মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫৪ পি.এম
ক্লান্তি অনুভব করা, মেজাজের অস্থিরতা, কিংবা মনোযোগ ধরে রাখতে না পারা—এসব সমস্যাকে অনেকেই দৈনন্দিন জীবনের ব্যস্ততার ফল হিসেবে মনে করেন। তবে কখনো কখনো এই উপসর্গগুলোর পেছনে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া থাকতে পারে। এই সমস্যা শুধু শরীরের শক্তি কমিয়ে দেয় না, বরং মস্তিষ্কের কার্যক্ষমতা, মনোযোগ এবং মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে।
নারী ও কিশোরীদের মধ্যে রক্তস্বল্পতার ঝুঁকি বিশেষভাবে বেশি। ভারতের স্মাইল ফাউন্ডেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির পরিচালক চিকিৎসক রাশমি আরদে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন যে, রক্তস্বল্পতার কারণে শিশু-কিশোরদের পড়াশোনা এবং শ্রেণিকক্ষে অংশগ্রহণের সক্ষমতা ব্যাহত হতে পারে। অন্যদিকে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ক্লান্তি, বিরক্তি এবং মনোযোগের ঘাটতি কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
কেন হয় রক্তস্বল্পতা?
রক্তের লোহিত কণিকায় উপস্থিত হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে অক্সিজেন সরবরাহ করে। যখন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যায়, তখন রক্তের অক্সিজেন পরিবহনের ক্ষমতা হ্রাস পায়। এই অবস্থাকেই রক্তস্বল্পতা বলা হয়।
রক্তস্বল্পতার সাধারণ লক্ষণ
চিকিৎসক রাশমি আরদের মতে, রক্তস্বল্পতার কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। যেমন—
শরীরে দুর্বলতা ও অতিরিক্ত ক্লান্তি
শ্বাসকষ্ট বা সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া
মাথা ঘোরা
মাথাব্যথা
ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া
হাত-পা ঠান্ডা হয়ে থাকা
হৃদস্পন্দন দ্রুত বা অনিয়মিত হওয়া
এছাড়া, মেজাজ খিটখিটে হওয়া, মনোযোগের অভাব এবং মানসিক ক্লান্তিও দেখা দিতে পারে।
কেন হয় রক্তস্বল্পতা?
রক্তস্বল্পতার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে—
১. পুষ্টির ঘাটতি: খাবারে আয়রন, ভিটামিন বি১২ এবং ফলেটের অভাব হলে রক্তস্বল্পতা দেখা দিতে পারে।
২. অতিরিক্ত রক্তক্ষরণ: নারীদের অতিরিক্ত মাসিকের রক্তপাত, পাকস্থলীর আলসার অথবা শরীরের ভেতরে রক্তক্ষরণের কারণে এই সমস্যা হতে পারে।
৩. সংক্রমণ: কিছু সংক্রমণ এবং পরজীবীর আক্রমণ, যেমন হুকওয়ার্ম বা কৃমি, রক্তস্বল্পতার কারণ হতে পারে।
৪. দীর্ঘমেয়াদি রোগ: কিডনির রোগ, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং থ্যালাসেমিয়ার মতো বংশগত রক্তরোগের কারণে রক্তস্বল্পতা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সব ধরনের রক্তস্বল্পতার কারণ আয়রনের অভাব নয়। তাই চিকিৎসার আগে এর প্রকৃত কারণ চিহ্নিত করা অত্যন্ত জরুরি।
কী পরীক্ষায় ধরা পড়ে রক্তস্বল্পতা?
শুধুমাত্র উপসর্গ দেখে রক্তস্বল্পতা নিশ্চিত হওয়া যায় না। এজন্য চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা প্রয়োজন। সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি) পরীক্ষার মাধ্যমে হিমোগ্লোবিনসহ রক্তের বিভিন্ন উপাদানের মাত্রা নির্ধারণ করা হয়।
যদি প্রয়োজন হয়, চিকিৎসক সিরাম ফেরিটিন এবং অন্যান্য আয়রন পরীক্ষা, ভিটামিন বি১২ এবং ফলেটের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। এসব পরীক্ষার মাধ্যমে রক্তস্বল্পতার কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
রক্তস্বল্পতা প্রতিরোধে খাদ্যাভ্যাসে রাখতে হবে কিছু খাবার।
পুষ্টিকর এবং সুষম খাবার রক্তস্বল্পতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকায় রাখতে পারেন—
১. আয়রনসমৃদ্ধ খাবার: মসুর ডাল, ছোলা, শিমের বিচি, পালংশাক, অন্যান্য সবুজ শাক, বাদাম, মাছ, মাংস এবং কলিজায় আয়রন রয়েছে।
২. ভিটামিন বি১২: মাছ, মাংস, ডিম, দুধ এবং দুগ্ধজাত খাবার ভিটামিন বি১২-এর ভালো উৎস। নিরামিষভোজীরা ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার অথবা ফোর্টিফায়েড পণ্য বেছে নিতে পারেন।
৩. ফলেটসমৃদ্ধ খাবার: পালংশাকসহ বিভিন্ন সবুজ শাক, ডাল এবং অন্যান্য শিমজাতীয় খাবারে ফলেট পাওয়া যায়।
৪. ভিটামিন সি: আয়রনসমৃদ্ধ উদ্ভিজ্জ খাবারের সঙ্গে লেবু, পেয়ারা, আমলকী এবং অন্যান্য ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে শরীরে আয়রন শোষণ বৃদ্ধি পেতে পারে।
৫. চা-কফি খাওয়ার সময়: খাবারের সঙ্গে বা খাবার খাওয়ার পরপরই চা-কফি পান না করাই ভালো। এসব পানীয় উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে বাধা দিতে পারে।
সাপ্লিমেন্ট কি প্রয়োজন?
রক্তস্বল্পতা হলেই নিজে থেকে আয়রন ট্যাবলেট বা সিরাপ খাওয়া উচিত নয়। কারণ এর পেছনে আয়রন ছাড়াও ভিটামিন বি১২, ফলেটের অভাব অথবা অন্য কোনো রোগ থাকতে পারে। পরীক্ষার ফল এবং রক্তস্বল্পতার কারণ বিবেচনা করে চিকিৎসক আয়রন, ফলিক অ্যাসিড অথবা ভিটামিন বি১২ সাপ্লিমেন্ট দিতে পারেন।
অতএব, দীর্ঘদিন ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা অথবা মনোযোগের সমস্যায় ভুগলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সময়মতো কারণ চিহ্নিত এবং যথাযথ চিকিৎসা গ্রহণ করলে রক্তস্বল্পতার জটিলতা এড়ানো সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, অনেকেই এখন বলছেন, ভারত হচ্ছে সন্ত্রাসীদের জন্য একটি আশ্রয়স্থল। যারা মানুষ হত্যা করে পালিয়েছেন, তাদের ভারত আশ্রয় দিয়েছে। তবে, এ বিষয়ে ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য একটি শঙ্কার বিষয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘খুনি শেখ হাসিনার রায় ঘোষণার এক বছর, বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা তুলে ধরেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের বিচার কার্যকর করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিএনপির দ্বিচারিতার বিষয়টি লক্ষ্যণীয়। যারা দেশের বাইরে পালিয়ে রয়েছে, তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হচ্ছে। অন্যদিকে, যারা দেশে অবস্থান করছে, তাদের শুধু কারাদণ্ড দেওয়া হচ্ছে।
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভকে ন্যায্য আন্দোলন হিসেবে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, কিন্তু এই আন্দোলনে আওয়ামী লীগ আলু পোড়া খেতে এসেছে। তাই শ্রমিকদের সচেতন হতে হবে, যাতে তাদের ন্যায্য আন্দোলনে আওয়ামী লীগ প্রবেশ করতে না পারে।
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, সারা দেশ থেকে লোক ভাড়া করে নিয়ে কোনো একটি জেলায় (গোপালগঞ্জ) নাশকতা করার অধিকার কারও নেই। তাদের যেকোনো নাশকতার চেষ্টা আপনারা তুড়ি মেরে উড়িয়ে দিন।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার রায় হয়েছে, এটি আনন্দের একটি বিষয়। তবে, রায় কার্যকর করতে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, সরকারের হানিমুন পিরিয়ড শেষ। এখন সরকারের ভালো কিছু করে দেখানোর সময়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিমিয়া সেতুর একটি অংশ, যা রাশিয়া ও অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের মধ্যে সংযোগ স্থাপন করে, ইউক্রেনের হামলায় ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সেতুটির সড়ক অংশের একটি জায়গা পানিতে ভেঙে পড়েছে।
এই হামলার ঘটনা ঘটে মঙ্গলবার (১৭ নভেম্বর)। হামলার আগের রাতে কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে রুশ হামলার খবর পাওয়া যায়। এই হামলার ফলে সেতু দুটি ক্ষতিগ্রস্ত হয় এবং শহরের কিছু এলাকায় পানি ও তাপ সরবরাহ বিঘ্নিত হয়।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের দ্বিতীয় দফা হামলার পর ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে, ড্রোন হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষজ্ঞরা কাজ করছেন, তবে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে যে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিবিসির তথ্য অনুযায়ী, ক্রিমিয়া সেতুটি প্রায় ১২ মাইল দীর্ঘ এবং এটি ইউরোপের দীর্ঘতম সেতু। সেতুটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৭০ কোটি ডলার এবং এটি রুশ সেনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সেতুটির বিশেষ প্রতীকী গুরুত্ব রয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর সেতুটি নির্মাণে অগ্রাধিকার দিয়েছিলেন তিনি।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় ৪০ হাজার গাড়ি চলাচল করতে পারে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভ সেতুটিতে একাধিকবার হামলা চালিয়েছে।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ১ হাজার ৪৪১টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
রাশিয়ার রাতভর হামলায় কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভিতালি ক্লিচকো। ডিনিপার নদীর ওপর অবস্থিত সেতু দুটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি জানান। সেতু দুটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
কিয়েভ নগর কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের কয়েকটি এলাকায় পানি ও তাপ সরবরাহে বিঘ্ন ঘটেছে। সেতু দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শহরের দুই তীরের মধ্যে যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র তখনো জানা যায়নি।
রুশ সামরিক বাহিনীর দাবি, ইউক্রেনের সামরিক, পরিবহন, জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন এবং স্থল ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য নির্ভুল নিশানার অস্ত্র ব্যবহার করা হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যে দুই দিন পর চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। গতকাল সোমবার হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প জানিয়েছেন, ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মন্তব্য করেছেন যে, বাংলাদেশ প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক সম্প্রীতির একটি ভূস্বর্গ। বিশ্বের অন্যান্য স্থানে সাংস্কৃতিক বহুত্ববাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।
তিনি উল্লেখ করেন, মাঝে মাঝে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এই ভূস্বর্গটিকে উত্তপ্ত করার চেষ্টা করে। এ ধরনের দুষ্টচক্রকে আমাদের চিহ্নিত করা প্রয়োজন।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশের বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী আরও বলেন, হাজার বছরের ইতিহাসে বিভিন্ন ধর্ম, বর্ণ ও নৃগোষ্ঠীর মানুষের সহাবস্থান বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে তুলেছে। ঈদ, দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা, বৈসাবি ও বড়দিনে সব ধর্মের মানুষ একে অপরের আনন্দে অংশগ্রহণ করেন। আমরা এখানে একটি পরিবারের মতো বসবাস করি।
তিনি উল্লেখ করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে এই দেশকে স্বাধীন করেছি। ভাষা আন্দোলন, নব্বই কিংবা জুলাই গণঅভ্যুত্থানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে লড়াই করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংগীত জগতে লালন, রবীন্দ্র, নজরুল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মরমি, মুর্শিদি, মাইজভান্ডারি, কাওয়ালি ও বাউল গানের সহাবস্থান বিদ্যমান। বাউল দর্শন ও সুফিবাদের প্রভাব দেশের মানুষকে উদার এবং মানবতাবাদী হতে শিখিয়েছে। পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাট গম্বুজ মসজিদ, কান্তজীউ মন্দির ও আর্মেনীয় গির্জা প্রমাণ করে যে, প্রাচীনকাল থেকে এই ভূখণ্ডে নানা সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছে।
বাসসের প্রধান সম্পাদক বলেন, আমাদের মনে রাখতে হবে, একটি ভাষা হারিয়ে গেলে শুধু কিছু শব্দ হারায় না, হারিয়ে যায় একটি জনগোষ্ঠীর পৃথিবীকে দেখার নিজস্ব পদ্ধতি। একটি লোকগান বিলুপ্ত হলে শুধু একটি সুর হারায় না, হারিয়ে যায় একটি সমাজের আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
সাংস্কৃতিক বহুত্ববাদকে গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ধর্মীয় উৎসবগুলো যাতে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
কাদের গনি চৌধুরী আরও বলেন, গত জাতীয় নির্বাচনের আগে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়েছিলেন। সেখানে রেইনবো নেশন বলতে একটি অন্তর্ভুক্তি ও সম্প্রীতিমূলক রাষ্ট্রব্যবস্থাকে বোঝানো হয়েছে, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল এবং জাতিগোষ্ঠী নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। এই ব্যবস্থায় সংখ্যাগুরু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী উভয়েরই সমান মালিকানা থাকবে। কোনো বৈষম্য থাকবে না।
তিনি বলেন, সকল ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছে। এদেশে প্রতিটি মানুষের সমান মালিকানা রয়েছে। সেই বোধ থেকে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক বহুত্ববাদকে মর্যাদার আসনে নিয়ে যেতে হবে। বর্তমান সরকার যে রেইনবো নেশনের স্বপ্ন দেখিয়েছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই।
হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (এইচএমআর) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
এ সময় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের নির্বাহী পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু এবং মানবাধিকারকর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ড. মুহাম্মদ ইউনূসের সাবেক প্রেসসচিব শফিকুল আলম উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে। তিনি উল্লেখ করেন, গত দুই সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ১৯টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় সুশীল সমাজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা বক্তব্য নেই।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। ‘আওয়ামীপনা’ শীর্ষক আলোচনাসভায় শফিকুল আলম বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিপুলসংখ্যক মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত হতে সহায়তা করেছেন। প্রতিষ্ঠানটি ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।
তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলোতে একের পর এক হামলা করা হচ্ছে। গত দুই সপ্তাহে ১৯টি শাখায় হামলা ও আগুন দেওয়া হয়েছে। নোবেলজয়ী একটি প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলার ঘটনায় সমাজের কাউকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না। সুশীল সমাজের কেউ একটি বিবৃতিও দিচ্ছেন না, টুঁ-শব্দটিও করছেন না।’
শফিকুল আলম আরো বলেন, দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং বিভাজন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর কর্মকাণ্ড এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, লগি-বৈঠার তাণ্ডবে ঢাকার কোটি মানুষের সামনে প্রকাশ্যে মানুষ পিটিয়ে মারা হলেও এর কোনো বিচার হয়নি। ২০০৭ সালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও ২০০৮ সালে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে গওহর রিজভীরা খুব চতুরভাবে সেই মামলা সরিয়ে ফেলেন। এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ আমরা গোপালগঞ্জের মতো ঘটনা দেখছি।
বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’-এর আলোচনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ১৬ বছর ধরে যারা খুন, গুম ও দমন-পীড়ন চালিয়েছে, তাদের বিচার পাশ কাটিয়ে রিকনসিলিয়েশনের কথা বলে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একইসঙ্গে কিছু গণমাধ্যম ও জ্যেষ্ঠ সাংবাদিক প্রতিদিন জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্রনেতাদের হেয় প্রতিপন্ন করছেন বলেও তিনি অভিযোগ তোলেন।
নিজে প্রতিদিন হত্যার হুমকি (ডেথ থ্রেট) পাচ্ছেন উল্লেখ করে সাবেক এই প্রেস সচিব বলেন, বাংলাদেশের মানুষ জুলাইয়ে যে জাগরণ ঘটিয়েছে, এরপর দেশ আর পিছিয়ে যাবে না। প্রয়োজনে আমরা ১০০ বছর ধরে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ