এস. এম. সাইফুল ইসলাম কবির স্টাফ রিপোর্টার
০৬:০৫ পি.এম
তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লি, সাগরে মাছ ধরতে পারছেন না কয়েক হাজার জেলে; নৌকা-ট্রলার নিয়ে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিশ্ব ঐতিহ্য পূর্ব সুন্দরবনের রেঞ্জের দুবলারচরে শুঁটকি উৎপাদন কার্যক্রমে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বৃষ্টিতে ভিজে জেলেদের শুকাতে দেওয়া বিপুল পরিমাণ মাছ নষ্ট হয়ে গেছে। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের দাবি, নষ্ট হওয়া মাছের আর্থিক মূল্য প্রায় ৫০কোটি টাকা। অন্যদিকে সাগর উত্তাল থাকায় গত তিন দিন ধরে মাছ ধরতে পারছেন না কয়েক হাজার জেলে। এতে তাঁদের আরও কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
শুধু দুবলারচর নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে দিনমজুরদের কাজ বন্ধ রয়েছে। সড়কে ভ্যান, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী চলাচল কমে যাওয়ায় স্বল্প আয়ের মানুষের উপার্জনও কমেছে।
শরণখোলার খাদা গ্রামের ভ্যানচালক খলিল, সাউথখালী গ্রামের ইজিবাইকচালক আয়নাল হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলচালক জানান, তিন দিন ধরে বৃষ্টির কারণে যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে তাঁদের প্রায় কোনো আয় নেই। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে তাঁদের।
দুবলার আলোরকোল থেকে শনিবার (২১ নভেম্বর ) মোবাইল ফোনে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত তিন দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তিন দিন আগে সাগর থেকে মাছ ধরে এনে শুকাতে দিয়েছিলেন জেলেরা। কিন্তু টানা বৃষ্টিতে সেসব মাছ ভিজে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। মাছ ধরতে না পারায় তাঁদের আরও কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থা আরও দু-এক দিন অব্যাহত থাকলে ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে। বর্তমানে জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লাসহ সুন্দরবনের আশপাশের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।
আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, সাগরের আবহাওয়া খারাপ থাকায় গত বুধবার থেকে জেলেরা মাছ ধরতে পারছেন না। তিন দিনের বৃষ্টিতে জেলেদের বিপুল পরিমাণ কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে। এতে কোটি টাকার মাছ বিনষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
দুবলার নারিকেলবাড়ীয়াচরের মহাজন আসলাম হোসেন ও শেলারচরের মহাজন আরিফ হোসেন মিঠু জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের অবস্থা খুবই খারাপ। জেলেরা মাছ ধরতে পারছেন না। অন্যদিকে প্রবল বৃষ্টিতে শুকাতে দেওয়া বিপুল পরিমাণ মাছ নষ্ট হয়ে গেছে। এতে জেলে ও মহাজন—উভয় পক্ষই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচর এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে জেলেদের মাছ ভিজে নষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে কয়েক হাজার জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
টানা বৃষ্টি ও সাগরের বৈরী পরিস্থিতিতে দুবলারচরের শুঁটকি উৎপাদন কার্যক্রম কত দিন বন্ধ থাকবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন জেলে ও ব্যবসায়ীরা। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাগরে মাছ ধরতে না পারলে তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।(ছবি সংযুক্ত আছে)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দির খুদে শিক্ষার্থী মুনতাসির আবিদ নিবীর, মাত্র ১০ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রাখতে যাচ্ছে। জাতীয় পর্যায়ের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।
নিবীর আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. আসাদুজ্জামান এবং মা নাসরিন বেগম একজন শিক্ষক। তাদের বাড়ি উপজেলার ঘিকমলা গ্রামে অবস্থিত।
সম্প্রতি এমএফআই সায়েন্স ক্লাবের উদ্যোগে জাতীয় পর্যায়ের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে নিবীর। এই কৃতিত্বের মাধ্যমে সে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে জাতীয় পর্যায়ের সনদ ও মেডেল তুলে দেওয়া হয়।
নিবীরের বাবা মো. আসাদুজ্জামান জানান, তার ছেলের ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। মোবাইল ফোনে ভিডিও দেখার সময় সাধারণ বিনোদনের চেয়ে বিজ্ঞানবিষয়ক ভিডিও ও ঐতিহাসিক ঘটনাবলি দেখতে সে বেশি পছন্দ করত। পরিবারের সদস্যরা মনে করেন, জানার প্রতি প্রবল আগ্রহ ও বিজ্ঞানমনস্কতাই তাকে এই সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খুদে শিক্ষার্থী নিবীর জানায়, এমএফআই সায়েন্স ক্লাবের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পেয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার জন্য সে সবার কাছে দোয়া চেয়েছে।
নিবীরের এই অর্জনে তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও আনন্দিত। শিক্ষকদের প্রত্যাশা, তার এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান চর্চায় উৎসাহিত করবে।
এদিকে উপজেলা প্রশাসনও নিবীরের পাশে থাকার আশ্বাস দিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা জানান, মোবাইল ফোন ও প্রযুক্তিকে শুধুমাত্র নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। সঠিক ব্যবহারের মাধ্যমে শিশুরা জ্ঞান ও মেধার বিকাশ ঘটাতে পারে। নিবীর নিজ প্রচেষ্টায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে সাফল্য অর্জন করেছে, তা অন্য শিশুদের জন্য অনুপ্রেরণার উদাহরণ। আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উত্তরের জনপদ নীলফামারীতে হেমন্তের প্রকৃতিতে শীতের আমেজ জেঁকে বসছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পেয়েছে। শীতের আগমনী বার্তার সঙ্গে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
হিমালয়ের পাদদেশে অবস্থিত শীতপ্রবণ জেলা নীলফামারীতে প্রতি বছরই শীতের তীব্রতা বেশি থাকে। এবছরও হেমন্তের শুরু থেকেই প্রকৃতির রূপ ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভোরের ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, মাঠজুড়ে সোনালি ধান এবং কুয়াশার চাদর শীতের আগমনী বার্তা দিচ্ছে। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।
শীতের আগমনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির দোকানগুলোতে ব্যস্ততা বেড়েছে। কোথাও কোথাও দোকানিরা পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন। খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে গাছিরাও ব্যস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে, হেমন্তের সোনালি মাঠে পাকা ধান কাটতে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। তবে আজকের বৃষ্টির কারণে জমিতে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে এ অঞ্চলের গড় তাপমাত্রা ছিল ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছিল এক হাজার থেকে এক হাজার ৮০০ মিটারে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হাকিম জানিয়েছেন, রোববার (২২ নভেম্বর) পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হওয়ায় শীতের অনুভূতি বাড়তে পারে। মাসের শেষ দিকে এ অঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়তে শুরু করবে।
এদিকে, শীত ও বৃষ্টির কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা যাচ্ছে। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যার প্রকোপ দেখা দিচ্ছে। সকাল থেকে বৃষ্টির কারণে জনজীবনেও শীতের প্রভাব পড়েছে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল জেলার কাজিরহাট থানার অন্তর্গত ২নং লতা ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ মানবিক চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন সাবেক সহসভাপতি আজিমুল হাসান চৌধুরী আজিমের উদ্যোগ ও সার্বিক পরিচালনায় করা হয়, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য।
শুক্রবার (২০ নভেম্বর) ২নং লতা ইউনিয়নের উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পেইনে ঢাকা থেকে আগত পাঁচজন চিকিৎসক সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
এ সময় শিশু, নারী, বয়স্ক ব্যক্তিসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
দুর্গম ও প্রত্যন্ত জনপদের মানুষের জন্য বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার এ সুযোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে চিকিৎসাসেবা গ্রহণ করতে দূরে যাতায়াতের ভোগান্তি এড়িয়ে নিজ এলাকায় চিকিৎসকের পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেকে।
ক্যাম্পেইনের আয়োজক আজিমুল হাসান চৌধুরী আজিম জানান, "মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো চিকিৎসাসেবা। অথচ প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ থেকে বঞ্চিত হন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই তার এ উদ্যোগ।"
তিনি জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ভবিষ্যতে লতা ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট, উন্নত, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান।
তিনি আরও জানান, "প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশনা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অনুপ্রেরণায় তিনি এলাকার মানুষের জন্য এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চান।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে অনেক আগেই অবসর গ্রহণ করেছেন মুশফিকুর রহিম। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে শুধুমাত্র টেস্ট ফরম্যাটে তাকে দেখা যায়।
কিন্তু দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলার সুযোগ থেকে বঞ্চিত হলেন মুশফিক। কুঁচকির চোটের কারণে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ করতে পারছেন না এই অভিজ্ঞ ব্যাটার। এর ফলে তার দক্ষিণ আফ্রিকা সফরও শেষ হয়ে গেল।
আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানায়, প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষে এমআরআই করানোর পর তার চোটের বিষয়টি নিশ্চিত হয়।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, মুশফিকের দ্রুত বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। তিনি বলেন, ‘প্রথম টেস্ট চলাকালে মুশফিক বাঁ কুঁচকির অংশে তীব্র ব্যথার কথা জানিয়েছিল। টেস্ট শেষে তার এমআরআই করানো হয়। পরীক্ষার ফলে শ্রোণিচক্রের (মানবদেহের উদর এবং ঊরুর মাঝে অবস্থিত অস্থিময় কাঠামো) হাড়ের আশপাশে কিছুটা প্রদাহ ও জ্বালাপোড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। চোটের কারণে সৃষ্ট চাপ সামাল দিতে এবং পরিস্থিতির আরো অবনতি ঠেকাতে তার অবিলম্বে বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসনপ্রক্রিয়া প্রয়োজন। সে কারণে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।’
জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি মুশফিক। প্রথম ইনিংসে প্রথম বলেই ০ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করে ৬২ বলে করেন ২২ রান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ