০৬:১৩ পি.এম
চট্টগ্রাম, ২৬ আগস্ট, ২০২৬ : দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়।
মঙ্গলবার মধ্যরাত সাড়ে ১২টা থেকে বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টা পর্যন্ত হালদা নদীসংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, ভূজপুর থানা-পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
উপজেলা প্রশাসন জানায়, অভিযানে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ বালু এবং বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু ফ্ল্যাশিং আউট করে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামগুলোও বিনষ্ট করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, ‘হালদা নদী আমাদের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হালদা নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি বলেন, কেউ আইন অমান্য করে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। প্রশাসনের এমন উদ্যোগে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
আরও পড়ুন: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন