব্যক্তির পোস্ট বা মন্তব্য যদি নিয়মিত বিরক্তি, মানসিক চাপ কিংবা অস্বস্তি তৈরি করে, তাহলে তাকে বন্ধুতালিকা থেকে বাদ দিতে পারেন। নিজের মানসিক স্বস্তিকে গুরুত্ব দেওয়া জরুরি।

৫. অনলাইন থেকে কিছুটা বিরতি নিন

শুধু বন্ধুতালিকা ছোট করাই নয়, চাইলে কিছু সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও বিরতি নিতে পারেন। ফোনের অপ্রয়োজনীয় বিজ্ঞপ্তি বন্ধ রাখুন। এতে নিজের কাজ ও আশপাশের মানুষের প্রতি মনোযোগ বাড়বে।

আনফ্রেন্ড দিবস কেন গুরুত্বপূর্ণ?

আরও পড়ুন: ‘গ্র্যান্ড থেফট অটো-৬’ মুক্তির আগে মিয়ামি ‘ভাইস সিটি’ সাজে

আনফ্রেন্ড দিবস মূলত অনলাইন সম্পর্কের সংখ্যা নয়, বরং সম্পর্কের গুরুত্ব বোঝার একটি উপলক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অগণিত মানুষের সঙ্গে যুক্ত থাকলেও সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।

এজন্য নিজের অনলাইন পরিসরকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেওয়া, অপ্রয়োজনীয় সংযোগ কমানো এবং বাস্তব জীবনের সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়াই দিনটির মূল বার্তা।

মনে রাখতে হবে, কাউকে বন্ধুতালিকা থেকে বাদ দেওয়া মানে তাকে অসম্মান করা নয়। বরং নিজের সময়, মানসিক স্বস্তি ও ব্যক্তিগত পরিসরের প্রতি যত্নশীল হওয়ার একটি উপায় হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিমিয়া সেতুতে আবারও হামলা চালাল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


ক্রিমিয়া সেতুতে আবারও হামলা চালাল ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলার পরদিন, ইউক্রেন আবারও ক্রিমিয়ার কের্চ সেতুতে হামলা চালিয়েছে। এই হামলার ফলে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, কিয়েভের বিভিন্ন স্থানে রুশ হামলায় বিদ্যুৎ, পানি এবং তাপ সরবরাহের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ক্রিমিয়ায় রাশিয়া-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ মঙ্গলবার জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী কের্চ সেতুতে হামলা চালিয়েছে। নিরাপত্তার কারণে সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগের দিন সোমবার, ইউক্রেনের একটি ড্রোন সেতুটির একটি খিলানে আঘাত হানে। সেতুটি ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়া ক্রিমিয়া উপদ্বীপের স্থল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

ইউক্রেনের দাবি, সামরিক দিক থেকে সেতুটি তাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত। এর আগে অন্তত দুবার কিয়েভ সেতুটিকে ধ্বংস করার চেষ্টা করেছে।

এর আগে সোমবার রাতে কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতুতে রুশ বাহিনী হামলা চালায়। ইউক্রেনের রাজধানীর মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে হামলা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় পানি ও গরম পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে।

সোমবার মধ্যরাতের কিছু আগে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এসব তথ্য জানান। এর কিছুক্ষণ আগে ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল। হামলার পর শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাদের সালাম দেওয়া অনুচিত: ইসলামী দৃষ্টিকোণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


যাদের সালাম দেওয়া অনুচিত: ইসলামী দৃষ্টিকোণ

ইসলাম শান্তির, সম্প্রীতির এবং ভ্রাতৃত্বের ধর্ম। মুসলমানদের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার জন্য সালাম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সালাম শুধুমাত্র সৌজন্য বিনিময়ের একটি পদ্ধতি নয়; বরং এটি এক মুসলমানের পক্ষ থেকে অন্য মুসলমানের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণের প্রার্থনা। তবে কিছু বিশেষ ব্যক্তিকে এবং কিছু পরিস্থিতিতে ইসলাম সালাম বিনিময় করতে নিষেধ করে এবং নিরুৎসাহিত করে।

সালাম দেওয়ার বিধান

সালামের সাধারণ বিধান তিনটি। সেগুলো হলো—

১. সালাম দেওয়া সুন্নত : ইসলামের দৃষ্টিতে সালাম একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের অধিকার। যখন একজন মুসলমান অন্য মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করে, তখন সালাম দেওয়া সুন্নত। মহানবী (সা.) বলেন, ‘তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পরস্পরকে ভালো না বাসা পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলে দেব, যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন কোরো।’ (সহিহ মুসলিম, হাদিস : ৫৪)

২. সালামের উত্তর দেওয়া ওয়াজিব : কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের যখন অভিবাদন করা হয় তখন তোমরাও তার থেকে উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা তারই অনুরূপ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী।’ (সুরা : নিসা, আয়াত : ৮৬)

এই আয়াতে আল্লাহ আদেশসূচক শব্দ দ্বারা সালামের উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা ওয়াজিব হওয়ার প্রমাণ।

৩. উত্তম উত্তর দেওয়া মুস্তাহাব : সালামের উত্তম জবাব দেওয়া মুস্তাহাব। উত্তম জবাব হলো এতে প্রার্থনামূলক অতিরিক্ত শব্দ যোগ করা। যেমন কেউ আসসালামু আলাইকুম বললে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বলা। (বাহরুর রায়িক)

যাদের যখন সালাম দেওয়া নিষেধ

সাধারণ অবস্থায় একজন মুসলমান অপর মুসলমানকে সালাম দেওয়ার বিধান শরিয়তের মধ্যে রয়েছে। তবে বিশেষ ব্যক্তিদের বিশেষ পরিস্থিতিতে সালাম দেওয়া থেকে বিরত থাকতে হয়। যেমন—

১. অমুসলিমদের সালাম দেওয়া : সাধারণ অবস্থায় অমুসলিমদের প্রথমে ইসলামী পদ্ধতির সালাম দেওয়া নিষেধ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা ইহুদি ও খ্রিস্টানদের প্রথমে সালাম দেবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ২১৬৭)

তবে ফকিহ আলেমরা বলেন, প্রয়োজন বা বিশেষ কল্যাণের উদ্দেশ্য থাকলে অমুসলিমকে সালাম দেওয়ার সুযোগ রয়েছে। যেমন—তার ইসলাম গ্রহণের আশা করা বা তার হৃদয় আকৃষ্ট করার উদ্দেশ্যে। অন্যথায় ইসলামী সালাম দিয়ে অভিবাদন জানানো মাকরুহে তাহরিমি। অমুসলিম সালাম দিলে উত্তরে শুধু ওয়া আলাইকা (তোমার ওপরও) বলা হবে। (দুররুল মুখতার : ৬/৪১২)

২. প্রকাশ্যে পাপাচারে লিপ্ত ব্যক্তি : যে ব্যক্তি প্রকাশ্যে পাপাচার করে এবং নিজের পাপের ব্যাপারে নির্লজ্জ, তাকে সালাম দেওয়া মাকরুহ। এর উদ্দেশ্য হলো পাপাচারের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা এবং তাকে পাপ থেকে বিরত থাকতে উৎসাহিত করা। তবে গোপনে পাপে লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ নয়। ইবনে আবিদিন (রহ.) বলেন, ‘প্রকাশ্যে পাপাচারে লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ; পাপ কাজ প্রকাশ্যে না করলে সালাম দেওয়া মাকরুহ নয়।’ (রদ্দুল মুহতার : ৬/৪১৫)

উল্লিখিত বিধান অনুসারে প্রকাশ্যে মদপানকারী, জুয়াড়ি, পরনিন্দাকারী ও অন্যায় কাজে লিপ্ত ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

৩. নামাজরত ব্যক্তি : নামাজরত ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। কারণ তিনি নামাজে ব্যস্ত এবং তার সালামের জবাব দেওয়ার সুযোগ নেই। কেউ তাকে সালাম দিলেও তার জবাব দেওয়া আবশ্যক নয়।

ইমাম জাইলায়ি (রহ.) বলেন, নামাজরত ব্যক্তি, কোরআন তিলাওয়াতকারী, বিচারকার্যে বসা ব্যক্তি এবং ফিকহি আলোচনা বা গবেষণায় মগ্ন ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। তাদের সালাম দেওয়া হলে জবাব দেওয়া আবশ্যক নয়। কারণ সালামটি যথাস্থানে দেওয়া হয়নি।’ (তাবয়িনুল হাকায়িক : ১/১৫৭)

৪. খাবার গ্রহণে ব্যস্ত ব্যক্তি : যে ব্যক্তি মুখে লোকমা দিয়ে চিবোচ্ছে, তাকে সালাম দেওয়া মাকরুহ। কারণ এ অবস্থায় তার পক্ষে যথাযথভাবে সালামের জবাব দেওয়া সম্ভব নয়। তবে খাওয়া শুরু করার আগে কিংবা শেষ করার পর সালাম দিতে বাধা নেই। খাবারের টেবিলে বসে আছেন, কিন্তু মুখে খাবার নেই এমন ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ নয়। আল্লামা ইবনুল আবিদিন (রহ.) বলেন, জবাব দিতে অক্ষম ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। অক্ষমতা প্রকৃত হতে পারে; যেমন—খাবার গ্রহণ বা বমি করছে এমন ব্যক্তি। অথবা শরয়ি কারণে অক্ষম হতে পারে। যেমন নামাজ ও কোরআন তিলাওয়াতে ব্যস্ত ব্যক্তি। (রদ্দুল মুহতার : ১/৬১৭)

৫. কোরআন তিলাওয়াতকারী : কোরআন তিলাওয়াত, আজান ও ইকামত প্রদান, জুমার খুতবা প্রদান ও শ্রবণ অথবা আল্লাহর জিকির ও মোরাকাবা ইত্যাদি ইবাদতে লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়া অনুচিত। কেননা এতে তাদের মনোযোগ বিঘ্নিত হতে পারে। আল্লামা বদরুদ্দিন আইনি (রহ.) বলেন, ‘নামাজরত ব্যক্তি, কোরআন তিলাওয়াতকারী, জিকিরকারী এবং বিচারকার্যে বসা ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ।’ (আল-বিনায়া শরহুল হিদায়া : ২/৪৪২)

৬. দ্বিনি ইলম ও কাজে ব্যস্ত ব্যক্তি : গুরুত্বপূর্ণ দ্বিনি কাজে ব্যস্ত ব্যক্তিকে এবং যারা ধর্মীয় জ্ঞান চর্চায় মগ্ন তাদের সালাম দেওয়া উচিত নয়। ফাতাওয়ায়ে আলমগিরিতে বলা হয়েছে, ‘উচ্চৈঃস্বরে কোরআন তিলাওয়াতের সময়, ইলমের আলোচনা চলাকালে, আজান ও ইকামতের সময় সালাম দেওয়া মাকরুহ। বিশুদ্ধ মত হলো, এসব অবস্থায় ব্যক্তি সালামের জবাব দেবে না। (ফাতাওয়ায়ে আলমগিরি : ৫/৩২৫)

৭. মন্দ পেশায় নিয়োজিত ব্যক্তি : যারা পাপ ও অর্থহীন কাজকে নিজেদের পেশা হিসেবে গ্রহণ করেছে তাদেরও সালাম দেওয়া উচিত নয়। যেমন—মিথ্যাবাদী দালাল, মিথ্যা কৌতুককারী, জুয়া খেলার আয়োজক, অশ্লীল নাচ-গানে আত্মনিয়োগকারী ব্যক্তি। আল্লামা ইবনুল আবিদিন (রহ.) লেখেন, ‘মিথ্যাবাদী রসিক ব্যক্তি, অনর্থক কাজে লিপ্ত ব্যক্তি, মানুষকে গালাগালকারী, পরনারীর প্রতি কুদৃষ্টিদানকারী, প্রকাশ্যে পাপাচারী, গান-বাজনায় লিপ্ত ব্যক্তি এবং কবুতর উড়িয়ে সময় কাটানো ব্যক্তিদের তাওবা প্রমাণিত না হওয়া পর্যন্ত সালাম দেওয়া উচিত নয়।’ (রদ্দুল মুহতার : ৬/৪১৫)

মিশ্র সমাবেশে সালামের বিধান

কোনো সমাবেশে মুসলিম ও অমুসলিম, পুণ্যবান ও পাপাচারী উভয় শ্রেণির মানুষ উপস্থিত থাকলে তাদের সালাম দেওয়া নিষিদ্ধ নয়। তবে সালামের নিয়ত মুসলমান ও নেককার ব্যক্তিদের উদ্দেশ্যে হওয়া উচিত। উসামা বিন জায়েদ (রা.) থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসের বর্ণনা থেকে জানা যায়, রাসুলুল্লাহ (সা.) এক মজলিসের পাশ দিয়ে অতিক্রম করলেন, যেখানে মুসলমান, মুশরিক ও ইহুদিরা উপস্থিত ছিল। তিনি তাদের সালাম দিলেন। (সহিহ বুখারি, হাদিস : ৬২৫৪)

আল্লাহ সবাইকে দ্বিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং ইসলাম গ্রহণ করলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং ইসলাম গ্রহণ করলেন

বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং, যিনি তাইওয়ানে জন্মগ্রহণ করেন, ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ সাফল্যের পাশাপাশি, তার ব্যক্তিগত জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ইসলাম গ্রহণ। তিনি ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। শৈশব থেকেই জীবন ও জগতের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে তার মনে নানা প্রশ্ন ছিল। ইসলাম সম্পর্কে জানার আগ্রহও তার ছোটবেলায় তৈরি হয়।

১৯৬৬ সালে তাইপেতে জন্মগ্রহণকারী জ্যাকি ইং, সাত বছর বয়সে তার পরিবারসহ সিঙ্গাপুরে চলে যান। তার বাবা-মা সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে আগ্রহী ছিলেন, যার ফলে তিনি শৈশবে সানডে স্কুল ও খ্রিষ্টান কিন্ডারগার্টেনে পড়াশোনা করেন।

সিঙ্গাপুরে স্কুলজীবনে মুসলিম সহপাঠীদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের জীবনযাপন এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানার মাধ্যমে ইসলামের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা ও অনুসন্ধান শুরু করেন। এক পর্যায়ে ইসলামের শিক্ষার সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন জ্যাকি ইং এবং ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন।

এক সাক্ষাৎকারে পবিত্র কোরআন সম্পর্কে তার অভিজ্ঞতা তুলে ধরেন এই বিজ্ঞানী। তিনি বলেন, "কোরআন একটি অসাধারণ গ্রন্থ। এতে জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা রয়েছে। বিভিন্ন ধর্মীয় অনুশীলনের গুরুত্ব, মানুষের সমতা এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়েও এতে দিকনির্দেশনা পাওয়া যায়।"

জ্যাকি ইং জানান, জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে শৈশব থেকেই তার আগ্রহ ছিল। ধর্ম সম্পর্কে জানার আগ্রহ এবং ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তার এই অনুসন্ধান ব্যক্তিগত এক যাত্রায় পরিণত হয়।

বিজ্ঞানের জগতে জ্যাকি ইংয়ের অর্জনও উল্লেখযোগ্য। ১৯৯১ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরের বছর তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) যোগ দেন।

২০০১ সালে, মাত্র ৩৫ বছর বয়সে, তিনি এমআইটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ণ অধ্যাপক হন। ২০০৩ সালে সিঙ্গাপুরে ফিরে তিনি ইনস্টিটিউট অব বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজি প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠানটির নেতৃত্বও দেন।

ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে তার গবেষণা, অসংখ্য বৈজ্ঞানিক প্রকাশনা এবং আন্তর্জাতিক পুরস্কার তাকে নিজ ক্ষেত্রে বিশ্বের অন্যতম পরিচিত বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সূত্র: হুমানিস্তান

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া পাওনার দাবিতে কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া পাওনার দাবিতে কর্মবিরতি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগং কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) বিভিন্ন টার্মিনালে সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে পাঁচ শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেছেন।

বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন পাওনার পরিশোধের দাবিতে তারা এই কর্মবিরতি পালন করছেন। এর ফলে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালে পণ্য ওঠানামার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

শ্রমিকদের অভিযোগ, সাইফ পাওয়ারটেক গত কয়েক মাস ধরে তাদের বেতন এবং অন্যান্য পাওনা পরিশোধ করছে না। তারা দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছেন। সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দেওয়া হলেও তাদের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক পাওনা।

সাইফ পাওয়ারটেকের একজন শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।

অন্যদিকে, শ্রমিক সোহেল জানান, বন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে আন্দোলনরত শ্রমিকেরা জানান, বন্দর চেয়ারম্যান ঘটনাস্থলে না আসা পর্যন্ত কোনো আলোচনা হবে না। তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%