ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

অ্যালুমিনিয়ামের চকচকে হাঁড়িতে বিষাক্ত সিসা, গবেষকদের সতর্কতা


অ্যালুমিনিয়ামের চকচকে হাঁড়িতে বিষাক্ত সিসা, গবেষকদের সতর্কতা

বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারে অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও পাতিল ব্যবহৃত হয়। নতুন চকচকে হাঁড়ি কেনা হলে রান্না নিরাপদ—এমন ধারণা অনেকের মধ্যে বিদ্যমান। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় ভয়াবহ তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা খাবারে বিষাক্ত ধাতু সিসা মিশে যেতে পারে। বিশেষত নতুন হাঁড়িতে প্রথম কয়েকবার রান্না করার সময় খাবারে সিসা মেশার সম্ভাবনা থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এতে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণাটি পরিচালিত হয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিং সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের সহায়তায়।

গবেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ব্যবহার করেন। এসব পাত্রে রান্না করা ভাত বা খিচুড়ির মাধ্যমে পরিবারের সদস্যরা, বিশেষ করে শিশুরা, অজান্তেই সিসার সংস্পর্শে আসতে পারে।

আরও পড়ুন: বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেছে, ১২তম স্থানে

সিসা একটি বিষাক্ত ধাতু, যা চোখে দেখা যায় না এবং এর কোনো গন্ধ বা স্বাদ নেই। কিন্তু এটি শিশুদের মস্তিষ্কের বিকাশে ক্ষতি করতে পারে এবং তাদের শেখার ক্ষমতা ও আচরণে সমস্যা সৃষ্টি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, রক্তে সিসার কোনো মাত্রা নিরাপদ বলা যায় না।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় ২৭টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতটি ছিল পুরোনো এবং ২০টি নতুন হাঁড়ি।

গবেষকরা এসব হাঁড়িতে সিসার পরিমাণ পরীক্ষা করেছেন। সেইসাথে হাঁড়িগুলোতে ভাত ও খিচুড়ি রান্না করে খাবারে সিসার উপস্থিতি কতটা, তা-ও পরীক্ষা করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, নতুন হাঁড়িতে প্রথমবার রান্না করা প্রতি কেজি ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম পর্যন্ত সিসা পাওয়া গেছে।

আরও পড়ুন: মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জনগণের মনোজাগতিক পরিবর্তন প্রয়োজন: ডা. বিটু

তুলনার জন্য বলা যায়, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) শিশুদের খাবারে প্রতি কেজিতে সিসার সর্বোচ্চ মাত্রা ১০ মাইক্রোগ্রাম নির্ধারণ করেছে। বারবার রান্না করলে হাঁড়ি থেকে সিসা মেশার পরিমাণ কমে আসে। তবে তৃতীয়বার ব্যবহারের সময়ও নতুন হাঁড়িতে সিসা পাওয়া গেছে। এমনকি পুরোনো সাতটি হাঁড়ির মধ্যে ছয়টিতে রান্না করা ভাতেও সিসার উপস্থিতি পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, হাঁড়ি পরিষ্কার করার পদ্ধতিও সিসা মেশার পরিমাণ বাড়াতে পারে। নতুন হাঁড়ি স্টিলের তারযুক্ত মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করলে স্বাভাবিক অবস্থার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি সিসা বের হয়। ধাতব খুন্তি দিয়ে খাবার নাড়াচাড়া করলেও সিসা নিঃসরণ বাড়ে।

বাংলাদেশে পুরোনো কাপড়ের বিনিময়ে নতুন হাঁড়ি-পাতিল নেয়ার প্রচলন রয়েছে। স্থানীয়ভাবে তৈরি অনেক অ্যালুমিনিয়ামের হাঁড়ি পুরোনো ও ফেলে দেয়া ধাতব সামগ্রী গলিয়ে তৈরি করা হয়। এসব ধাতুতে সিসা থাকলে তা নতুন হাঁড়িতেও মিশে যেতে পারে।

এ বিষয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট আনলিডেডের পরিচালক ড. জেনা ফোরসাইথ মন্তব্য করেন, ‘প্রতিদিনের রান্নায় ব্যবহৃত একটি সাধারণ হাঁড়ি কীভাবে খাবারে সিসা মেশার কারণ হতে পারে, তা বোঝার জন্য গবেষকরা হাঁড়ি ও রান্না করা খাবার—দুটিই পরীক্ষা করেছেন।’

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৯৫

আইসিডিডিআরবি এর সহকারী বিজ্ঞানী ড. জেসমিন সুলতানা বলেন, ‘পরিবারগুলো যত্ন করে খাবার রান্না করে। কিন্তু সেই খাবার তৈরির পাত্র থেকেই সিসা মিশে যাওয়ার ঝুঁকি থাকা উচিত নয়।’

এ ব্যাপারে ড. জেসমিন সুলতানা নিরাপদ বলে পরীক্ষিত রান্নার পাত্র ব্যবহারের পরামর্শ দেন। স্থানীয়ভাবে তৈরি হাঁড়ি ব্যবহার করলে স্টিলের তারযুক্ত মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার না করার এবং টক বা অ্যাসিডযুক্ত খাবার রান্না না করার পরামর্শ দেন। তবে এসব নিয়ম মেনেও দূষিত হাঁড়িকে পুরোপুরি নিরাপদ করা সম্ভব নয় বলে তিনি জানান।

গবেষকদের হিসাব অনুযায়ী, গ্রামের একটি শিশু দূষিত হাঁড়িতে রান্না করা ভাত খেলে খাবারের মাধ্যমে তার শরীরে সিসা প্রবেশের পরিমাণ যুক্তরাষ্ট্রের এফডিএর নির্ধারিত দৈনিক মাত্রার পাঁচ গুণেরও বেশি হতে পারে।

গবেষকরা মনে করেন, শুধু মানুষকে সতর্ক করলেই এ সমস্যা দূর হবে না। এ জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) রান্নার পাত্রে সিসার নিরাপদ মাত্রা নির্ধারণ ও তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু

তাদের মতে, হাঁড়ি তৈরির কাঁচামাল পরীক্ষা, তৈরি পণ্যে সিসা আছে কি না তা যাচাই এবং ছোট কারখানাগুলোকে নিরাপদ কাঁচামাল ব্যবহারে সহায়তা করা জরুরি।

আইসিডিডিআরবি এর ড. মো. মাহবুবুর রহমান বলেছেন, কম দামের রান্নার পাত্রও নিরাপদ হতে হবে।

গবেষকরা জানিয়েছেন, পরীক্ষাটি সীমিত সংখ্যক হাঁড়ি নিয়ে পরীক্ষাগারে করা হয়েছে। শিশুদের শরীরে সিসা প্রবেশের পরিমাণও সরাসরি মাপা হয়নি; হিসাব করে অনুমান করা হয়েছে। তাই এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

আরও পড়ুন: মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮, হাসপাতালে ভর্তি ৭৭

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্ট আমলে জ্বালানি খাতে দুর্নীতি, অর্থনীতি ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


ফ্যাসিস্ট আমলে জ্বালানি খাতে দুর্নীতি, অর্থনীতি ঝুঁকিতে

ফ্যাসিস্ট আমলে জ্বালানি ছিলো দুর্নীতির অন্যতম খাত। আমদানি নির্ভরতায় লুটপাটের পাশাপাশি বিশেষ বিধানের মাধ্যমে পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজ দেয়া হতো, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। ২০টি কূপ খননে বাপেক্সের পরিবর্তে রুশ প্রতিষ্ঠানকে কাজ দেয়ার ফলে ২৪ কোটি ডলার বাড়তি খরচ হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, জ্বালানি খাতের সীমাহীন অনিয়ম দেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং রিজার্ভে চাপ সৃষ্টি করেছে।

অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে দেখা যায়, আওয়ামী লীগের আমলে জ্বালানি খাতের অনেক সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া হয়েছিল। এর ফলে গ্যাস সঞ্চালন প্রতিষ্ঠান জিটিসিএল মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমদানি নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় গ্যাস কেনায় বছরে ৩ হাজার কোটি টাকার লোকসান হওয়ার তথ্য উঠে এসেছে শ্বেতপত্রে। স্থানীয় গ্যাস সরবরাহ বাড়ানোর পরিবর্তে আমদানি নির্ভরতায় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে, টেন্ডারের মাধ্যমে এলএনজি কেনায় ২৩টি কোম্পানি শর্ত পূরণ করলেও কাজ দেয়া হয়েছে মাত্র ১২টি প্রতিষ্ঠানকে।

অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন ও জ্বালানি চুক্তি পর্যালোচনা কমিটির সদস্য ড. জাহিদ হোসেন মন্তব্য করেছেন, প্রাইমারি এনার্জির ক্ষেত্রে জোগানের দিকে মনোযোগ দেয়া হয়নি। শুধু এলএনজি টার্মিনাল স্থাপন ও এলএনজি আমদানি করা হয়েছে, যা বিদ্যুৎ খাত, ফার্টিলাইজার, ডমেস্টিক এবং ইন্ডাস্ট্রির অন্যান্য চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। অফশোর গ্যাস এক্সপ্লোরেশনের জন্য যদি সময়মতো কাজ করা হতো, তাহলে ইতিমধ্যে কিছু ফলাফল দেখা যেত। বঙ্গোপসাগরের নিচে মিয়ানমার ও ভারত গ্যাস পেয়ে থাকলে, আমাদের না পাওয়ার কোনো কারণ নেই।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম জানান, গ্যাস উন্নয়ন তহবিলের টাকা জাতীয় সক্ষমতা উন্নয়নে খরচ হয়নি। ২০২২ সালে গণশুনানিতে দেখা গেছে ৬৫ শতাংশ টাকা খরচ হয়নি এবং ব্যাংকে পড়ে আছে। এগুলো ফিক্স ডিপোজিট হয়ে আছে। অভিযোগ রয়েছে, বাপেক্স গ্যাস তোলে না, বরং কনট্রাকটরদের মাধ্যমে গ্যাস তোলা হয়। বাপেক্সের আওতাধীন কোম্পানি, জায়গা, ব্লক, গ্যাস ফিল্ডগুলো উন্নয়ন করে টেন্ডার পায়।

আওয়ামী লীগ আমলে জ্বালানি খাতে অনিয়মের আরেক হাতিয়ার হলো বিশেষ বিধান। এই আইনের আওতায় পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়। অর্থনৈতিক শ্বেতপত্রে বলা হয়েছে, রাশিয়ার সরকারি কোম্পানি গ্যাজপ্রমকে ২০টি কূপ খননের কাজ দেয়ার জন্য বাপেক্সের তুলনায় প্রতিটি কূপে ১২ মিলিয়ন ডলার বেশি দিতে হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া অনুসরণ করলে কূপ খননে কয়েক মিলিয়ন ডলার সাশ্রয় হতো। আবার জ্বালানি সংকট বিদ্যুৎ খাতকেও সংকটে ফেলেছে।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানি খাতে অনিয়ম এবং বিদেশ নির্ভরতা অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং বৈদেশিক মুদ্রায় চাপ বাড়িয়েছে।

ড. জাহিদ হোসেন বলেন, কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে কি না, তা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর করছে। গ্যাস সরবরাহ করা সম্ভব হবে কিনা, তা নিশ্চিত করা হয়নি যখন কেন্দ্রগুলো স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল এবং চুক্তিগুলো সই করা হয়েছিল।

ড. এম শামসুল আলম বলেন, পরবর্তীতে সেই উৎপাদন ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হয়নি। প্লান্ট বসাতে যে ব্যয় হয়েছে, তা ঘাটতি সৃষ্টি করেছে। বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারের ভর্তুকি বেড়েছে এবং মূল্যবৃদ্ধি ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশুর মৃত্যু ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিউমোনিয়ার পাশাপাশি সন্দেহজনক হামকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছে।

বুধবার সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর বয়স ১০ মাস।

একটি শিশুর পরিচয় মেয়ে। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিলগাঁও এলাকায়। গত ৫ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। অন্য শিশুটির বাড়ি কিশোরগঞ্জের বিলবলুয়া এলাকায়। গত ৮ নভেম্বর সকাল ১০টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে।

হাসপাতালের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭২ শিশু।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ৬ হাজার ১৮১ শিশু ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে ৮৭ শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৯২২ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল, সংস্কারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল, সংস্কারের দাবি

কিশোরগঞ্জের হাওড়বেষ্টিত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন—এই তিন উপজেলার মানুষের জেলা সদর ও রাজধানীর সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ‘অষ্টগ্রাম-বাজিতপুর’ ডুবো সড়কটি বর্তমানে খানাখন্দে ভেঙে পড়েছে। সড়কের প্রায় ৯ কিলোমিটার অংশের কংক্রিট উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন যানবাহন চলাচলে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সূত্রে জানা গেছে, ২০১১-১৪ মেয়াদে তিনটি সেতুসহ ১২৬ কোটি টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার দীর্ঘ এই ডুবো সড়কটি নির্মাণ করা হয়েছিল। বর্ষাকালে পানির নিচে তলিয়ে থাকে এবং শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে সড়কটি চালু হয়, তাই এটি ‘ডুবো সড়ক’ নামে পরিচিত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৪ সালে চালুর দুই-তিন বছরের মধ্যেই সড়কটির ৯ কিলোমিটার অংশের আরসিসি ঢালাইয়ের ওপর পাতলা সিসি ঢালাই দিয়ে সংস্কার করা হয়েছিল। গত দুই বছর ধরে সেই সংস্কার করা অংশের পাথর ও কংক্রিট উঠে গিয়ে খাঁজকাটা খানাখন্দের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে অষ্টগ্রামের বাহাদুরপুর থেকে কারানল সেতুর পূর্বপ্রান্ত এবং বাজিতপুরের হুমায়ুনপুর পাঁচরাস্তার মাথা থেকে হুমায়ুনপুর মোড় পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে নাজুক রয়েছে।

অটোরিকশাচালক রাজম আলী জানান, ‘এখন এই পথে গাড়ি চালালে ঝাঁকুনিতে গাড়ির সঙ্গে নিজেরও জান শেষ হয়ে যায়। দ্রুত সড়কটি মেরামত করা জরুরি।’ চিকিৎসা শেষে বাড়ি ফেরা যাত্রী মোছা. ফদিরা বেগম বলেন, ভাঙা রাস্তায় অটোরিকশার ঝাঁকুনিতে পুরো শরীরে ব্যথা হয়ে যায়।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।

কিশোরগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, মানুষের ভোগান্তির বিষয়টি জেনেছি। সরেজমিন পরিদর্শনের জন্য কর্মকর্তাদের পাঠানো হবে, যাতে সাময়িক মেরামতের মাধ্যমে সড়কটি চলাচলের উপযোগী করা যায়। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২ উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


২২ উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : সরকার ২২টি উপজেলায় ৬৬০ জন প্রান্তিক পেশাজীবীকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রশিক্ষণ আয়োজনের জন্য মোট ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ফেইজ-২)’ প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে এই অর্থ মঞ্জুর করা হয়।

গত ৯ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প কার্যালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের জন্য প্রতিটির অনুকূলে ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৩০ জন করে মোট ৬৬০ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণের মেয়াদ ১০ দিন হবে।

বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে নীলফামারীর জলঢাকা ও সৈয়দপুর, চট্টগ্রামের পটিয়া, রাউজান ও সাতকানিয়া, কক্সবাজার সদর ও রামু, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু, নরসিংদীর রায়পুরা ও শিবপুর, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম ও সিংড়া, পঞ্চগড়ের আটোয়ারী ও তেঁতুলিয়া, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ঠাকুরগাঁও সদর, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এবং সিলেটের গোয়াইনঘাট ও কানাইঘাট।

প্রকল্পটির ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে প্রশিক্ষণ খাতে ১৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের জন্য ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা মঞ্জুর করা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পেশাজীবী জনগণের ব্যক্তিগত দক্ষতা, যোগাযোগ, দলগত কাজ, সমস্যা সমাধান এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ফলে, এই উদ্যোগ তাদের পেশাগত সক্ষমতা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%