১১:৩৭ পি.এম
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক হওয়া যুবক তৈয়ব আলী মোল্লা (২৪) লোহাগড়ার মঙ্গলপুর উত্তরপাড়ার বাসিন্দা বালা মোল্ল্যার ছেলে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ডিএনসির সদস্যরা তৈয়বকে আটক করেন। নড়াইলের বড়দিয়া খেয়াঘাট থেকে গোপালগঞ্জের মধুমতী খেয়াঘাট পর্যন্ত ট্রলারযোগে যাত্রী পারাপারের পাশাপাশি তৈয়ব আলী দীর্ঘ আড়াই বছর ধরে গাঁজাসহ মাদক বেচাকেনা করে আসছিল। এই কাজে তার আপন চাচাতো ভাই আকরাম মোল্লা (৪৬) তাকে সহযোগিতা করতেন। তবে অভিযানের সময় আকরাম পলাতক ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার জানান, তৈয়ব মোল্লা পেশায় ট্রলার চালক। নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে তৈয়ব ও তার চাচাতো ভাই একত্রে লোহাগড়ার তেলকাড়া, মহাজন ঘাট, কোটাকোল ঘাটসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা এবং চোরাচালান করে আসছিলেন।
বুধবার রাতে খেয়াঘাটস্থ কোটাকোল বাইতুল ফালাহ দাখিল মাদরাসার সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে খয়েরি রংয়ের ব্যাগের মধ্যে টেপ দিয়ে মোড়ানো সাত পেটি গাঁজা উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটের ওজন ছিল দুই কেজি ৫০০ গ্রাম করে, ফলে মোট ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় সাত লাখ টাকা। গ্রেফতারকৃত তৈয়ব আলীর বিরুদ্ধে পূর্বে কোনো মামলা ছিল না। তবে পলাতক আকরাম মোল্লার বিরুদ্ধে ২০১৯ সালে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। আকরামকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এদিকে, সাড়ে ১৭ কেজি গাঁজা জব্দের ঘটনায় তৈয়ব আলী ও আকরামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিএনসির পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে বুধবার রাত ২টার দিকে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন। জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান চালিয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন