সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৯ পি.এম
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের প্রতি আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। প্রতিষ্ঠানটি মনে করে, এই প্রকল্প বাস্তবায়িত হলে মাতারবাড়ী দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে পরিণত হতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসকে গ্রুপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তাদের আগ্রহের কথা জানায়। এ সময় বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত উপস্থাপনা প্রদান করে। প্রতিনিধিদল জানায়, মাতারবাড়ীকে দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি জ্বালানি কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, তার সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। তারা দেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তাদের আন্তরিকতা ও আগ্রহের কথা জানায়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
এ ছাড়া ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পোশাকশিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণের বৈঠকে মালিকপক্ষের পক্ষ থেকে শ্রমিক ও কর্মচারীদের জন্য একটি ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তবে, বোর্ড এই প্রস্তাব এখনই প্রকাশ করবে না, এটি বোর্ডের সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেন।
বোর্ডের তৃতীয় সভার অংশ হিসেবে বিকেলে এক ব্রিফিংয়ে চেয়ারম্যান এই তথ্য প্রদান করেন।
তিনি বলেন, "অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করেই আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যেটা বেআইনি হয়, অবাস্তব হয়।"
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বোর্ডের কার্যালয়ে সভাটি শুরু হয়। সভার আলোচ্যসূচিতে শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন করা রয়েছে।
বিকেলের ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান জানান, বৈঠক এখনও চলছে। সাময়িক কিছু সময়ের জন্য মূলতবি করা হয়েছে, নামাজের বিরতি এবং আপনাদের ব্রিফিংয়ের জন্য।
সভা শেষে ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রস্তাব তুলে ধরা হবে কিনা জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, "এখনো আমাদের শেষ হয়নি, যুক্তি-পাল্টা যুক্তি চলছে উভয় পক্ষের। আমাদেরকে একটা দিন সময় দেন, এমন হতে পারে আমরা আগামীকাল সভা করতে পারি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম। আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের অবস্থান আরও সম্প্রসারণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এস. এম. নছরুল কদির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের (আইএইউপি) ২০২৬ সালের সেমি-অ্যানুয়াল মিটিংয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন।
সম্মেলনে অধ্যাপক কদির বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন। সম্মেলনের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে গত ১৯ থেকে ২১ নভেম্বর তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভিসি, রেক্টর, জ্যেষ্ঠ শিক্ষাবিদ এবং উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে উচ্চশিক্ষার নতুন ধারা, আন্তর্জাতিক অংশীদারত্ব, একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থী বিনিময়ের সুযোগ নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
সম্মেলনের কার্যক্রমের অংশ হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকে প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক এস. এম. নছরুল কদির এবং ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তফা আয়দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সমঝোতার আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, যৌথ একাডেমিক কর্মসূচি, সম্মেলন, সেমিনার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া, প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কে অংশগ্রহণ, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক উদ্যোগে অংশগ্রহণ এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার ক্ষেত্রে এ দুটি সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং আন্তসাংস্কৃতিক যোগাযোগের সুযোগ বাড়বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন অভিজ্ঞতা অর্জন এবং কাজের ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর এ ধরনের আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হেঁটে শহর ঘুরে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। ২০২৬ সালের এই তালিকায় নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের একমাত্র শহর হিসেবে ২৩তম অবস্থান অর্জন করেছে। ভ্রমণকারীদের অভিজ্ঞতা ও মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে বিনামূল্যে হাঁটাভ্রমণের আয়োজনকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুরু-ওয়াক (GuruWalk)। গত বছরের তুলনায় শহরটি তালিকায় ১০ ধাপ উন্নতি করেছে।
চলতি বছরের এপ্রিলে প্রকাশিত তালিকাটি তৈরিতে ৪ লাখ ৬৭ হাজারের বেশি যাচাইকৃত পর্যালোচনা বিশ্লেষণ করা হয়েছে। এসব পর্যালোচনা এসেছে ৩ হাজার ৬১৭টি হাঁটাভ্রমণ থেকে। গুরু-ওয়াকের তথ্য অনুযায়ী, ৮০০টির বেশি শহরে তাদের কার্যক্রম থাকলেও সবচেয়ে জনপ্রিয় ১২০টি শহরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। শহরে কতজন পর্যটক হাঁটাভ্রমণে অংশ নিয়েছেন, তার জন্য মোট নম্বরের ৬৫ শতাংশ এবং তাদের সন্তুষ্টির মূল্যায়নের জন্য ৩৫ শতাংশ নম্বর রাখা হয়েছে।
নিউইয়র্কের অবস্থান গত কয়েক বছরে ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। ২০২৪ সালের তালিকায় শহরটির অবস্থান ছিল ৫৩তম। ২০২৫ সালে ২০ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে আসে। এবার আরও ১০ ধাপ উন্নতি করে ২৩তম অবস্থান অর্জন করেছে। অর্থাৎ দুই বছরে মোট ৩০ ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্রের এই শহর। তালিকায় জায়গা পাওয়া একমাত্র মার্কিন শহর হওয়ায় নিউইয়র্কের অবস্থান বিশেষভাবে আলোচনায় এসেছে।
গুরু-ওয়াকের প্রতিবেদনে নিউইয়র্কের জনপ্রিয়তার পেছনে শহরটির বৈচিত্র্যময় পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা ও পর্যটন আকর্ষণের কথা তুলে ধরা হয়েছে। সেন্ট্রাল পার্ক, টাইমস স্কয়ার, ব্রুকলিন ব্রিজ ও ওয়াল স্ট্রিটের মতো পরিচিত জায়গাগুলো হেঁটে ঘুরে দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি, ভাষা, খাবার, শিল্পকলা ও স্থাপত্যের বৈচিত্র্য শহরটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। ইতিহাস, খাবার কিংবা প্রকৃতিপ্রেমীদের জন্যও রয়েছে নানা ধরনের হাঁটাভ্রমণের আয়োজন।
তবে ২০২৬ সালের তালিকায় নিউইয়র্ককে ছাড়িয়ে বিশ্বের প্রথম স্থান দখল করেছে ইতালির রোম। শহরটির প্রায় ২ হাজার ৭০০ বছরের ইতিহাস, প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিক পথঘাটের কারণে এটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। রোমের কলোসিয়াম, প্যানথিয়ন এবং বিভিন্ন ঐতিহাসিক ফোয়ারা হেঁটে ঘুরে দেখার অভিজ্ঞতা পর্যটকদের আকৃষ্ট করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেনের মাদ্রিদ এবং তৃতীয় স্থানে হাঙ্গেরির বুদাপেস্ট।
বিশ্বের শীর্ষ ১০ হাঁটাভ্রমণ উপযোগী শহরের তালিকায় আরও রয়েছে চেক প্রজাতন্ত্রের প্রাগ, পর্তুগালের লিসবন, নেদারল্যান্ডসের আমস্টারডাম, পর্তুগালের পোর্তো, স্পেনের বার্সেলোনা, যুক্তরাজ্যের লন্ডন এবং জার্মানির বার্লিন। তালিকায় ইউরোপের শহরগুলোর আধিপত্য থাকলেও এশিয়ার কয়েকটি শহরও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। জাপানের টোকিও ১৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছে। এ ছাড়া কিয়োটো ৩৫তম এবং ভিয়েতনামের হো চি মিন সিটি ৩৮তম অবস্থান পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিক্যাল সেন্টার প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার জন্য অন্যতম ভরসাস্থল। তবে চিকিৎসকসংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা এবং সহযোগী জনবলের ঘাটতির কারণে প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন।
মেডিক্যাল সেন্টার সূত্রে জানা যায়, দেড় বছর আগে সেখানে আটজন চিকিৎসক কর্মরত ছিলেন। বর্তমানে সেখানে মাত্র তিনজন চিকিৎসক রয়েছেন। তাদের মধ্যে সকালে দুজন এবং বিকেলে একজন দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার অর্ধদিবস একজন চিকিৎসক দিয়ে সেবা পরিচালিত হয়। শুক্রবার মেডিক্যাল সেন্টার বন্ধ থাকে। এর পাশাপাশি, আগে কর্মরত দুজন খণ্ডকালীন চিকিৎসকও প্রায় দেড় বছর ধরে নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ওষুধ দিয়েই চিকিৎসা শেষ করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। নারী শিক্ষার্থীদের জন্য গাইনি চিকিৎসকের বিশেষায়িত সেবাও বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তির অভিযোগ রয়েছে।
এদিকে, গত ২৩ জুলাই গভীর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইসিটি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান মনিরের মৃত্যুর ঘটনায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে প্রশ্ন উঠেছে। সে সময় তাকে অটোরিকশায় করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম জানিয়েছেন, মেডিক্যাল সেন্টারের জনবল ও অবকাঠামোগত ঘাটতি চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসকের ঘাটতি থাকলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী নিয়োগ, ইনডোর সেবা চালু এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরো জানান, নারী রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ