ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার, যাত্রী আটক


চট্টগ্রাম বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার, যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর হ্যান্ড লাগেজ থেকে প্রায় সাড়ে ৯৪ লাখ টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটে বিমানবন্দরের প্যাসেঞ্জার ডিপার্চার (বহির্গমন) লাউঞ্জে যৌথ অভিযান চালিয়ে এই মুদ্রাটি উদ্ধার করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ আবু বক্কর, যিনি চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় বাস করেন। বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বিমানবন্দর কাস্টমস শাখা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) একসঙ্গে এই অভিযান পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ‘বিজি১৪৭’ ফ্লাইটের যাত্রী আবু বক্করের হ্যান্ড লাগেজের তল্লাশি করে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়।

বাংলাদেশি টাকায় যার আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিরোধে বাবার দাফনে বাধা সন্তানরা

তিনি আরো জানান, যেকোনো ধরনের বৈদেশিক মুদ্রা পাচার এবং আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধসহ সরকারি রাজস্ব ফাঁকি বন্ধে বিমানবন্দর কর্তৃপক্ষ (বেবিচক) এবং সব গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ নজরদারি ও সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুয়ার সংজ্ঞায় যুক্ত হয়েছে বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০১:৪৭ এম


জুয়ার সংজ্ঞায় যুক্ত হয়েছে বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা

জেল-জরিমানার বিধান সহকারে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর একটি খসড়া নীতিগতভাবে অনুমোদন প্রদান করেছে মন্ত্রিসভা। একই সাথে অনলাইন এবং দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, এবং ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং-এর সাথে জড়িত বিভিন্ন জুয়া বিষয়ক সংজ্ঞা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে এই অনুমোদন প্রদানের কার্যক্রম সম্পন্ন হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময়ের সাথে সাথে জুয়ার বিস্তারে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে অনলাইন এবং অফলাইন বিভিন্ন প্রকারের জুয়া কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে।

এ কারণে জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, এবং আর্থসামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি প্রতিরোধকল্পে এসব জুয়া কার্যক্রমের ওপর সমসাময়িক উন্নত প্রযুক্তির সুবিধা নিয়ে যথাযথ তত্ত্বাবধান এবং আইনগত কাঠামো প্রদান করে রাষ্ট্রের সার্বিক নৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে ‘দ্যা পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ সংশোধনের মাধ্যমে হালনাগাদ এবং যুগোপযোগী করে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে—জুয়াখেলা, জুয়ার স্থান, জুয়ার সামগ্রী, ডিজিটাল সম্পদ, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, টোটালাইজেটর, অনলাইন এবং দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং-সহ জুয়া সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সংজ্ঞা প্রদান করা হয়েছে। অপরাধের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে অর্থদণ্ড, কারাদণ্ড এবং উভয় দণ্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিসভা বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোলে ৫ শতাধিক নারীর জন্য আত্মকর্মসংস্থান উদ্যোগের শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০১:৪৮ এম


বেনাপোলে ৫ শতাধিক নারীর জন্য আত্মকর্মসংস্থান উদ্যোগের শুরু

যশোরের বেনাপোলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, কর্মদক্ষতা বৃদ্ধি, এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ এবং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় ৫ শতাধিক নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে আলোকিত নারী উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংস্থাটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মমতাজ বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে এবং সমাজে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কারিগরি ও কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, বর্তমান সময়ে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা গেলে অনেক নারী ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন।

সভাপতির বক্তব্যে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, আলোকিত নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে নারীদের জন্য বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ৫ শতাধিক নারী প্রশিক্ষণার্থী ও সদস্য উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পই আপনাদের একমাত্র মিত্র: ইসরাইলের প্রতি ভ্যান্সের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:০২ এম


ট্রাম্পই আপনাদের একমাত্র মিত্র: ইসরাইলের প্রতি ভ্যান্সের সতর্কবার্তা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান চুক্তি নিয়ে ইসরাইলি সমালোচকদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ইসরাইলের একমাত্র মিত্র। এই কঠোর মন্তব্যে ইসরাইলের বিলিয়ন ডলারের মার্কিন প্রতিরক্ষা সহায়তা পাওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

ভ্যান্স এই সপ্তাহে ইরানের সাথে যুদ্ধ শেষ করার জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার পক্ষে যুক্তি দিয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচকরা এই চুক্তির তীব্র নিন্দা করেছেন। কারণ, এটা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং এর পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলার কোনো সুস্পষ্ট পথ দেখায়নি। বরং, এটি লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে বাধা সৃষ্টি করেছে।

ট্রাম্প তাঁর দীর্ঘদিনের মিত্র ইসরাইলের বারবার সমালোচনা করেছেন, যা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। প্রায় চার মাস আগে দুই দেশ ইরানের ওপর হামলা চালানোর জন্য জোটবদ্ধ হয়েছিল। এই যুদ্ধের ফলে বাজার এবং বৈশ্বিক তেল সরবরাহে একটি অস্থিরতা দেখা দেয়। কারণ, তেহরান এর জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সরবরাহ পথটি বন্ধ করে।

এদিকে, হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিটি নিয়ে ক্ষুব্ধ ছিলেন বলে প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কে জানতে চাওয়া হলে, ভ্যান্স বলেন, তিনি নেতানিয়াহুর কাছ থেকে এমন কোনো মন্তব্য শোনেননি। তবে তিনি ইসরাইলি নেতার মন্ত্রিসভার সদস্যদের সমালোচনা করেছেন। তিনি বলেন, তারা দলিলটি নিয়ে সমালোচনা করেছেন এবং ব্যক্তিগতভাবে ট্রাম্পকে আক্রমণ করেছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ভ্যান্স জানিয়েছেন, ‘তাদের প্রতি আমার বার্তা হলো, ডোনাল্ড জে. ট্রাম্পই এই মুহূর্তে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরাইল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল।’

এছাড়া, ভ্যান্স বলেছেন, ‘আমি যদি ইসরাইলি সরকারের মন্ত্রিসভায় থাকতাম, তাহলে হয়তো সারা বিশ্বে আমার অবশিষ্ট একমাত্র শক্তিশালী মিত্রের ওপর আক্রমণ করতাম না।’ ভাইস প্রেসিডেন্ট বলেন, তিনি ওই মন্ত্রিসভার সদস্যদের এ কথাও মনে করিয়ে দেবেন যে, ইসরাইলকে সুরক্ষিত রাখা দুই-তৃতীয়াংশ প্রতিরক্ষা অস্ত্র আমেরিকানদের হাতে তৈরি এবং আমেরিকান করদাতাদের টাকায় পরিশোধিত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরাইলকে প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়। তবে দুই দেশ একটি নতুন সহায়তা চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে।

ভ্যান্স আরও বলেন, ইসরাইলের সমস্যা ডোনাল্ড জে. ট্রাম্প নয়। যদি ইসরাইলের যে কেউ মনে করেন, তাদের সবচেয়ে বড় সমস্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তবে তাদের জেগে ওঠা উচিত এবং দেশটির বর্তমান পরিস্থিতির বাস্তবতা উপলব্ধি করা উচিত।

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, চুক্তির শর্তগুলো ইসরাইলের জন্য ক্ষতিকর ছিল। কারণ, এতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগের সমাধান করা হয়নি। তারা আরও যোগ করেন, ইসরাইলের নেতৃত্বের মধ্যেও এই একই মত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:০৩ এম


বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শেষ

বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া (সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং) প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ঢাকা সেনানিবাসস্থ সদর দপ্তর ১৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় আর্মি সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১৪ জুন শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন থেকে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল ১৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। এদিকে, ১০ পদাতিক ডিভিশন দল দুইটি স্বর্ণ, নয়টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

শ্রেষ্ঠ সাঁতারু নির্বাচিত হন ৯ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স কর্পোরাল মো. সিফাত উল্লাহ। ওয়াটার পোলো প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন হয় এবং ১৯ পদাতিক ডিভিশন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

ওয়াটার পোলোতে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ১১ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স কর্পোরাল মো. রাশিবুল হাসান।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%