ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাদক নির্মূলের নামে সালিশে কান ধরে উঠবস, টাকা আদায়ের অভিযোগ


মাদক নির্মূলের নামে সালিশে কান ধরে উঠবস, টাকা আদায়ের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী কার্যক্রমের আওতায় ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’ নামক সংগঠনের বিরুদ্ধে সালিশ বসিয়ে স্থানীয়দের হেনস্তা করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মাদক সেবনের অভিযোগে বিভিন্ন ব্যক্তিকে আটক করে সংগঠনের উদ্যোগে আয়োজিত সালিশে কান ধরে উঠবস ও ঘোরানোসহ নানা ভাবে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এসব ঘটনার মধ্যে তাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও রয়েছে।

এটি জানা যায় যে, মাদক নির্মূলের উদ্দেশ্যে ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’ নামের একটি সংগঠন গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে দিন-রাত এলাকায় টহল দেন। যদি কারো বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে, তবে তাকে আটক করে এশার নামাজের পর সংগঠনের উদ্যোগে বসানো সালিশে হাজির করা হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে তৈরি করা নিয়ম অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, সালিশে মাদক সেবনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কান ধরে ঘোরানো, কান ধরে উঠবস করানো, জুতাপেটাসহ বিভিন্নভাবে অপমান ও লাঞ্ছিত করা হয়। কেউ যদি সালিশে হাজির না হন, তাহলে তাকে সামাজিকভাবে হেয় করা হয় বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

ভুক্তভোগী রোদারপুড্ডা মাইজহাটির সিদ্দিক মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া অভিযোগ করেন, তার বিরুদ্ধে মাদক বিক্রির মিথ্যা অভিযোগ তুলে সালিশের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্ধারিত সময়ের এক দিন পর সালিশে উপস্থিত হওয়ায় তাকে কান ধরে ঘোরানো, জুতাপেটা এবং কান ধরে উঠবস করানো হয় বলে দাবি করেন তিনি। এসব ঘটনা জানাজানি হলে তার ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সোহাগ।

আরেক ভুক্তভোগী রোদারপুড্ডা এলাকার আক্কাস আলীর ছেলে জিহাদ মিয়া (২৮) অভিযোগ করেন, রিজন, খোকন, জিহাদুলসহ ২০ থেকে ২৫ জন তাকে মাদক সেবনের অভিযোগে আটক করে প্রায় দুই ঘণ্টা খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। তার মা-বাবা তাকে ছাড়িয়ে নিতে গেলে তাদের ছাড়েননি। পরে পুলিশ তাকে সোপর্দ করে, কিন্তু তার কাছে মাদকের কোনো আলামত না পাওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয়।

জিহাদ আরও অভিযোগ করেন, পুলিশ ছেড়ে দেওয়ার পর ওই রাতেই তাকে ও তার মা-বাবাকে গ্রামের সালিশে হাজির করা হয়। সেখানে তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয় এবং তাকে কান ধরে উঠবস ও ঘোরানো হয়। এসব ঘটনা এলাকার বাইরে কাউকে জানালে বা অভিযোগ করলে তিন মাসের জেল দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

রোদারপুড্ডা গ্রামের সাবেক মেম্বার মো. আলম মিয়া বলেন, চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন জানতে পেরে একটি পক্ষের হয়ে সংগঠনের কয়েকজন সদস্য তার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে তার ছেলেকে তল্লাশি করেন। এ সময় ভিডিও ও ছবি তোলা হয়। তার ছেলে সিগারেটও সেবন করেন না বলে দাবি করেন আলম মিয়া। পরে বাধ্য হয়ে নিকলী থানায় অভিযোগ করলে তার ছেলেকে মাদক কারবারি আখ্যা দিয়ে এলাকায় মিছিল করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, কোনো আলামত না পাওয়ার পরও ধারীশ্বর গ্রামের সিয়ামকে (২০) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গোয়ালহাটির জলিল (২৫) ও কফিল (৫৫) হাওরে মাছ ধরতে গেলে তাদের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ তোলা হয়। পরে ফরজ আলী (৩৫) ও রাজীবের (৩৮) নেতৃত্বে তাদের আটক করে সংগঠনটির কাছে হস্তান্তর করা হলে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ছাড়া রোদারপুড্ডা মাইজহাটির ইয়াকুব ও তসলিমকে মাদক সেবনের অভিযোগে আটক করে যথাক্রমে ৬ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা এবং সালিশে কান ধরে সাত পাক ঘোরানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ধারীশ্বরের ফেরদৌস (২৮), বাঁধন (১৭), আলমগীর (২৫) ও জারইতলার আকাশ (১৮)সহ আরও কয়েকজনকে জুতাপেটা, কান ধরে ঘোরানো, অপমান-লাঞ্ছিত এবং জরিমানা করার অভিযোগও করেছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’-এর প্রচার সম্পাদক মো. আব্দুল হালিম হোসাইনী জানান, প্রমাণসহ মাদকসেবীদের আটক করে পুলিশে দেওয়া হয়। যেসব ক্ষেত্রে পুলিশ আসামি নিচ্ছে না, সেসব বিষয়ে গ্রামের মুরব্বিরা বিচার করছেন। সাংগঠনিক দায়িত্ব হিসেবে মাদকসেবীদের আটক করে সালিশের দরবারে হাজির করা হয়েছে। সামাজিক জুরিবোর্ডের মাধ্যমে মুরব্বিরা শাস্তির সিদ্ধান্ত নিয়েছেন।

সালিশে কান ধরে উঠবস করানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কান ধরে উঠবস করানো সামাজিক শাস্তির আওতাভুক্ত ছিল। মাদক সেবনের অভিযোগে আটক কয়েকজনকে পুলিশে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে সামাজিক বিচারের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

সংগঠনের সভাপতি আরিফ রাব্বানী বলেন, তাদের সংগঠনের মাধ্যমে বেশ কিছু মাদকসেবীকে আটক করা হয়েছে। কয়েকজনকে মোবাইল কোর্টের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হয়েছে। আর কয়েকজনকে গ্রামীণ সালিশে হস্তান্তর করা হয়েছে। অনেকের বিষয় গ্রামীণ সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

সালিশে আটক ব্যক্তিকে জুতাপেটা করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছেলে তার বাবার হাতে শাসিত হয়েছে, এর জন্য গ্রামবাসী বা সংগঠন দায়ী নয়। সালিশে কান ধরে ঘোরানো ও উঠবস করানোর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে গ্রামের সালিশকারীরা বলতে পারবেন।

রোদারপুড্ডা গ্রামের সালিশকারক বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল করিম সালিশে কান ধরে উঠবস করানোর বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, কাউকে জরিমানা করা হয়নি। তবে একজনকে কান ধরে উঠবস করানো হয়েছে এবং কয়েকজনকে মুফতির কাছে তওবা করানো হয়েছে। মাদকসেবনের অভিযোগে চারজনকে পুলিশে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সংগঠন ও গ্রামের বিচার কার্যক্রমের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক জানান, নিকলী থানায় যোগদানের পর তিনি জানতে পেরেছেন, রোদারপুড্ডা এলাকায় একটি সংগঠনের কিছু লোক সালিশে কান ধরে ঘোরানো, উঠবস করানো এবং টাকা আদায় করছে। বিষয়টি জানার পর এসব কর্মকাণ্ড বন্ধ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের থানায় সোপর্দ করতে বলা হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না বলেও জানান তিনি।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়াগামী নৌকায় পানি: ৬৫ জন উদ্ধার, ১১ পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ এম


মালয়েশিয়াগামী নৌকায় পানি: ৬৫ জন উদ্ধার, ১১ পাচারকারী আটক

বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি ঢুকে পড়া মালয়েশিয়াগামী একটি নৌকা থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করে আটক করা হয়েছে। বাকি ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রতারণার শিকার হয়েছেন বলে নৌবাহিনী জানিয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সেন্ট মার্টিনের কাছাকাছি সমুদ্রে এই ঘটনা ঘটে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট একটি ভাসমান কাঠের নৌকা দেখতে পায়। নৌকার কিছু ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে ওই এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি উদ্ধার করে। এ সময় নৌকাটিতে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন এবং নৌকায় থাকা ৭৬ জনকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

নৌবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার জন্য মানব পাচারকারী চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। তাঁদের অধিকাংশকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল বলে জানা গেছে। পরে তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল।

নৌবাহিনী জানিয়েছে, বোটটি অবৈধভাবে সমুদ্রপথে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। বোটে থাকা ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের এবং বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ এম


নারায়ণগঞ্জে মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুর মহিলা মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ নারী শিক্ষার্থী দগ্ধ হওয়ার ঘটনায় লামিয়া নামের একজনের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর ফলে ওই বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টায় জিদনী (১৪) এবং মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আতিয়া আক্তার রিমা (১০) নামের দুই শিক্ষার্থী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, লামিয়ার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল। ওই ঘটনায় দগ্ধ সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সুমাইয়া আক্তারের শরীরের ৭ শতাংশ এবং আছিয়ার ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের একটি মহিলা মাদরাসায় বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে পাঁচ নারী শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে শিশুদের প্রাণহানি, ফের সামনে এল বেসামরিক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ এম


পাকিস্তানের হামলায় আফগানিস্তানে শিশুদের প্রাণহানি, ফের সামনে এল বেসামরিক ক্ষয়ক্ষতি

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে বেসামরিক প্রাণহানির ঘটনা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে দেশটির সামরিক অভিযানের ক্ষয়ক্ষতি সম্পর্কে। জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন (ইউএনএএমএ) জানায়, কুনার ও হেলমান্দ প্রদেশে পরিচালিত হামলায় নিহত ২২ জন বেসামরিক নাগরিকের মধ্যে অধিকাংশই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

ইউএনএএমএ জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের বিমান হামলার ফলে এসব হতাহতের ঘটনা ঘটে। আফগান সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকরা নিহত হয়েছেন।

আফগানিস্তানে পাকিস্তানের সামরিক অভিযানে বেসামরিক হতাহতের ঘটনা নতুন নয়। জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরে সীমান্তপারের সহিংসতায় এক হাজারের বেশি বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। সর্বশেষ হামলায় নিহতদের বেশির ভাগ শিশু হওয়ায় পাকিস্তানের সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

পাকিস্তান এসব হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে আসছে। দেশটির দাবি, আফগানিস্তান থেকে পরিচালিত ড্রোন হামলার জবাবে এবং ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণের সঙ্গে জড়িত স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, আফগান সরকার পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করে বেসামরিক এলাকায় হামলার নিন্দা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে ক্ষতিপূরণ বাড়ানোর দাবি এমপি মনিরুল হকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ এম


সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে ক্ষতিপূরণ বাড়ানোর দাবি এমপি মনিরুল হকের

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী পরিবহন মালিকদের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন। এ ক্ষেত্রে যে ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে, তা অত্যন্ত নগণ্য। মানুষের জীবনের মূল্য ৫ লাখ টাকা হতে পারে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে এক কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী আরও বলেন, দুর্ঘটনার পর শুধুমাত্র ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তা প্রদান যথেষ্ট নয়। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা, চালকদের দক্ষতা ও প্রশিক্ষণ বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করতে হবে।

তিনি উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো শুধুমাত্র মানবিক দায়িত্ব নয়, বরং এটি রাষ্ট্রের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যু একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, এবং আহতরা অনেক সময় দীর্ঘমেয়াদি চিকিৎসা ও আর্থিক সংকটে ভোগেন। এই বাস্তবতায় আর্থিক সহায়তা প্রদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

কুমিল্লা বিআরটিএ অফিসের সূত্র অনুযায়ী, কুমিল্লা জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। হতাহত পরিবারের সদস্যরা বিআরটিএর ট্রাস্টি বোর্ডের কাছে আবেদন করেন। আবেদনের পর যাচাই-বাছাই শেষে ২৭টি পরিবারের মধ্যে এক কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, আবদুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%