০১:২০ এম
বরিশাল নগরীতে বেপরোয়া গতির একটি ইজিবাইকের (হলুদ অটোরিকশা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নগরীর বান্দ রোডের কেডিসি গলির প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান।
নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান শুভ। গুরুতর আহত মোটরসাইকেল চালক আরিফুল ইসলাম মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা দুজনই পটুয়াখালীর লেবুখালী এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক লুৎফর রহমান জানান, মোটরসাইকেলে থাকা দুই আরোহী কেডিসি গলি থেকে বান্দ রোডে উঠছিলেন। এ সময় রূপাতলীর দিকে যাওয়া একটি বেপরোয়া গতির ইজিবাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তবে ইজিবাইক ও এর চালকের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার উদ্যোগ নিলে ইজিবাইকের চালক ঘটনাস্থল থেকে গাড়িসহ পালিয়ে যান।
পরিদর্শক লুৎফর রহমান আরও জানান, হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মেহেদী হাসান শুভকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পালিয়ে যাওয়া ইজিবাইক ও এর চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন