প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেলছড়ি এলাকায় যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্থানীয় খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোবারক হোসেন মহিন এলাকার তরুণ খেলোয়াড়দের হাতে বিভিন্ন খেলার উপকরণ তুলে দেন।
ক্রীড়া সামগ্রী পেয়ে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা জানান, অনেকেই শিক্ষার্থী হওয়ায় নিয়মিত খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জাম কেনার সামর্থ্য থাকে না। এমন সহযোগিতা তাদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
খেলোয়াড় সোলেইমান বলেন, আমরা এখনও পড়াশোনা করছি। নিজেরা খেলার সামগ্রী কেনার মতো আর্থিক সক্ষমতা নেই। এই উপকরণ পেয়ে আমরা খুবই আনন্দিত। এখন পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে পারব।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা উদ্যোগটির প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ মাদক, মোবাইল গেম ও অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে। তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোবারক হোসেন মহিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, একজন তরুণকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক মূল্যবোধ শেখায়। আমরা চাই আমাদের এলাকার তরুণরা মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক।
তিনি আরও বলেন, গ্রামের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীদের এগিয়ে আসা প্রয়োজন। তরুণদের জন্য সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি করতে পারলে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়রা ভবিষ্যতে আরও মনোযোগের সঙ্গে খেলাধুলা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়রা এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন