০৫:০৬ পি.এম
অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে তিনি অন্যান্য শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে আরো সতর্ক থাকার অনুরোধ করেছেন।
তিনি রবিবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টে উল্লেখ করেন যে, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে কাজ করার সময় তাকে অনেক সমস্যা মোকাবেলা করতে হয়েছে। সেগুলোর মধ্যে যোগাযোগের ঘাটতি, পেশাদার আচরণের অভাব এবং পারিশ্রমিকের পরিশোধে অনিয়ম উল্লেখযোগ্য।
পারসার দাবি, তিনি সাত মাস ধরে নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। কিছু অর্থ পরিশোধ করা হলেও তিনি এখনও সম্পূর্ণ পাওনা বুঝে পাননি। তবে, তিনি বলেন, তার নিজের বকেয়ার তুলনায় উদ্বেগের বিষয় হচ্ছে, শুটিং ইউনিটের অনেক সদস্যও তাদের প্রাপ্য পারিশ্রমিক এখনও পাননি।
আরও পড়ুন: নেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনা আটকে দেন ট্রাম্প
এ বিষয়ে পারসা বলেন, ‘আমি নিজে যদি পাওনা না পাই, তবে হয়তো সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু যারা দিন এনে দিন খায়, প্রোডাকশন বয় বা নতুন যারা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন, তাদের প্রাপ্য পারিশ্রমিক আটকে রাখা মোটেও গ্রহণযোগ্য নয়।’
একই সঙ্গে, তিনি প্রশ্ন তোলেন, কেন এত মানুষের পারিশ্রমিক এত দীর্ঘদিন ধরে বকেয়া রাখা হয়েছে। পোস্টে তিনি বিনোদন অঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে সতর্কবার্তা প্রদান করেন। তার পরামর্শ হচ্ছে, যোগ দিতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঠিক তথ্য পাওয়ার জন্য ভালোভাবে অনুসন্ধান করা, চুক্তির শর্ত ও পারিশ্রমিকের বিষয়গুলো লেখার মাধ্যমে নিশ্চিত করা এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।
পোস্টের শেষাংশে পারসা ইভানা উল্লেখ করেন, ‘আমি এমন একটি বিনোদন অঙ্গন দেখতে চাই, যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারি সর্বোচ্চ গুরুত্ব পাবে।’ তার সঙ্গে তিনি যুক্ত করেন, অসততা, প্রতিশ্রুতি ভঙ্গ এবং অপেশাদার আচরণের কোনো স্থান এই শিল্প অঙ্গনে থাকা উচিত নয়।
আরও পড়ুন: সিসিউতে ভর্তি ড. আব্দুল মঈন খান, দেখতে গেলেন সমাজ কল্যাণমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন