ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক


২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক

 

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) অন্যান্য পরিচালকদের ও ঊর্ধ্বতন নির্বাহীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, উদ্যোক্তা পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও প্রফেসর নাসরিন সুলতানা, পিএইচডি।

আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মোঃ জাহিদ হোসেন ও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিবৃন্দ মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মোঃ আব্দুল হালিম ও মেইন শাখার প্রধান মোঃ আব্দুল আউয়াল সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয় এবং গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়।

ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) তাঁর বক্তব্যে ব্যাংকের গ্রাহক সংখ্যা, শাখা, আমানত সংগ্রহসহ ব্যাংকের সামগ্রীক চিত্র তুলে ধরে বলেন, 'বাংলার ব্যাংক' খ্যাত মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করে গত ২৭ বছরের কঠোর পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি গ্রাহকবান্ধব, বিশ^স্ত ও টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ভবিষ্যতেও করপোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার প্রতিশ্রæতি দেন।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, গ্রাহকদের চাহিদার বাস্তবায়নে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবা আরো ব্যাপক ও বিস্তৃত করাসহ চলতি বছর খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। নতুন ঋণ দেয়ার ক্ষেত্রে কৃষি, এসএমই ও রিটেইল খাতকে গুরুত্ব দেয়ার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে দেশের প্রত্যন্ত জনপদে শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।

আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফ বাংলাদেশ থেকে সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ মঙ্গলবার, সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, ডেপুটি স্পিকার উল্লেখ করেন যে, আমাদের সবাইর সন্তানের জন্য যত্ন ও সুরক্ষা প্রয়োজন, কিন্তু এ বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই। সংসদীয় ককাস গঠনের পূর্ব থেকেই শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের যে প্রচেষ্টা রয়েছে, সেটিকে তিনি সাধুবাদ জানান।

ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, সংসদ সদস্যরা যারা শিশুবান্ধব নীতি প্রণয়ন সম্পর্কে সংসদে বক্তব্য রাখবেন, তাদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজনের মাধ্যমে একটি ফলপ্রসূ আলোচনা করা সম্ভব।

ইউনিসেফের প্রতিনিধি মন্তব্য করেন যে, সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসির অংশ হিসেবে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল আলোচনা প্রয়োজন। এর ফলে শিশুদের জন্য নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়।

তিনি আরো জানান, বাজেটে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

এই সাক্ষাত্কালে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল পলিসি অ্যান্ড ইকোনমিক স্পেশালিস্ট মো. আশিক ইকবাল, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম, কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় ভিসা প্রক্রিয়ায় নতুন পরিবর্তন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


ভারতীয় ভিসা প্রক্রিয়ায় নতুন পরিবর্তন ঘোষণা

ভারতে দীর্ঘমেয়াদে অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ও নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মের অধীনে, নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকতে চাইলে বিদেশিদের এখন আগের তুলনায় আরও আগে বাধ্যতামূলক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রে কিছু ছাড় এবং হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের রিপোর্টিং ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ জুন জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর ১২ নম্বর বিধি সংশোধন করেছে। নতুন নিয়ম ইতোমধ্যে কার্যকর হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারী বিদেশি নাগরিকদের এখন তাদের অনুমোদিত অবস্থানকাল শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগে বিদেশিরা ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে এই নিবন্ধন করার সুযোগ পেতেন। নতুন নিয়মে সেই অতিরিক্ত সময়সীমা বাতিল করা হয়েছে। এছাড়া যেসব বিদেশির ভিসার মোট মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা অবস্থানের অনুমোদিত সময় ১৮০ দিন নির্ধারিত, তাদের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। তারা যদি একটানা বা এক ক্যালেন্ডার বছরে ১৮০ দিনের বেশি ভারতে অবস্থান করতে চান, তাহলে তাদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। ভারত সরকারের মতে, এই পরিবর্তনের মাধ্যমে দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের তথ্য আরও কার্যকরভাবে তদারকি করা এবং অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করা সম্ভব হবে। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থানের অনুমতি এখন শুধুমাত্র বিশেষ জরুরি পরিস্থিতিতে বিবেচনা করা হবে। নতুন বিধিতে বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগে বাবা-মায়ের একজন বা উভয়েই বিদেশি হলে সন্তানের জন্মের ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে তথ্য জানানো বাধ্যতামূলক ছিল। তবে এখন যদি বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় থাকে, তাহলে জন্মের পরপরই তথ্য দেওয়ার প্রয়োজন হবে না। কেবল সন্তান পরবর্তীতে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে হবে। এদিকে হাসপাতাল, নার্সিং হোম ও দীর্ঘমেয়াদি আবাসন সুবিধা প্রদানকারী চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর জন্যও নতুন রিপোর্টিং বিধান চালু করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে বিদেশি নাগরিকদের অবস্থানসংক্রান্ত তথ্য নির্ধারিত নিয়মে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তবে সরকারের দাবি, চিকিৎসাসেবা প্রদানের মূল কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়নি; বরং তথ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও হালনাগাদ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত নতুন নিয়মের ফলে ভারতে অবস্থানরত বা দীর্ঘমেয়াদি ভিসার পরিকল্পনা করা বিদেশি নাগরিকদের জন্য নিবন্ধন প্রক্রিয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, সময়মতো নিবন্ধন না করলে ভবিষ্যতে ভিসা নবায়ন, অবস্থান বৃদ্ধি কিংবা অন্যান্য অভিবাসনসংক্রান্ত জটিলতার মুখোমুখি হতে হতে পারে। তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিলাসী বিদেশ সফর ইস্যুতে ‘স্মার্ট প্রতিক্রিয়া’, প্রশংসা পাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


বিলাসী বিদেশ সফর ইস্যুতে ‘স্মার্ট প্রতিক্রিয়া’, প্রশংসা পাচ্ছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ সরকারি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের স্বপ্ন দেখছিলেন মশক নিধনের আধুনিক প্রযুক্তি দেখার জন্য। কিন্তু সেই বিলাসী বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এক কলমের খোঁচায় ‘না’ করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কেবল বাতিলই করেনি, বরং সরকারি কর্মকর্তাদের মশক নিধনের জন্য এক অনন্য দাওয়াইও বাতলে দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সরকারি সূত্র থেকে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে একটি বিদেশি প্রতিষ্ঠানের অর্থায়নে ফ্লোরিডা সফরের প্রস্তাবটি তৈরি করা হয়েছিল। উদ্দেশ্য ছিল— মশক নিয়ন্ত্রণ ও নিধনের আধুনিক কলাকৌশল সরেজমিনে দেখা। ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল।

ফাইলটি পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ফ্লোরিডায় গিয়ে মশা মারার বিদ্যা শিখতে যাবার কোনো যৌক্তিকতা নেই। তিনি নিজ হাতে লিখিত নির্দেশনায় মন্তব্য করেছেন, "মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।"

তিনি আবারও স্পষ্ট জানিয়ে দেন, দেশের পরিস্থিতির মধ্যেই কার্যকর ধারণা ও দেশীয় উদ্ভাবনী পদ্ধতি খুঁজে বের করা সম্ভব। প্রধানমন্ত্রী তার হাতে লেখা নোটটির ছবি শেয়ার করে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে লিখেছেন, "মশা মারতে কামান দাগানোর কথাটি বহুল প্রচলিত — তবে মশার উছিলায় যে এমন দৃষ্টান্তও স্থাপন করা যায়, সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিজ হাতে লিখা এই নোটটি বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছে।"

প্রধানমন্ত্রীর এই কঠোর এবং বুদ্ধিদীপ্ত অবস্থানকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ এবং ‘পজিটিভ মাইলফলক’ হিসেবে এলাকার নেটিজেনরা দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল প্রশংসাস্বরূপ। অনেকেই মনে করছেন, এই একটি নোটের ফলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের ৫০-৬০% অযথা ও বিলাসী বিদেশ সফর বন্ধ হবে। সাধারণ মানুষের মতে, এই লেখাটি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে এবং রাষ্ট্রকে অপচয় থেকে বাঁচাতে একজন যোগ্য রাষ্ট্রনায়কের সিদ্ধান্ত কেমন হওয়া উচিত তা স্মরণ করিয়ে দেবে।

অনেকে মন্তব্য করেছেন, "আশা করি এমন স্মার্ট ওয়েতে লজ্জা দেওয়ার মাধ্যমে সচিব ও আমলাদের বোধদয় হবে। এই লেখাটার ছবি প্রতিটা সরকারি অফিসে দৃষ্টান্ত হিসেবে টাঙিয়ে রাখা উচিত।" প্রধানমন্ত্রীর এই চপেটাঘাত বাজে খরচ ও উদ্ভট বিদেশ সফরের সংস্কৃতিতে প্রশংসিত হয়েছে, এবং দেশের মানুষ আশা করছেন— এই কঠোর বার্তার ফলে সরকারি অর্থ অপচয়ের প্রবণতার লাগাম টানা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

মঙ্গলবার ফ্রান্সের একটি বন্দরে পৌঁছেছে আটক সন্দেহভাজন তেলবাহী ট্যাংকার, যা রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ বলে ধারণা করা হচ্ছে।

এএফপির এক প্রতিবেদক জানায়, ফরাসি নৌবাহিনী জাহাজটিকে ভুয়া পতাকা ব্যবহারের সন্দেহে আটক করেছিল।

গত বছরের সেপ্টেম্বরের পর এটি ফ্রান্সের জব্দ করা চতুর্থ জাহাজ। ধারণা করা হচ্ছে, এই ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে চায়।

ফ্রান্সের ক্রোজোঁ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফরাসি কর্তৃপক্ষ জানায়, ব্রিটেনের সহায়তায় ফরাসি নৌবাহিনী রোববার সকালে আন্তর্জাতিক জলসীমায় ‘টাগর’ নামের জাহাজটিতে অভিযান চালায়। জাহাজটির রুশ অধিনায়ক নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোর পর এটিকে আটক করে ফরাসি নৌবাহিনী।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ক্রেমলিন জাহাজ জব্দের এই ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে।

এএফপি’র একজন প্রতিবেদক জানান, ‘টাগর’ মঙ্গলবার সকালে পশ্চিম ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের দোয়ারনেনে উপসাগরে পৌঁছায়।

ওপেন-সোর্স ডেটাবেস ওপেনস্যানকশন্স ডটঅর্গের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া বা ইরানের তেল বহনের সন্দেহ রয়েছে জাহাজটির বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%