ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী


সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, এলাকাবাসীকে সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এগিয়ে আসতে হবে। সড়কগুলোর উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হচ্ছে কি না, তা তদারকি করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

শনিবার মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

মন্ত্রী এসব উন্নয়নকাজের উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও মোনাজাত করেন।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, নির্বাচনের সময় যখন আমরা মাঠে-ময়দানে ছিলাম, তখন এলাকাবাসীর অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই দাবি পূরণে আজ আমরা সড়ক উন্নয়নের কাজ শুরু করেছি। এজন্য মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁর নির্দেশনায় এসব সড়কের উন্নয়নকাজ শুরু হচ্ছে।

তিনি আরও বলেন, ‘এখন আর আন্দোলনের সময় নয়, এখন দেশ গড়ার সময়, এলাকা গড়ার সময়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে। কোনো ধরনের দলাদলিতে জড়ানো যাবে না। এলাকাবাসীকে নিজেদের এলাকার উন্নয়নকাজের বিষয়ে সচেতন থাকতে হবে এবং কাজের মান বুঝে নিতে হবে।’

উদ্বোধন করা তিনটি সড়কের মধ্যে রয়েছে, তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়ক, গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়ক এবং গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়ক।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৭০০ মিটার এবং প্রস্থ ১২ ফুট। সড়কটির উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকার বেশি। আগামী ৩০ মে ২০২৭ সালের মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়কের এক কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় হবে ৮৬ লাখ ১৪ হাজার টাকার বেশি। আগামী ২ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা রয়েছে।

অন্যদিকে, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়কের রক্ষণাবেক্ষণ কাজের আওতায় ১ হাজার ৪৮০ মিটার সড়ক সংস্কার করা হবে। সড়কটির প্রস্থ ৩ দশমিক ০৫ মিটার। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকার বেশি। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, মানিকগঞ্জের রাস্তাঘাটসহ সব এলাকার উন্নয়নকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। তিনি এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে মানিকগঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি। সম্পদের সীমাবদ্ধতা থাকায় সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে সব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। মানিকগঞ্জের উন্নয়নে যা যা প্রয়োজন, তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আমি নিয়ে আসব। আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। ইনশাল্লাহ , মানিকগঞ্জের সব প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পের পর শনিবার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ তথ্য জানায় প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

সংবাদ মাধ্যম এএফপি’র বরাত দিয়ে জানা যায়, হাওয়াইভিত্তিক সংস্থাটি সতর্ক করে বলেছে, ভূমিকম্পের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

ভানুয়াতুর আশপাশের সমুদ্র অঞ্চলে সংঘটিত এই ভূমিকম্পটির গভীরতা ছিল কম। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভানুয়াতুর পোর্ট-অলরি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। পরে সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা সংশোধন করে ৬ দশমিক ৯ নির্ধারণ করে। একই এলাকার কাছাকাছি ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবরও জানিয়েছে সংস্থাটি।

ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প ঘটে। নিচু ভূখণ্ডবিশিষ্ট দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তার জন্য পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি : জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি : জামায়াত আমির

বিরোধী দলের নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, স্থানীয় নির্বাচন নিয়ে এখনও তিনি ভালো লক্ষণ দেখতে পাচ্ছেন না। জাতীয় সংসদের চীফ হুইফ, যিনি সংসদের শৃঙ্খলার দায়িত্বে আছেন, তিনি তার এলাকায় গিয়ে বলেছেন যে, যেখানে বিএনপি’র প্রার্থী বিজয়ী হবে না, সেখানে কোনো সরকারি বরাদ্দ প্রদান করা হবে না। এটি একটি লজ্জার বিষয়। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে, জনগণকে আগে থেকেই ভয় দেখানো হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসের হলরুমে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের এডিশনাল সেক্রেটারি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এখানে প্রশ্ন উঠছে, কেন একজন দলীয় লোককে এখানে আনতে হবে।

জামায়াত আমির উল্লেখ করেন, নির্বাচনের আগে তারা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করবেন। তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চান। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাবেন, তখন নির্বাচনে অংশগ্রহণ করবেন। তারা জনগণের অধিকার নিয়ে লড়াই করতে চান।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিরোধী নেতা আরও বলেন, সৌভাগ্যক্রমে তারা একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছেন। তিনি সকল মন্ত্রণালয়ে সার্ভিস প্রদান করেন। কিন্তু তিনি মাদক নিয়ন্ত্রণ কিংবা অস্ত্র নিয়ন্ত্রণে সফল হননি, এবং সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেননি। রাষ্ট্রে আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি নেই।

জামায়াত আমির বলেন, সংবাদপত্র সমাজের আয়না। তাদের মাধ্যমে সমাজের দোষত্রুটি প্রকাশ পায়। স্বাধীনতার পর ১৯৭৫ সালে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছিল। রাজনীতির উপর আঘাত এসেছিল। বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সব সংবাদ মাধ্যম সরকার তার পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছিল। ৪টি সংবাদ মাধ্যম ছাড়া আর কোনো সংবাদ মাধ্যমের অস্তিত্ব রাখা হয়নি।

এদিকে, জামাত আমির ডা. শফিকুর রহমান সকালের দিকে মৌলভীবাজার সার্কিট হাউসে আসলে তাকে অভ্যর্থনা জানান জেলা জামায়াত আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, হবিগঞ্জ জেলার আমির মাওলানা কাজী মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলার সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, ছাত্রশিবিরের জেলা সভাপতি ফরিদ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলের প্রধান নেতা চুমু দেয়ার সংস্কৃতি চালু করেছেন : রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


দলের প্রধান নেতা চুমু দেয়ার সংস্কৃতি চালু করেছেন : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন উল্লেখ করেছেন, সন্তান হল সকল বাবা-মায়ের কাছে একটি পবিত্র আমানত। এই আমানতের প্রতি কেউ যদি কুনজর দেয়, তাহলে বাবা-মায়ের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। তবে একটি বিষয় মনে রাখতে হবে, একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে এমন চুমু দেয়ার সংস্কৃতি চালু করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, হয়তো তিনি শিশু বা অন্য কারো প্রতি স্বাভাবিক আদর বা ভালোবাসার প্রকাশ হিসেবে চুমু দেন। কিন্তু তার আচরণে প্রভাবিত হয়ে অন্য কেউ যদি এমন আবেগ প্রকাশ করে কিংবা দুশ্চরিত্র সুযোগসন্ধানী লোকজন শিশুদের দিকে কুনজর দেয়, তাহলে এর পরিণতি কি হতে পারে, সেটি টঙ্গীতে দেখা গেছে।

তিনি আরও বলেন, আমি বলছি না যে, সেই দলের প্রধান নেতা নেতিবাচক উদ্দেশ্যে চুমু দিয়ে ভালোবাসা বা আদরের প্রকাশ ঘটান। তবে বর্তমান বাস্তবতা ও প্রেক্ষাপটে এই ধরনের চুমু দেয়া একটি শিশু বা অন্য কারোর জন্য অত্যন্ত বিব্রতকর। আমি আশা করি, টঙ্গীর ঘটনার পর ওই দলের প্রধান নেতা নিজেকে সংশোধন করবেন।

টঙ্গীর ঘটনার প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, চুমু দেয়া একজন শিক্ষকের কাজ নয়, এটি একজন রাজনৈতিক নেতারও কাজ নয়। টঙ্গীতে একটি মাদ্রাসায় ৭ বছরের শিশু কন্যাকে অভিযুক্ত একজন শিক্ষক চুমু দেয়ার ঘটনা এবং পরবর্তীতে শিশুটির বাবার অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মারার বিষয়টি সারা দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিষয়টি সামনে আসার পর অনেক বাবা-মায়ের মধ্যে তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আবার কেউ কেউ এই ঘটনার মাধ্যমে মাদ্রাসাশিক্ষা-বিরোধী ক্যাম্পেইনও শুরু করেছেন, কিন্তু কোনো ব্যক্তির অপরাধের জন্য পুরো মাদ্রাসাশিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়, ওই বাবা-মাও তার বক্তব্যে এ বিষয়টি তুলে ধরেছেন।

তিনি বলেন, আমি আশা করি, সারা দেশের মাদ্রাসার শিক্ষকরাই এই ঘটনার প্রতিকার বের করে প্রতিবাদ করবেন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৬৮৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৬৮৪ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ের মধ্যে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করা হয়, যেখানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিয়াজ মেহেদী আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৮ জন, লালবাগ বিভাগ থেকে ৪৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৮৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৭৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ১১০ জন, মিরপুর বিভাগ থেকে ২০৬ জন, গুলশান বিভাগ থেকে ৭৮ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন, এসআরইউ বিভাগ থেকে ৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, অভিযানের সময় ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, ১টি মোটরসাইকেল, ১টি অটোরিকশা (৪টি ব্যাটারিসহ), নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, ৮টি খাতা ও গাঁজা ভর্তি কলকীসহ কাটার উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%