শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৪৫ পি.এম
গোপালগঞ্জে একটি বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ছাত্রদল নেতা অভিযোগ করেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
ভুক্তভোগী জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তিনি ঢাকা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন। গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় বাসটি থামিয়ে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। হামলাকারীরা তার মোবাইল ফোন এবং প্রায় ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি হামলাকারীদের কাছ থেকে পালিয়ে অন্য একটি বাসে করে পিরোজপুরে পৌঁছান।
পিরোজপুরে পৌঁছানোর পর ছাত্রদলের নেতাকর্মীরা আহত অবস্থায় সাব্বির খানকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্প্রতি মঞ্চস্থ হয়েছে পল্লীকবি জসীমউদ্দীনের আখ্যানকাব্য অবলম্বনে নির্মিত নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’। এই অমর সৃষ্টি এবার মঞ্চে উপস্থাপন করেছে নৃত্য ও নাট্যদল নবরস।
১৯৩৩ সালে প্রকাশিত এই প্রেম, বিরহ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কালজয়ী আখ্যান ‘সোজন বাদিয়ার ঘাট’ এর মূল মর্মবাণী হলো, ধর্ম আলাদা হলেও ভালোবাসায় কোনো বিভেদ নেই।
পল্লীকবি জসীমউদ্দীনের অমর চরিত্র সোজন ও দুলীর করুণ পরিণতির মাধ্যমে ধর্মীয় বিভেদ এবং সামাজিক সংকীর্ণতার এক নির্মম চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। এই চিত্রই সোজন ও দুলীর জীবনকে শেষ পর্যন্ত কঠিন করে তোলে।
মর্মস্পর্শী এই আখ্যানটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয়। নাটকটি আজ শুক্রবারও (২৭ নভেম্বর) মঞ্চস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে।
মূল গল্পের আবেদন অক্ষুণ্ন রেখে সোজন বাদিয়া ঘাটের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। নাটকটি আজও দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, সময় বদলালেও কঠিন বাস্তবতা আজও প্রাসঙ্গিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমিই আমার মৃত্যুর জন্য দায়ী। মা, তোমার সঙ্গে শেষ কথাটুকু আর বলতে পারলাম না।" এই চিরকুটটি লিখে আত্মহত্যা করেছেন ২৫ বছর বয়সী ব্যবসায়ী খোরশেদ হাওলাদার।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। খোরশেদ ওই গ্রামের মৃত জয়লাল আবেদীন হাওলাদারের পুত্র। তিনি আট ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদের স্ত্রী তাসলিমা বেগমের পা ভেঙে যাওয়ার কারণে তিনি গত ১৫ দিন ধরে বাবার বাড়িতে সন্তানসহ অবস্থান করছিলেন। ফলে খোরশেদ একা বাড়িতে থাকতেন। প্রতিদিন ভোরে নাশতা করে দোকানে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন।
খোরশেদের বড় ভাই সাইদুল হাওলাদার জানান, ছোট ভাই স্ত্রী ও সন্তান নিয়ে আলাদা থাকতেন। স্ত্রীর অসুস্থতার কারণে তিনি একাই বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা মনে করেছিলেন, তিনি দোকানে চলে গেছেন। তাই সেদিন তার খোঁজ নেয়া হয়নি। পরে বিকেলে বন্ধুরা এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় একটি চিরকুটও পাওয়া যায়। শুক্রবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং উদ্ধার করা চিরকুট যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একটু নজর দিন:
আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে।
আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না।
এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বিএনপির অস্থায়ী পার্টি অফিসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পার্টি অফিসের চেয়ার টেবিলসহ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি পুড়ে যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত বুধবার রাতের দিকে এই ঘটনা ঘটে।
ধানকোড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম জানান, রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা তেল ছিটিয়ে তাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়। বাজারের পাহারাদারদের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
অফিসে প্রবেশ করে তারা দেখতে পান, চেয়ার টেবিল এবং শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি পুড়ে ছাই হয়ে গেছে। দুর্বৃত্তরা ঘটনাস্থলে একটি বোতলে তেল ফেলে রেখে যায়, যা পরে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এই বিষয়ে বিএনপির কেউ এখন পর্যন্ত অভিযোগ করতে আসেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোর শহরতলির ঝুমঝুমপুরে বিজিবি সদর দফতরের সামনে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিনজনকে আটক করেছে, তাদের কাছে ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপা পাওয়া গেছে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল যশোর-নড়াইল মহাসড়কে চেকপোস্ট বসায়।
এসময় একটি সাদা প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়িতে থাকা ব্যক্তিদের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপা উদ্ধার করা হয়।
তিনি আরও জানিয়েছেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
এই ঘটনায় মামলা দায়ের করে আটকদের জব্দ করা মালামালসহ যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ