০৭:২৪ পি.এম
গাজা উপত্যকার কাছে যুক্তরাষ্ট্র এবার সামরিক ঘাঁটি নির্মাণ করছে। ইসরাইল হায়োমের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে এই ঘাঁটি ব্যবহার হবে। এদিকে গাজার বুরেইজ শরণার্থী শিবির এবং খান ইউনিসে ইসরাইলি ড্রোন হামলার ফলে একজন পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজন নিহত হয়েছেন।
দিন গড়াচ্ছে, এবং গাজা যেন নরকে পরিণত হচ্ছে। শনিবার (১৩ জুন) স্থানীয় সময় বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় নিহত হয়েছেন একজন পরিচ্ছন্নতাকর্মী। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন। একই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি গাজা সিটির তুফাহ এলাকায় পৃথক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী।
পশ্চিম তীরের বেথলেহেম ও হেবরন এলাকায়ও টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেডের মাধ্যমে ইসরাইলি বাহিনী সামরিক অভিযান চালিয়েছে। এসময় এক প্রতিবন্ধী ফিলিস্তিনি যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, বসতি স্থাপনকারীদের হামলা, সম্পদ ধ্বংস, এবং কৃষিজমিতে আগুন দেওয়া ঘটনা বাড়ছে।
আরও পড়ুন: আড়াইহাজারে পরিবেশদূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
নিরাপত্তা ঝুঁকির কারণে গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র ৭০ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সংস্থার ভারপ্রাপ্ত প্রধান ক্রিশ্চিয়ান সন্ডার্স জানিয়েছেন, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং মাঠ পর্যায়ের নিরাপত্তা মূল্যায়নের অংশ।
কিন্তু সংস্থাটি জানিয়েছে, কর্মীদের বিরুদ্ধে ইসরাইলের পক্ষ থেকে হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ এখনও তাদের কাছে পৌঁছায়নি।
এদিকে, গাজার সীমান্তঘেঁষে নতুন একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের খবর প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োম। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের রেইম সামরিক ঘাঁটির কাছে নির্মিত হতে থাকা এই স্থাপনাটি আন্তর্জাতিক সংস্থা ও কর্মীদের জন্য একটি সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এটি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে সক্ষম হবে এবং কিরিয়াত গাত থেকে সরিয়ে আনা একটি বহুজাতিক সদর দফতরের বিকল্প হিসেবে কাজ করতে পারে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সহযোগিতা স্মারক সই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন