১১:৫১ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন যে, দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, যারা প্রতিদিন মাছ-মাংস কেনার সামর্থ্য রাখেন না, তাদের জন্য ডিমই প্রোটিনের একমাত্র ভরসা। কিন্তু বর্তমানে ডিমের হালি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। শুধু ডিম নয়; চাল, আটা, তেল, চিনি, মুরগি, মাছ এবং সবজির দামও বেড়ে গেছে। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকায় পৌঁছেছে এবং সম্প্রতি দুধের দামও বৃদ্ধি পেয়েছে। মানুষের আয় বাড়েনি, কিন্তু বেঁচে থাকার খরচ বহুগুণ বেড়ে গেছে।
আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান
সরকারের ভুল নীতি ও সিদ্ধান্তকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী করে তিনি তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন—
১. বাজেট ও মুদ্রাস্ফীতি: মেগা প্রজেক্ট এবং বিভিন্ন ধরনের কার্ড ছাপানোর জন্য প্রায় ২০% বড় বাজেট তৈরি করা হয়েছে। দেশের অর্থনীতিতে তেমন কোনো গতি নেই। ধনীদের ট্যাক্স ফাঁকি বন্ধ কিংবা তাদের ট্যাক্স বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই। তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? হয় ভ্যাট বাড়িয়ে, নয় ঋণ করে, নয়তো টাকা ছাপিয়ে। ভ্যাট বাড়লে সরাসরি দাম বাড়ে। টাকা ছাপালে মূল্যস্ফীতি বাড়ে। ঋণও পরে সুদে ফেরত দিতে হবে।
২. জ্বালানি মূল্যবৃদ্ধি: যখন সরকার হঠাৎ বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায়, তখন সেচ, পোলট্রি, মাছ চাষ, হিমাগার, মাল টানার ট্রাক, দোকান— সবকিছুর খরচ একসঙ্গে বেড়ে যায়। সেই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত ক্রেতার ওপর পড়ে।
৩. সিন্ডিকেট ও চাঁদাবাজি: সিন্ডিকেট এবং রাজনৈতিক চাঁদাবাজির কারণে সাধারণ মানুষকে উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি দামে পণ্য কিনতে হয়।
আরও পড়ুন: পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির
সরকার বিকল্প পথে হাঁটতে পারত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপির নির্বাচনি ইশতেহার ও ছায়া বাজেটে দেখানো হয়েছে যে, ধনীদের ট্যাক্স ফাঁকি রোধ ও অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের ব্যয় কমালে মধ্যবিত্তের ওপর ট্যাক্স কমানো সম্ভব, নিত্যপণ্যের ভ্যাট তুলে নেওয়া যায় এবং জ্বালানিতে ভর্তুকি দেওয়া সম্ভব। কিন্তু সরকার তা না করে ভুল নীতি বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন