ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়


আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর পক্ষ থেকে রোববার (২২ নভেম্বর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: আজও বন্ধ ২২ পোশাক কারখানা, ৩০ হাজার টাকার মজুরি দাবিতে অসন্তোষ

এই কারণে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকার মধ্যে রয়েছে হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।

এই সাময়িক অসুবিধার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, ২৪টি লাশের ব্যাগ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ এম


ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, ২৪টি লাশের ব্যাগ উদ্ধার

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শ্রমিকদের সন্ধানে কর্তৃপক্ষ আবারও তল্লাশি শুরু করতে যাচ্ছে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ২৪টি বডি ব্যাগ উদ্ধার করেছে। তবে মৃতদের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লেগেছিল। রোববারও (২২ নভেম্বর) কারখানার ভেতরের আগুনের অবশিষ্ট অংশ নিয়ন্ত্রণে কাজ করে দমকলকর্মীরা।

নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি অভিযান রাতের জন্য স্থগিত রাখা হয়েছিল। সোমবার সকালে আবারও অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের পুলিশপ্রধান হেন্দ্রা কুর্নিয়াওয়ান। তিনি রোববার স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিকে এ তথ্য জানান।

কারখানাটির মূল প্রতিষ্ঠান পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানান, শনিবারের শিফটে কারখানায় প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন। আগুন লাগার সময় তাদের মধ্যে ৬৫ জন দুর্ঘটনাকবলিত এলাকায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পরে কারখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই ৬৫ জনের মধ্যে ২৪ জন বাড়ি ফিরে গেছেন, চারজন চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন এখনও নিখোঁজ। বাকি আটজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রোববারের সংবাদ সম্মেলনে পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি দ্বি পালুপি বলেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার করা মরদেহগুলো চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি তাদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র থেকেও নমুনা নেওয়া হবে। শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

এদিকে, অগ্নিকাণ্ডে ঠিক কতজন নিহত হয়েছেন, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশের ভাষ্য, একটি বডি ব্যাগে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকতে পারে।

কী কারণে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ এম


জাবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৫৬তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়ালি এই আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

উপাচার্য অনুষ্ঠানে বলেন, ভর্তি আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

তিনি আরও বলেন, ‘আমাদের অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতায় আমরা এই প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে চাই। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল অনলাইন আবেদন প্রক্রিয়াটি পরিচালনা করবে। আবেদন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ( admission.juniv.edu )-এ পাওয়া যাবে।

এর আগে, গত ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির প্রকাশ করে।

সাতটি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকসের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ এম


অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকসের

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার ও সহ-অধিনায়ক উইল জ্যাকস। ডান হাতের আঙুলে গুরুতর আঘাত পাওয়ার ফলে তার অস্ট্রেলিয়া সফর এখানেই শেষ হয়ে গেল। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নেতৃত্ব দিতে চলেছেন টম ব্যান্টন।

নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক চতুর্থ টি-টোয়েন্টি খেলার পর টেস্ট দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবেন। তার অনুপস্থিতিতে জ্যাকসের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তবে চোটের কারণে ক্যারিয়ারে প্রথমবার অধিনায়কত্বের সুযোগ হাতছাড়া হলো এই অলরাউন্ডারের।

মেলবোর্নে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের আগের ওভারে আঘাত পান জ্যাকস। বেন ডারশুইসের ফিরতি শটের ক্যাচ নিতে গিয়ে তার ডান হাতের আঙুলে আঘাত লাগে এবং চামড়া ছিঁড়ে যায়। কয়েক মিনিট চিকিৎসা নেওয়ার পর তিনি আর বোলিং করতে পারেননি এবং মাঠ ছাড়তে বাধ্য হন। তার অসমাপ্ত ওভারের বাকি দুই বল করেন হেনরি ক্রোকোম্বে।

সেই ম্যাচের শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১১ রান। তবে জ্যাক এডওয়ার্ডসের দৃঢ়তায় এক বল হাতে রেখেই তিন উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।

এদিকে অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন টম ব্যান্টন। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে সিরিজে সমতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও ৩৫ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন।

প্রথম টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ব্যান্টন। হ্যারি ব্রুকের সঙ্গে ৯৭ রানের জুটি গড়ার পথে মাত্র ২২ বলে করেন ৩৯ রান। এবার জ্যাকসের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্বও নিতে হবে এই ইংলিশ ব্যাটারকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজও বন্ধ ২২ পোশাক কারখানা, ৩০ হাজার টাকার মজুরি দাবিতে অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ এম


আজও বন্ধ ২২ পোশাক কারখানা, ৩০ হাজার টাকার মজুরি দাবিতে অসন্তোষ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান গার্মেন্টস অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল আজও থমথমে অবস্থায় রয়েছে। ১৩(১) ধারার আওতায় আজও বন্ধ রয়েছে আশুলিয়ার ২২ পোশাক কারখানা।

আজ, সোমবার (২৩ নভেম্বর), বহুল প্রতীক্ষিত মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। তবে, উৎপাদনে অংশ না নেওয়ায় কর্তৃপক্ষ ২৫ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই কারখানাগুলোর মধ্যে হা-মীম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপ অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য আজও বন্ধ রয়েছে ২২টি কারখানা। আরও ৫টি কারখানায় শ্রমিকরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

আজ সকাল থেকে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরানি ও কাঠগড়া এলাকায় চালু কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রেখেছেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, আজ মজুরি বোর্ডের স্থগিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডের চেয়ারম্যান আগেই জানিয়েছেন, মজুরি ঘোষণা হলে তা ডিসেম্বর মাস থেকেই কার্যকর হবে।

শ্রমিকরা বলছেন, দ্রুত গ্রহণযোগ্য মজুরি ঘোষণা হলেই কারখানায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%