০৬:৫৩ পি.এম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্নায়ুবিজ্ঞানবিষয়ক একটি সম্মেলনে অংশগ্রহণের পর নিউ জার্সিতে ফেরার পথে আটক হয়েছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা বংশোদ্ভূত গবেষক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার আটক হওয়ার খবরটি দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইস) কর্মকর্তাদের দ্বারা নিশ্চিত করা হয়। এ তথ্য তার আইনজীবী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবরটি প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।
আটক হওয়া গবেষকের নাম ইভা ইয়ে শিয়ে। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পিএইচডি শিক্ষার্থী। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার ভিসার মেয়াদ শেষ হলেও আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকায় তিনি দেশটিতে বৈধভাবে থাকার সুযোগ ছিল বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
আইনজীবীদের মতে, ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় আইস কর্মকর্তাদের কাছে শিয়ের বিষয়ে সতর্কবার্তা পৌঁছায়। এরপর তাকে আটক করা হয়। বিমানবন্দর থেকে আটকের পর তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ব্রোডি ল্যাবে সহকর্মীদের কাছে বিষয়টি জানান। এরপর তার সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: ফিলিপাইন ভারতের দিকে ঝুঁকছে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে
শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত শিয়েকে ভার্জিনিয়ার চান্টিলিতে আইসের একটি আটককেন্দ্রে রাখা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির মধ্যে বিদেশি বংশোদ্ভূত বিজ্ঞানীদের আটকের এটি সর্বশেষ ঘটনা।
এ ধরনের নীতির কারণে যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠানগুলো বিশ্বের মেধাবী গবেষকদের নিয়োগ ও ধরে রাখার ক্ষেত্রে সমস্যায় পড়ছে। বিশেষ করে তরুণ গবেষকের সংকটে থাকা বিভিন্ন গবেষণাক্ষেত্রে এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি ডি প্রিস্টলি এক বিবৃতিতে বলেন, ‘ইভার আটকের খবর আমার এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক সদস্যের জন্য উদ্বেগজনক। আমরা আশা করি, তিনি দ্রুত প্রিন্সটনে ফিরে পড়াশোনা শুরু করতে পারবেন।’
২০১৬ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর শিয়ে ২০২০ সালে ব্রঙ্কস হাইস্কুল অব সায়েন্স থেকে এবং ২০২৪ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে স্নাতক সম্পন্ন করেন। এমআইটিতে তিনি কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিষয়ে পড়াশোনা করেন। এরপর নিউ জার্সিতে থেকে প্রিন্সটনের ব্রোডি ল্যাবে স্নায়ুবিজ্ঞান নিয়ে গবেষণা শুরু করেন।
আরও পড়ুন: মেক্সিকোয় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার
চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটনে সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে নিজের গবেষণা উপস্থাপন করেন শিয়ে। তিনি মস্তিষ্কের মানসিক মানচিত্র তৈরিতে স্থানাঙ্ক ব্যবস্থার মতো কাজ করে এমন নিউরন নিয়ে গবেষণা করেছেন।
ব্রোডি ল্যাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘ইভা একজন মেধাবী গবেষক। নিজের গবেষণা উপস্থাপন করতে তিনি একটি সম্মেলনে গিয়েছিলেন। অথচ এখন তিনি আটককেন্দ্রে রয়েছেন। তার বাড়িতে থাকার কথা।’
শিয়ের আইনজীবী কেরি ডয়েল বলেন, ভিসার মেয়াদ শেষ হলেও গ্রিন কার্ড বা আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে আটকের ঘটনা ঘটছে। শিয়ের মতো আরো কয়েকজনের ক্ষেত্রেও এমনটি ঘটেছে বলে তিনি জানান।
শিয়েকে আটকের কারণ এবং তাকে ভার্জিনিয়ার আটককেন্দ্র থেকে অন্য কোথাও নেওয়া হয়েছে কি না, তা জানতে আইসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
আরও পড়ুন: পাকিস্তান তালেবানবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে: আফ্রাসিয়াব খাত্তাক
শুক্রবার সকালে শিয়ের আইনজীবীরা আদালতে ‘হেবিয়াস করপাস’ আবেদন করেছেন। এর মাধ্যমে কোনো ব্যক্তিকে আটক রাখার বৈধতা পর্যালোচনার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিয়ের জন্য আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তার আইনজীবী, পরিবার ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয়। এদিকে সোসাইটি ফর নিউরোসায়েন্স জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন