০৬:০৩ পি.এম
‘ম্যান্ডারিন : শুধু একটি ভাষা নয়’ এই প্রতিপাদ্য নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬ শেষ হয়েছে। সম্মেলনটি গত ১৫ নভেম্বর সমাপ্ত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জং। সঞ্চালনার দায়িত্ব পালন করেন চীনের শিক্ষামন্ত্রী ড. হুয়াই চিনপেং।
হান জং তাঁর বক্তব্যে উল্লেখ করেন, চীনা ভাষার আদি ভূমি হিসেবে চীন সবসময় উন্মুক্ততা ও অন্তর্ভুক্তির নীতি অনুসরণ করে আসছে। তিনি বলেন, “চীন পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক কল্যাণভিত্তিক সহযোগিতায় বিশ্বাসী।” চীন আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার উন্নয়নের জন্য চারটি প্রস্তাব উপস্থাপন করেন। এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বৃদ্ধি; চীন ও অন্যান্য দেশের মধ্যে মানবিক ও সাংস্কৃতিক সহযোগিতার ভিত্তি শক্তিশালী করা; বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং অভিন্ন উন্নয়ন উৎসাহিত করা; এবং চীনা ভাষার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতাকে আরো কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাওয়া।
আরও পড়ুন: ফিলিপাইন ভারতের দিকে ঝুঁকছে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে
বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে চীনা ভাষাপ্রেমী, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। চীনের বাইরে প্রায় ২১ কোটি মানুষ চীনা ভাষা শিখছেন বা ব্যবহার করছেন। তাঁদের অনেকের ভাষা শেখার যাত্রা শুরু হয় চীন সম্পর্কে কৌতূহল ও আগ্রহ থেকে। চীনা ভাষা শেখার মাধ্যমে তাঁরা দেশটির সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগও পাচ্ছেন।
বর্তমানে ৯২টি দেশ তাদের জাতীয় শিক্ষাব্যবস্থায় চীনা ভাষাকে অন্তর্ভুক্ত করেছে। চীনা ভাষা শুধু বিভিন্ন দেশের মানুষ ও সংস্কৃতির মধ্যে সংযোগ স্থাপন করছে না, বরং শিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন এবং ব্যক্তিগত ও কর্মজীবনের উন্নয়নের নতুন সম্ভাবনাও সৃষ্টি করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন