সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪২ এম
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মজুরি বোর্ডের তৃতীয় সভা। এ সভায় মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব দেবে বলে জানা গেছে। গত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি করে প্রস্তাব উপস্থাপন করেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে ১৬ নভেম্বর নির্ধারিত বোর্ড সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল। পরে বোর্ডের কার্যক্রমের অংশ হিসেবে ২৩ নভেম্বর তৃতীয় সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়ার আশা করা হচ্ছে।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
এছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।
দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। তারা প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এ মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
নতুন মজুরি নির্ধারণের দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি সামনে রেখে এ দাবি জানানো হচ্ছে।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক এ বি এম শামসুদ্দিন।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর পক্ষ থেকে রোববার (২২ নভেম্বর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ সম্পন্ন করা হবে।
এই কারণে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকার মধ্যে রয়েছে হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।
এই সাময়িক অসুবিধার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শ্রমিকদের সন্ধানে কর্তৃপক্ষ আবারও তল্লাশি শুরু করতে যাচ্ছে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ২৪টি বডি ব্যাগ উদ্ধার করেছে। তবে মৃতদের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লেগেছিল। রোববারও (২২ নভেম্বর) কারখানার ভেতরের আগুনের অবশিষ্ট অংশ নিয়ন্ত্রণে কাজ করে দমকলকর্মীরা।
নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি অভিযান রাতের জন্য স্থগিত রাখা হয়েছিল। সোমবার সকালে আবারও অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের পুলিশপ্রধান হেন্দ্রা কুর্নিয়াওয়ান। তিনি রোববার স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিকে এ তথ্য জানান।
কারখানাটির মূল প্রতিষ্ঠান পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানান, শনিবারের শিফটে কারখানায় প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন। আগুন লাগার সময় তাদের মধ্যে ৬৫ জন দুর্ঘটনাকবলিত এলাকায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পরে কারখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই ৬৫ জনের মধ্যে ২৪ জন বাড়ি ফিরে গেছেন, চারজন চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন এখনও নিখোঁজ। বাকি আটজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
রোববারের সংবাদ সম্মেলনে পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি দ্বি পালুপি বলেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার করা মরদেহগুলো চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি তাদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র থেকেও নমুনা নেওয়া হবে। শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
এদিকে, অগ্নিকাণ্ডে ঠিক কতজন নিহত হয়েছেন, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশের ভাষ্য, একটি বডি ব্যাগে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকতে পারে।
কী কারণে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৫৬তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়ালি এই আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
উপাচার্য অনুষ্ঠানে বলেন, ভর্তি আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
তিনি আরও বলেন, ‘আমাদের অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতায় আমরা এই প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে চাই। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল অনলাইন আবেদন প্রক্রিয়াটি পরিচালনা করবে। আবেদন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ( admission.juniv.edu )-এ পাওয়া যাবে।
এর আগে, গত ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির প্রকাশ করে।
সাতটি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার ও সহ-অধিনায়ক উইল জ্যাকস। ডান হাতের আঙুলে গুরুতর আঘাত পাওয়ার ফলে তার অস্ট্রেলিয়া সফর এখানেই শেষ হয়ে গেল। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নেতৃত্ব দিতে চলেছেন টম ব্যান্টন।
নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক চতুর্থ টি-টোয়েন্টি খেলার পর টেস্ট দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবেন। তার অনুপস্থিতিতে জ্যাকসের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তবে চোটের কারণে ক্যারিয়ারে প্রথমবার অধিনায়কত্বের সুযোগ হাতছাড়া হলো এই অলরাউন্ডারের।
মেলবোর্নে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের আগের ওভারে আঘাত পান জ্যাকস। বেন ডারশুইসের ফিরতি শটের ক্যাচ নিতে গিয়ে তার ডান হাতের আঙুলে আঘাত লাগে এবং চামড়া ছিঁড়ে যায়। কয়েক মিনিট চিকিৎসা নেওয়ার পর তিনি আর বোলিং করতে পারেননি এবং মাঠ ছাড়তে বাধ্য হন। তার অসমাপ্ত ওভারের বাকি দুই বল করেন হেনরি ক্রোকোম্বে।
সেই ম্যাচের শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১১ রান। তবে জ্যাক এডওয়ার্ডসের দৃঢ়তায় এক বল হাতে রেখেই তিন উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
এদিকে অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন টম ব্যান্টন। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে সিরিজে সমতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও ৩৫ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন।
প্রথম টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ব্যান্টন। হ্যারি ব্রুকের সঙ্গে ৯৭ রানের জুটি গড়ার পথে মাত্র ২২ বলে করেন ৩৯ রান। এবার জ্যাকসের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্বও নিতে হবে এই ইংলিশ ব্যাটারকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ