ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জ কারাগারে খাবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিল আনসার বাহিনী


গোপালগঞ্জ কারাগারে খাবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিল আনসার বাহিনী

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়ে বিভিন্ন মাধ্যমে ছড়ানো তথ্যের ব্যাখ্যা প্রদান করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনী জানিয়েছে, খাবার বহনকারী কর্মীদের জিম্মি করে খাবার ছিনিয়ে নেওয়ার পর সেই ঘটনাকে ঘিরে বিভ্রান্তিকর ও রাজনৈতিক প্রচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন।’

আরও পড়ুন: মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

এতে আরও বলা হয়, ‘একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাঁদের জিম্মি করে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে খাবার ছিনিয়ে নেয়। পরবর্তী সময়ে এ খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে অপপ্রচার করে এবং আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের অপচেষ্টা চালায়।’

‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্য প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রচারিত তথ্যটি প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ঘটনাটির বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস। খাবার সরবরাহের সঙ্গে জড়িত স্টাফকে জিম্মি করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের ঘটনার উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিকর।’

বাহিনীর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এ ধরনের প্রচারণাকে নিন্দনীয় উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এবং ঘটনার প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ করা হয়।

আরও পড়ুন: ‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— শ্রমিক নেতাদের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্মিলিত ইসলামী ব্যাংকে সৌদি আরবকে বিনিয়োগ প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ এম


সম্মিলিত ইসলামী ব্যাংকে সৌদি আরবকে বিনিয়োগ প্রস্তাব

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সরকার সৌদি আরবকে কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত করতে চায়। ব্যাংকটির মূলধন শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়, তারল্য পরিস্থিতির উন্নতি এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার আনার উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরবকে ব্যাংকটিতে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এ তথ্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সম্মিলিত ইসলামী ব্যাংকে বিদেশি বিনিয়োগ আনতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা ও যোগাযোগের মাধ্যমে কৌশলগত বিনিয়োগের পথ খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের সম্ভাব্য কৌশলগত বিনিয়োগ নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য এ সভা আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় সৌদি আরব সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন করেছে। তারা বাংলাদেশের বাজারের আকার, ইসলামি ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি, সরকারের সহযোগিতা এবং ব্যাংকটির পুনঃমূলধনীকরণকে ইতিবাচক হিসেবে বিবেচনা করেছে। সৌদি কর্তৃপক্ষের পাঠানো চিঠির বরাত দিয়ে সভায় জানানো হয়, এ ধরনের বিনিয়োগ দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে পারে। তবে সৌদি কর্তৃপক্ষ একীভূত ব্যাংকগুলো থেকে স্থানান্তরিত সম্পদের মান, খেলাপি ঋণ, খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ, মূলধন ঘাটতি, করপোরেট সুশাসন, ব্যবস্থাপনা এবং ব্যাংকটির প্রকৃত আর্থিক মূল্যায়ন নিয়ে ঝুঁকি চিহ্নিত করেছে। তবে সম্ভাব্য বিদেশি কৌশলগত বিনিয়োগ আকৃষ্ট করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলা হয় সভায়।

সভায় সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্পদ ও দায়, খেলাপি ঋণের অবস্থা, এর বিপরীতে সংরক্ষিত প্রভিশন, মূলধন পর্যাপ্ততা এবং ব্যাংকটির প্রকৃত আর্থিক মূল্যায়ন পর্যালোচনার বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া ব্যাংকটির সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ, শেয়ার মালিকানার কাঠামো, বিনিয়োগের শর্ত এবং সরকারের বিনিয়োগ করা মূলধনের স্বার্থ সুরক্ষার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। বিদেশি বিনিয়োগের কাঠামো, নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন নির্ধারণ করে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর আমার দেশকে বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়, তারল্য পরিস্থিতির উন্নতি, সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পাঁচ সদ্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সৌদি বিনিয়োগ আনতে উদ্যোগ নেবে।

জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারায় অন্তর্বর্তী সরকারের সময়ে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

সরকারি মালিকানার ব্যাংক হিসেবে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করা ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধনের মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার দেওয়া হবে। ফলে ব্যাংকটি শুরুতেই দেশের অন্যতম বড় মূলধনভিত্তিক ইসলামী ব্যাংকে পরিণত হয়েছে। সেজন্যই সরকার বিদেশি কৌশলগত অংশীদার খুঁজছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার আমার দেশকে বলেন, সরকারের সহযোগিতায় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে পাঁচটি ব্যাংক একীভূত করে বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করতে হওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগছে।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ এলে ব্যাংকটির সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে এসএসসি ফল জালিয়াতি মামলায় প্রোগ্রামারসহ তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ এম


চট্টগ্রামে এসএসসি ফল জালিয়াতি মামলায় প্রোগ্রামারসহ তিনজন আটক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তিনজনকে আটক করেছে, যার মধ্যে একজন প্রোগ্রামারও রয়েছেন। গত বুধবার রাতে তাদের আটক করা হয়। পরে সিআইডি তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন প্রোগ্রামার মো. মালেক (৪৫), ফরহাদ হোসেন (৩৬) এবং মো. জিসান (৩৫)। উল্লেখ্য, ফরহাদ ও জিসান বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী।

গতকাল বৃহস্পতিবার সিআইডি তিনজনকে পাঁচলাইশ থানায় চলমান ফল জালিয়াতির মামলায় অন্তর্ভুক্ত করার জন্য আদালতে পাঠিয়েছে।

সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানিয়েছেন, জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর ফলাফল প্রস্তুতের কম্পিউটার বিভাগের তিন কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। সিআইডি তদন্ত করছে, জালিয়াতির সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না।

শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির ঘটনা নতুন নয়। এর আগে ২০২৩ সালে ফলাফল পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথ কারাগারে গেছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।

২০২৫ সালেও আরেকটি ফল জালিয়াতির ঘটনা সামনে আসে। ওই ঘটনায় সাদিয়ার পরিবর্তে পিয়ালের নামে নম্বরপত্রের ফলাফল পরিবর্তন করা হয়েছিল। তখনকার বোর্ড চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিলেন, তবে সেই তদন্তের প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি। এর মধ্যেই চেয়ারম্যানকে বোর্ড থেকে ওএসডি করা হয়।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আসামিরা হলেন শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম, নূর হোসেন রায়হান এবং শিক্ষার্থী হাসিবুল আলী শোভন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— শ্রমিক নেতাদের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ এম


‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— শ্রমিক নেতাদের অভিযোগ

পুলিশি অভিযান ও হয়রানির কারণে পোশাকশ্রমিক ফেডারেশনগুলোর আঞ্চলিক কার্যালয় বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। একইসঙ্গে প্রতি রাতে ডিবি পুলিশের হানার ফলে তৈরি হওয়া ভীতিকর পরিস্থিতির কারণে শ্রমিক নেতারা নিজ বাসায় থাকতে পারছেন না বলে অভিযোগ করেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) নেতারা।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক জোটের নেতারা এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন। এ সময় সংগঠনের সভাপতি মীর আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল হক আমিন, সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ ও রুহুল আমিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সালাউদ্দিন স্বপন জানান, চলমান শ্রমিক আন্দোলনে আইবিসিভুক্ত ফেডারেশনের আঞ্চলিক পর্যায়ের ১২ জন নেতা ও বহু সাধারণ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে আন্দোলনে তৃতীয় পক্ষ বা ক্ষমতাচ্যুত সাবেক সরকারের লোকজন ঢুকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। তাহলে কোনো বিশৃঙ্খলায় জড়িত না থাকা সত্ত্বেও নির্দোষ শ্রমিক নেতাদের কেন গণহারে গ্রেফতার করা হচ্ছে এবং কেন তারা এলাকায় থাকতে পারছেন না?

আইবিসি নেতারা অভিযোগ করে বলেন, অনেক মালিক শ্রম আইনের ১৩ (১) ধারায় নোটিশ টাঙিয়ে কারখানা বন্ধ করে দিচ্ছেন। এতে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতির কারণে হাজার হাজার শ্রমিক বেতন-ভাতা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়েছেন। যেসব কারখানায় শ্রমিকরা কাজ করতে আগ্রহী, সেখানে ১৩ (১) ধারা প্রয়োগ করে বন্ধ রাখা হলেও শ্রমিকদের প্রাপ্য মজুরি পরিশোধের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহবান জানিয়ে আইবিসির পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয়, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করা। গ্রেফতারকৃত সব শ্রমিক নেতা ও শ্রমিকের দ্রুত মুক্তি দেওয়া। আঞ্চলিক পর্যায়ের নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানি বন্ধ করা। নিহত শ্রমিক তৌফিক শেখ ও মো. সেলিম হত্যার বিচার এবং তাদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান।

দাবি আদায়ের পাশাপাশি নিম্নতম মজুরি বোর্ডের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সাধারণ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চাঁদাবাজদের হুমকিতে ব্যবসা-বাণিজ্য জিম্মিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ এম


চট্টগ্রামে চাঁদাবাজদের হুমকিতে ব্যবসা-বাণিজ্য জিম্মিতে

চট্টগ্রামে চাঁদাবাজদের কার্যকলাপ ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করছে। চাঁদা না পেলে গুলি, হামলা এবং প্রাণনাশের হুমকি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাসাবাড়ি-কোথাও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। দেশি ও বিদেশি নম্বর থেকে ফোন করে লাখ লাখ টাকা চাঁদা চাওয়া হচ্ছে। চাঁদা দাবি না করলে সশস্ত্র হামলা চালানো হচ্ছে, বাসার ফটকে গুলি ছোড়া হচ্ছে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এসব ঘটনার পর মামলা, গ্রেপ্তার এবং পুলিশি পাহারা কিছুতেই দুর্বৃত্তদের তাণ্ডব থামাতে পারছে না। ব্যবসায়ীরা এতে আতঙ্কিত হয়ে পড়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মে পর্যন্ত চট্টগ্রাম নগরী ও আশপাশে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও দখলকে কেন্দ্র করে সহিংসতায় ৩৫ জন নিহত হয়েছেন। গোলাগুলির ঘটনা ৪০টির বেশি ঘটেছে। একই সময়ে চাঁদাবাজির জন্য ৬৮টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ভুক্তভোগীর সংখ্যা ১৫১ জন। শুধু চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম ১৭ মাসে চাঁদাবাজির ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ গত রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়া হয়। বাড়ির মালিক জাফর আহমদের অভিযোগ, তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ার পর গুলি চালানোর পর ফোন করে তাকে বলা হয়, "আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব।"

অন্যদিকে, বেনামে অভিযোগ নেওয়া অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবাজ বিডি ডটকম’-এ চলতি বছরের ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিভাগ থেকে ১৩৭টি অভিযোগ জমা পড়েছে। এতে মোট এক কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৩৩ টাকা চাঁদা দাবির কথা বলা হয়েছে।

নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় দুই দফা গুলির ঘটনা ঘটে। প্রথমবার চলতি বছরের ২ জানুয়ারি এবং দ্বিতীয়বার ২৮ ফেব্রুয়ারি। পরিবারের ভাষ্য, বিদেশে অবস্থানরত সন্ত্রাসী বড় সাজ্জাদের পরিচয়ে ফোন করে চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না পেয়ে হামলা চালানো হয় বলে তাদের অভিযোগ।

গ্রুপের এমডি মুজিবুর রহমান বলেন, বাড়ির পেছনের খালপাড় থেকে ভারী অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল। একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কোম্পানি থেকে চাঁদা দাবি করে আসছিল। মাসখানেক আগে কোম্পানির চেয়ারম্যানকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল।

পুলিশ পাহারা থাকার পরও হামলার বিষয়ে তিনি বলেন, প্রথমবার বাড়ির সামনে থেকে গুলি করলেও সেখানে পুলিশ থাকায় দ্বিতীয়বার বাড়ির পেছন থেকে গুলি করে। এভাবে চলতে থাকলে ব্যবসার পরিবেশ বিঘ্নিত হবে এবং ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গত ২৬ জুলাই দক্ষিণ পাহাড়তলীর বড় দীঘিরপাড়-ভাটিয়ারী এলাকায় ব্যবসায়ী জসীম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তার অভিযোগ, প্রায় এক মাস ধরে দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। টাকা না দেওয়ায় সাত-আটজনের একটি দল ভবনে ঢুকে ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে।

তিনি বলেন, তাকে ১০০ পুলিশের সামনে গুলি করার এবং চালের গুদামে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তার ভাষ্য, হামলাকারীরা গাড়ি নিয়ে এসে ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায়।

ওই ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করার কথা জানায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, কয়েকজন ভবনে ঢুকে ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। ভবনের মালিক চাঁদা দাবির অভিযোগ করলেও কারো নাম উল্লেখ করেননি বলে জানান তিনি।

এর আগে গত ১৩ জুলাই নগরীর বাকলিয়া অ্যাকসেস রোডে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য, হামলার সঙ্গে সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ও তার সহযোগীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

গত ১১ আগস্ট পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় রুনা টাওয়ারের ফটকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এর আগে ভবন মালিকের প্রবাসী ছেলের কাছে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এক ঘণ্টার মধ্যে টাকা দেওয়ার আলটিমেটামও দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভবনের নিরাপত্তাকর্মী কামাল হোসেন বলেন, ঘটনার পর থেকে সবাই আতঙ্কে আছেন। গুলির বিষয়টি নিয়ে কেউ কথা বলবেন না। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

চট্টগ্রামের হাটহাজারী এলাকায়ও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। আমান বাজারের চিকিৎসক ইউসুফ ফারুকী পারভেজের কাছে প্রথমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তা বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয় বলে পুলিশের ভাষ্য। বিদেশি নম্বর ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।

নগর পুলিশ এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে। জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, টাকা না দিলে ‘১০০ পুলিশ রাখলেও’ ওই চিকিৎসককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা কারাগারে থাকা ডেভিড ইমনের বেতনভুক্ত কর্মচারী বলে তার দাবি। তাদের কাছ থেকে বিদেশি নম্বর ব্যবহার করা চারটি মোবাইল ফোন জব্দ করার কথাও জানায় পুলিশ।

গত রোববার রাতে বায়েজিদ থানার শহীদনগরের ভূমি ব্যবসায়ী জাফর আহমদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার অভিযোগ, প্রায় ১০ মাস আগে থেকেই ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। সম্প্রতি আবার ফোন করে একই অঙ্কের টাকা চাওয়া হয়। টাকা না দেওয়ায় দুটি মোটরসাইকেলে করে চারজন এসে বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে।

তার ভাষ্য, গুলির পর তাকে ফোন করে বলা হয়- আজ বাড়িতে গুলি করেছি, কাল শরীরে করব। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে নগর পুলিশ কমিশনার হাসান শওকত আলী আমার দেশকে বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত অস্ত্রসহ বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। নগরবাসীকে চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দেওয়া পুলিশের অগ্রাধিকার বলে উল্লেখ করেন কমিশনার।

বিজিএমইএর পরিচালক ও সংগঠনটির সাবেক প্রথম সহসভাপতি এসএম আবু তৈয়ব বলেন, আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। এভাবে চলতে থাকলে ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে। প্রতিদিন কোনো না কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। ব্যবসায়ীরা যদি নিজেদের প্রতিষ্ঠান ও বিনিয়োগের নিরাপত্তা না পান, তাহলে নতুন বিনিয়োগে আগ্রহ হারাবেন। এর প্রভাব শুধু ব্যবসায়ীদের ওপর নয়, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির ওপরও পড়বে।

তিনি আরো বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। রাজনৈতিক ব্যক্তিদেরও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারা এগিয়ে এলে চাঁদাবাজি অনেকাংশে কমে আসবে। যারা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করছে এবং চাঁদা না পেয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক, কাউকে ছাড় দেওয়া উচিত নয়।

চাঁদাবাজি ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%