মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,
০৮:৩৩ পি.এম
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেলছড়ি এলাকায় যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্থানীয় খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোবারক হোসেন মহিন এলাকার তরুণ খেলোয়াড়দের হাতে বিভিন্ন খেলার উপকরণ তুলে দেন।
ক্রীড়া সামগ্রী পেয়ে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা জানান, অনেকেই শিক্ষার্থী হওয়ায় নিয়মিত খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জাম কেনার সামর্থ্য থাকে না। এমন সহযোগিতা তাদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
খেলোয়াড় সোলেইমান বলেন, আমরা এখনও পড়াশোনা করছি। নিজেরা খেলার সামগ্রী কেনার মতো আর্থিক সক্ষমতা নেই। এই উপকরণ পেয়ে আমরা খুবই আনন্দিত। এখন পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে পারব।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা উদ্যোগটির প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ মাদক, মোবাইল গেম ও অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে। তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোবারক হোসেন মহিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, একজন তরুণকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক মূল্যবোধ শেখায়। আমরা চাই আমাদের এলাকার তরুণরা মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক।
তিনি আরও বলেন, গ্রামের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীদের এগিয়ে আসা প্রয়োজন। তরুণদের জন্য সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি করতে পারলে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়রা ভবিষ্যতে আরও মনোযোগের সঙ্গে খেলাধুলা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়রা এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশিষ্টজনেরা ধর্ষণ ও যৌন সহিংসতার মতো নৃশংস অপরাধ প্রতিরোধে পারিবারিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। তারা বলেছেন, শিশুদের গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে শিক্ষা দেয়ার পাশাপাশি নারীর পোশাককে দায়ী করার সামাজিক মানসিকতা পরিবর্তন করা একান্ত জরুরি।
তারা একই সাথে এই প্রবণতারও কঠোর সমালোচনা করেছেন যে, কোনো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেই কেবল বিচার প্রক্রিয়া গতি পায়।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ধর্ষণ, শিশু নির্যাতন ও বিচারহীনতা’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এসব মতামত প্রকাশিত হয়।
আলোচনায় অংশগ্রহণকারী আইনবিদ, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বলেছেন, নারী ও শিশু নির্যাতন রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রমের অভাব এবং সামাজিক ট্যাবুকে এ ধরনের অপরাধের বিস্তার পাওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
একই সাথে, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে মামলার বিচার কাজ শেষ করার আইনি বাধ্যবাধকতা কেন বাস্তবায়িত হচ্ছে না, সে প্রশ্নও বক্তারা তুলেছেন। তারা আক্ষেপ প্রকাশ করে বলেছেন, ধর্ষণের ঘটনায় এখনও ভুক্তভোগী নারীকেই সমাজ এবং কাঠগড়ায় দোষারোপের শিকার হতে হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭-৯ জুন রাশিয়া সফর করবেন বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক দক্ষিণ (গ্লোবাল সাউথ) এবং পূর্বের দেশগুলোর স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দেওয়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) দ্রুত অর্জনে উদ্বুদ্ধ করা, সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং অধিকতর বিস্তৃতভাবে বৈশ্বিক পরিমণ্ডলে জাতিসংঘের কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পুনরুত্থিত করার বিষয়ে নবনির্বাচিত সভাপতির সদিচ্ছা মস্কো স্বাগত জানিয়েছে।
৭-৯ জুন ড. খলিলুরের এই সরকারি সফরসহ সামগ্রিক বিষয় নিয়ে রাশিয়া তার সঙ্গে একটি গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছে।
তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কে প্রাইভেটকারের চাপায় রাকিবুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার দুপুরের সময় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক রাকিবুল ইসলাম (২৫) উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাকিবুল মোটরসাইকেলে বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। তিনি যখন ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ছোট বটতলীতে পৌঁছান, তখন ঠাকুরগাঁওগামী একটি প্রাইভেটকার পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় রাকিবুল পাকা সড়কের ওপর পড়ে যান। স্থানীয়জনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহত ব্যক্তিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি এখন ভালো আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মন্ত্রিপরিষদের সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সভায় সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়, চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এই সভায় মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ