১০:১৮ পি.এম
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের লক্ষ্য হল একটি সবুজ, বাসযোগ্য এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের সঙ্গে সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের আরও বেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।
বুধবার হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে মুহিবুর রহমান একাডেমির প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিসিক প্রশাসক আরও বলেন, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ হ্রাস, জলাবদ্ধতা নিরসন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশন একটি গ্রিন অ্যান্ড ক্লিন সিলেট গড়তে কাজ করছে। নগরজুড়ে বৃক্ষরোপণ, সড়কের পাশে সবুজায়ন, খাল, ছড়া ও ড্রেন পরিষ্কার এবং উন্মুক্ত স্থান সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগ সফল করতে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। যদি সবাই নিজেদের অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ এবং পরিচর্যা করেন তবে অল্প সময়ের মধ্যেই সিলেট আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এছাড়া, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম-এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য আখতার হোসেন। সিলেট সদর উপজেলা সমবায় কার্যালয় এবং মুহিবুর রহমান একাডেমির সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন