প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী পরিবহন মালিকদের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন। এ ক্ষেত্রে যে ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে, তা অত্যন্ত নগণ্য। মানুষের জীবনের মূল্য ৫ লাখ টাকা হতে পারে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে এক কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, দুর্ঘটনার পর শুধুমাত্র ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তা প্রদান যথেষ্ট নয়। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা, চালকদের দক্ষতা ও প্রশিক্ষণ বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করতে হবে।
তিনি উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো শুধুমাত্র মানবিক দায়িত্ব নয়, বরং এটি রাষ্ট্রের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যু একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, এবং আহতরা অনেক সময় দীর্ঘমেয়াদি চিকিৎসা ও আর্থিক সংকটে ভোগেন। এই বাস্তবতায় আর্থিক সহায়তা প্রদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।
কুমিল্লা বিআরটিএ অফিসের সূত্র অনুযায়ী, কুমিল্লা জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। হতাহত পরিবারের সদস্যরা বিআরটিএর ট্রাস্টি বোর্ডের কাছে আবেদন করেন। আবেদনের পর যাচাই-বাছাই শেষে ২৭টি পরিবারের মধ্যে এক কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, আবদুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন