ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

জেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে জেলা শহরের পৌর পার্ক মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জারিফ তুহিন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক মো. তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে এই সমাবেশে রাজশাহী জেলা কৃষকদলের সভাপতি মো. শফিকুল ইসলাম সমাপ্ত, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মো. দুরুল হুদা, গোমস্তাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক মো. আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিমসহ অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারি, ক্ষমতার জন্য ইসলাম নয়: ফয়জুল করীম

সমাবেশে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে একসময় পানির অভাবে জমিতে এক ফসল উৎপাদন হতো। ১৯৯২ সালে বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে গভীর নলকূপ স্থাপনের ফলস্বরূপ এক ফসলি জমিতে তিন ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে।

তারা আরও তুলে ধরেন, বর্তমান সরকার কৃষকদের জন্য ঋণ মওকুফসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপহার হিসেবে পাওয়া মাছ উঠবে নিলামে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


উপহার হিসেবে পাওয়া মাছ উঠবে নিলামে

 

কুয়েত সরকারকে উপহার হিসেবে পাঠানোর উদ্দেশ্যে ২০ মেট্রিক টন মাছ কিনেছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), যার মধ্যে গলদা, বাগদা চিংড়ি ও রূপচাঁদা অন্তর্ভুক্ত রয়েছে।

তবে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় মাছগুলো কুয়েতে পাঠানো সম্ভব হয়নি। অতএব, টিসিবি এই মাছগুলো নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে।

জানা যায়, টিসিবি ১৮ আগস্ট একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে খাদ্যপণ্য উপহার হিসেবে পাঠানোর জন্য তারা ২০ মেট্রিক টন মাছ কিনেছিল। এর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন গলদা চিংড়ি এবং ৫ মেট্রিক টন করে বাগদা ও রূপচাঁদা।

তবে গোল বাধে ফ্লাইট জটিলতায়। কুয়েত সরকারের পক্ষ থেকে ফ্লাইট পাঠানোর কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং মাছগুলো কুয়েতে পাঠানো সম্ভব হয়নি। এই মাছগুলো বর্তমানে খুলনার ট্রাস্ট সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রসেসিং প্ল্যান্টে সংরক্ষিত রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে মাছগুলো নিলামের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

টিসিবি নিলামে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ২৫ তারিখের মধ্যে অংশগ্রহণের আবেদন চেয়ে গেছে। তবে মাছ নিতে রাজি যারা, তাদের কমপক্ষে ৫০০ কেজি মাছ ক্রয় করতে হবে। আর নিলামে অংশ নিতে হলে ফেরতযোগ্য ১৫ হাজার টাকা জামানত প্রদান করতে হবে। অংশগ্রহনকারীরা ২৩ ও ২৪ আগস্ট মাছের নমুনা পরিদর্শনের সুযোগ পাবেন, এমনটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে টিসিবি।

টিসিবি নিলাম সম্পর্কিত বিভিন্ন শর্তে জানায়, নিলামের পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে এবং পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে মাছের সরবরাহ গ্রহণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন চাপরতলা ইউনিয়ন যুবসেনার সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন চাপরতলা ইউনিয়ন যুবসেনার সভাপতি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের সকল স্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাপরতলা ইউনিয়ন শাখার সভাপতি মো. রাকিব মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি এই বিশেষ দিনটির গুরুত্ব তুলে ধরে বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হলো মুসলিম উম্মাহর জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং আনন্দের একটি দিন। এই দিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন উপলক্ষে তাঁর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, মহানবী (সা.) গোটা মানবজাতির জন্য রহমত হিসেবে এই পৃথিবীতে আসেন। তাঁর আদর্শ গ্রহণ করে আমাদের হিংসা-বিদ্বেষ এবং বিভেদ পরিহার করতে হবে এবং পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে।

শুভেচ্ছা বার্তায় তিনি চাপরতলা ইউনিয়নসহ নাসিরনগর উপজেলার সকল স্তরের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

সবশেষে তিনি সকলকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের সঙ্গে জড়িতদের ‘সামাজিকভাবে দাফন করা হবে না’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


মাদকের সঙ্গে জড়িতদের ‘সামাজিকভাবে দাফন করা হবে না’

মাদকের বিস্তার ঠেকাতে এবার সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদক সেবন, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্থানীয় মসজিদের মুসল্লি, মসজিদ কমিটি ও গণ্যমান্য ব্যক্তিরা।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর বাইতুশ শরফ জামে মসজিদে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাদক নির্মূলে সামাজিকভাবে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন বাইতুশ শরফ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোমিন। স্থানীয়রা জানান, মাদক সেবন, বিক্রি, সরবরাহসহ মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানো হয়েছে।

তাদের মতে, মাদকের সঙ্গে জড়িতদের অপরাধমূলক কর্মকাণ্ডে কোনো ধরনের প্রশ্রয় না দেওয়া এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতন করা হবে। এছাড়াও, মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাদক নির্মূল কমিটির সভাপতি আব্দুর আল রহিম বলেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লিদের সিদ্ধান্ত অনুযায়ী মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে পাঁচটি বিষয়ে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা হলো, মৃত্যুর পর তাদের সামাজিকভাবে দাফন করা হবে না, মসজিদের খাটিয়া ব্যবহার করা হবে না, ইমাম তাদের বাড়িতে খাবার গ্রহণ করবেন না, তাদের পরিবারের সামাজিক অনুষ্ঠানে কেউ অংশ নেবেন না এবং মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের উদ্দেশ্য কাউকে অপমান করা নয়। মাদকের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ ও সচেতন করা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এই উদ্যোগের মূল লক্ষ্য।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মান কাপে পুলিশ-সমর্থকদের সংঘর্ষে আহত ৮৫

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


জার্মান কাপে পুলিশ-সমর্থকদের সংঘর্ষে আহত ৮৫

জার্মান কাপের একটি বহুল আলোচিত ডার্বি ম্যাচে ফুটবলের উত্তেজনা সহিংসতায় রূপ নিয়েছে। ভালসহফ ম্যানহাইম এবং কাইজারস্লাউটার্নের ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩৫ জন নিরাপত্তাকর্মীসহ মোট ৮৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি আগেই উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দু'টি শহরের দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার হওয়ায় দীর্ঘদিনের বৈরিতার ফলে দুই দলের সমর্থকদের মধ্যে সহিংসতার আশঙ্কা ছিল।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জানায়, কাইজারস্লাউটার্নের সমর্থকেরা মূল স্ট্যান্ডের দিকে ফ্লেয়ার ছুড়লে ম্যানহাইমের সমর্থকেরা উত্তেজিত হয়ে মাঠে ঢুকে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১ হাজার ৪০০ দাঙ্গা পুলিশ মাঠে নামানো হয়। তারা সমর্থকদের গ্যালারিতে ফেরত পাঠানোর চেষ্টা করে। সংঘর্ষের কারণে ম্যাচ প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর খেলা পুনরায় শুরু হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১২০তম মিনিটে গোল করে কাইজারস্লাউটার্ন জয় নিশ্চিত করে।

ম্যানহাইম পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় ফেডারেল পুলিশের ৩৩ জন এবং রাজ্য পুলিশের দুজন সদস্য সামান্য আহত হয়েছেন। সব মিলিয়ে ৮৫ জনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত আটজনকে পরে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর সহিংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে জার্মান কর্তৃপক্ষ। পুলিশের ওপর হামলা, স্টেডিয়ামের সম্পদ ক্ষতিগ্রস্ত করা, জনশৃঙ্খলা ভঙ্গ এবং বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু হয়েছে।

সূত্র: গোল ডটকম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%