ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নির্বাচনের আগে ধনীদের ওপর নতুন কর আরোপের অঙ্গীকার স্পেনীয় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের


নির্বাচনের আগে ধনীদের ওপর নতুন কর আরোপের অঙ্গীকার স্পেনীয় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব করেছেন। তিনি উল্লেখ করেন, এই করের মাধ্যমে শিশু যত্ন, আবাসন এবং জনসেবা খাতে অর্থায়নে সহায়তা করা হবে।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, রোববারের আগাম নির্বাচনের প্রেক্ষাপটে সানচেজের সোশ্যালিস্ট পার্টি রক্ষণশীল পপুলার পার্টির (পিপি) থেকে নিজেদের পার্থক্য স্পষ্ট করার চেষ্টা করছে। সানচেজের বক্তব্য, পিপি কেবল ধনীদের জন্য কর কমাতে আগ্রহী।

জরিপগুলোতে দেখা যাচ্ছে, পিপি নির্বাচনে সর্বাধিক আসন লাভের সম্ভাবনা রয়েছে, তবে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারা ব্যর্থ হতে পারে। এর ফলে চরম ডানপন্থী ‘ভোক্স’ (ভিওএক্স) পার্টি স্পেনের সরকার গঠনের ক্ষেত্রে মূল নিয়ামক হিসেবে আবির্ভূত হতে পারে।

আরও পড়ুন: বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘যদিও আমরা আয়ের বৈষম্য ঐতিহাসিক নিম্নে নামিয়ে এনেছি, তবুও সবচেয়ে ধনী ০.১ শতাংশ মানুষ মোট সম্পদের ১০ শতাংশেরও বেশি দখল করে আছে। এবং ২০১০ সাল থেকে তাদের এই অংশটি ক্রমেই বেড়ে চলেছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর কর আরোপের প্রস্তাব করছি, যাতে উদাহরণস্বরূপ- শিশু লালন-পালন ভাতা, আবাসন এবং উন্নত জনসেবায় অর্থায়ন করা যায়। কোটি কোটি টাকা যেন সাধারণ মানুষের অধিকারে পরিণত হতে পারে।’

সাম্প্রতিক সময়ে ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং অন্যান্য দেশের বামপন্থী রাজনীতিবিদরা বৈষম্যের বিরুদ্ধে মানুষের ক্ষোভ নিরসন এবং নিজেদের ভোটারদের একতাবদ্ধ করতে ধনীদের সম্পদের ওপর বিভিন্ন করের পক্ষে সওয়াল করেছেন।

ব্যবসায়ী গোষ্ঠীগুলো সাধারণ এ জাতীয় করের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে যে, এগুলো চাকরি ও কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তাদের দেশ ছাড়তে বাধ্য করতে পারে।

আরও পড়ুন: তুরস্কের আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

স্পেনে ইতোমধ্যে ২০২২ সালে প্রবর্তিত বড় সম্পদের ওপর একটি ‘সংহতি কর’ চালু রয়েছে, যা ৩০ লাখ ইউরোর বেশি নিট সম্পদের ওপর প্রযোজ্য।

আঞ্চলিক সম্পদ করের পরিপূরক হিসেবে এবং ধনী ব্যক্তিরা যেখানেই বসবাস করুক না কেন তারা যেন জাতীয় তহবিলে অবদান নিশ্চিত করেন, সেই লক্ষ্যে এই শুল্কটি চালু করা হয়েছিল।

অন্যদিকে, পিপি (পপুলার পার্টি) মধ্য ও নিম্ন আয়ের মানুষ এবং তরুণ কর্মীদের জন্য কর ছাড়ের পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটালাইজেশনে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর প্রণোদনার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন: মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরীয় এসকে গ্রুপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি উত্থাপন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও বিচারপ্রক্রিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়েছে। এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাজনৈতিক ঐক্য, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

১. সংবিধান সংশোধন কমিটি বাতিল: একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

২. আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার: ফ্যাসিবাদী সংগঠন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত করতে ট্রাইব্যুনালের সক্ষমতা ও কার্যক্রম বাড়াতে হবে। জেলা পর্যায়ে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও অভিযোগপত্র দ্রুত সম্পন্ন করে জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

৩. শেখ হাসিনার রায় কার্যকর: শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকর করতে হবে। পাশাপাশি ভারতে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ওসমান হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

৪. গঙ্গা চুক্তি নবায়ন: গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে নবায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।

৫. জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আহতদের পুনর্বাসন: জুলাই গণহত্যায় শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

৬. আওয়ামী লীগকে পুনর্বাসনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এনসিপি। এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে। দেশের বর্তমান লড়াই এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ ও তাদের দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি ভূরাজনৈতিক বাস্তবতায় পৌঁছেছে। আওয়ামী লীগকে ৫ আগস্টই পরাজিত করা হয়েছে। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান তুলে না ধরার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্যপ্রক্রিয়ায় সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রধান এজেন্ডা হিসেবে রাখতে হবে। শুধু রাজনৈতিক ঐক্যের কথা বললেই হবে না, এসব বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ থাকতে হবে।

এ সময় সীমান্তের ওপারে বিজেপির বাংলাদেশবিরোধী সমাবেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারতের ভুল তথ্য প্রচারেরও সমালোচনা করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারত থেকে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ভারতে সংখ্যালঘু মুসলিম ও দলিতদের ওপরই সবচেয়ে বেশি নির্যাতন চলছে বলে দাবি করেন তিনি। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, সুফি ও বিভিন্ন সামাজিক শক্তিকে সঙ্গে নিয়ে ভারতের এই অপপ্রচারের জবাব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে পরিকল্পনা না করে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করতে হবে।

বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা অংশ নেন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ফ্যাসিবাদবিরোধী ঐক্য এবং জুলাই সনদ বাস্তবায়নের পথনকশা নিয়েই মূলত আলোচনা হয়।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%