ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কানাডা সরকারের নতুন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল ঘোষণা


কানাডা সরকারের নতুন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল ঘোষণা

কানাডা সরকার নতুন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কৌশল ‘এআই ফর অল’ ঘোষণা করেছে। সরকারের দাবির মতে, এই উদ্যোগের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে দেশে প্রায় ২ লাখ ৫০ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি যোগ হবে।

এ কৌশল উন্মোচন করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি টরন্টোতে। পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় এআই কোম্পানিগুলোকে সহায়তা দিতে ৫০০ মিলিয়ন কানাডিয়ান ডলারের একটি প্রযুক্তি তহবিল গঠন করা হবে।

সরকারের মতে, এআই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার ও বিভিন্ন খাতে এর প্রয়োগ বাড়লে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। যার ফলে অর্থনীতিতে অতিরিক্ত প্রায় ২০০ বিলিয়ন কানাডিয়ান ডলার যোগ হতে পারে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংঘাত শেষ হলেও জ্বালানি সংকট অব্যাহত থাকবে: আইইএ প্রধান

নতুন কৌশলের লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে কানাডার ব্যবসা প্রতিষ্ঠানে এআই ব্যবহারের হার বর্তমান প্রায় ১২ শতাংশ থেকে ৬০ শতাংশে উন্নীত করা। পাশাপাশি তরুণদের জন্য এআইভিত্তিক চাকরি ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের একটি পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই কানাডা এটি গ্রহণ করেছে এই উচ্চাভিলাষী কৌশল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবির নতুন দুই উপ-উপাচার্য শামছুল আলম ও নজরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


জাবির নতুন দুই উপ-উপাচার্য শামছুল আলম ও নজরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুজন শিক্ষককে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা এই তথ্য দুটি প্রজ্ঞাপনে জানিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম উপ-উপাচার্য (শিক্ষা) এবং গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম উপ-উপাচার্য (প্রশাসন) এই পদে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩ (১) ধারা অনুযায়ী তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, তাদের যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ, যে সময় আগে এসবে, তারা এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

দুই উপ-উপাচার্য তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এ ছাড়া, বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, তারা বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ, তিনজনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


মেঘনায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ, তিনজনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলা প্রশাসন তিনটি ড্রেজার মেশিন জব্দ করে এবং তিনজনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মধ্য চারভাঙা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন সরকারের ছেলে আশরাফুল আলম সরকার (৩৮), চর সাহেবগঞ্জ বাজার এলাকার দাদান মিয়া মোল্লার ছেলে কুদ্দুস আলী (৩২) এবং আলী হোসেনের ছেলে আক্কাস ফকির (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত আশরাফুল আলম সরকারকে তিন মাস এবং কুদ্দুস আলী ও আক্কাস ফকিরকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও অমিত রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

এই সময় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার মেশিন ও তিনজনকে আটক করা হয়।

জব্দ করা ড্রেজার মেশিনগুলো বর্তমানে নীলকমল ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু ও মাটি উত্তোলনের কারণে নদী তীরবর্তী চরে ভাঙন দেখা দিচ্ছে। এর ফলে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

ইউএনও অমিত রায় বলেন, 'দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস

 

৪০ জন যাত্রীর জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করা বাস হেলপার দুলালের পরিবারের পাশে দাঁড়িয়েছে এসিআই মটরস এর পক্ষ থেকে ইয়ামাহা রাইডারস ক্লাব বাংলাদেশ ও সিয়েট বাংলাদেশ। মানবিক এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শোকাহত পরিবারটিতে।

 

শনিবার (৬ জুন) দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুলালের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন কোম্পানির প্রতিনিধিরা। এ সময় নিহত দুলালের স্ত্রী আফরোজা বেগম ও বড় ভাইয়ের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন, ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের টেরিটরি অফিসার ইসতিয়াক আহমেদ, প্রোডাক্ট এক্সিকিউটিভ মেহেদী হাসান সজিব, কুড়িগ্রাম ইয়ামাহা রাইডার্স ক্লাবের অ্যাডমিন একরামুল হক, রংপুর ইয়ামাহা রাইডার্স ক্লাবের মডারেটর আহমেদ রাহাতসহ অন্যান্য সদস্যরা।

 

জানা গেছে, গত (২৯ মে) রাতে ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে চালক বাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন।

ঠিক সেই মুহূর্তে যাত্রীদের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেন বাসের হেলপার দুলাল। তিনি বাস থেকে নেমে চাকার নিচে কাঠের গুঁড়ি ও ভারী বস্তু দিয়ে বাস থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি থামলেও চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল। তবে তার আত্মত্যাগে রক্ষা পান বাসের ৪৬ জন যাত্রী।

 

স্থানীয়রা জানান, দুলালের পরিবারটি অত্যন্ত অসহায়। ট্রাকের সঙ্গে কাজ করেই চলতো দুই ভাইয়ের সংসার। দুলালের মৃত্যুর পর স্ত্রী আফরোজা বেগম এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

 

কান্নাজড়িত কণ্ঠে নিহত দুলালের স্ত্রী আফরোজা বেগম বলেন, আমার স্বামীর সামান্য আয়ে সংসার চলতো, চিকিৎসাও হতো। প্রতি মাসে আমার প্রায় ১০ হাজার টাকা লাগে। এখন সংসার কীভাবে চলবে, চিকিৎসার টাকা কোথা থেকে আসবে, এই চিন্তায় ঘুমাতে পারি না।

 

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের টেরিটরি অফিসার ইসতিয়াক আহমেদ বলেন, নিজের জীবন বাজি রেখে যাত্রীদের জীবন বাঁচানোর যে সাহসিকতা দুলাল দেখিয়েছেন, তা সত্যিই বিরল। তিনি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

 

তিনি আরও বলেন, দুলালের পরিবারের পাশে থাকার জন্য ভবিষ্যতেও সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালের দালাল ধরে ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


হাসপাতালের দালাল ধরে ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

হাসপাতালের জরুরি বিভাগে রোগী হয়রানি এবং অতিরিক্ত টাকায় আদায়ের অভিযোগে এক দালালকে হাতেনাতে ধরে, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দিয়ে ড্রেন পরিষ্কার করিয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অভিনব শাস্তি হিসেবে এই পরিষ্কারকাজ পরিচালিত হয়।

ভিডিওতে দেখা যায়, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি মামুন ইসলাম এক যুবককে ধরে তাকে ময়লা ড্রেন পরিষ্কার করতে নির্দেশ দিচ্ছেন। পরে সেই ময়লা ড্রামে করে নির্দিষ্ট স্থানে ফেলা হচ্ছে। এভাবেই পুরো ড্রেনটি অভিযুক্তকে দিয়ে পরিষ্কার করা হয়। এরপর হাসপাতাল আসা রোগীদের সঙ্গে হয়রানি না করার প্রতিশ্রুতি করানো হয় অভিযুক্তকে।

ছাত্রদল নেতা মামুন ইসলাম গণমাধ্যমে বলেছেন, "যখন আমরা জানতে পারলাম, বকশিশ না দেওয়ায় রোগী বহনের ট্রলি দেয়নি, এবং সময়মতো রোগীরা চিকিৎসকের কাছে পৌঁছাতে না পারায় একজন রোগীর মৃত্যু ঘটেছে। এ খবর পাওয়া সঙ্গেই আমরা ছাত্রদল কর্মীরা সেখানে যাই এবং রোগীর আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে জরুরি বিভাগে দালালকে হাতে নাতে ধরি। পরে সেই দালালকে দুর্গন্ধযুক্ত ময়লার ড্রেন পরিষ্কার করিয়ে নেই।"

তিনি আরও বলেন, "এই অভিনব শাস্তির উদ্দেশ্য হলো, দালাল সিন্ডিকেট কমবে এবং ময়লা ড্রেন পরিষ্কার হবে। রোগী হয়রানি, অতিরিক্ত টাকায় আদায়, এবং ট্রলি নিয়ে ব্যবসার অভিযোগের বিষয়ে আমরা রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ফেসবুকে ঘোষণা দিয়েছিলাম, চোর, ছিনতাইকারী অথবা দালাল চক্রের কেউ ধরা পড়লে, তাকে দিয়ে ময়লা ড্রেন পরিষ্কার করানো হবে।"

ভুক্তভোগী রোগীর আত্মীয় রিপন মিয়া গণমাধ্যমে বলেছেন, "ট্রলি বহনকারীদের সঙ্গে হাসপাতালের একটি শ্রেণীর যোগসাজশে বড় সিন্ডিকেট গড়ে উঠছে। সেই সিন্ডিকেটের টাকার ভাগ সবাই নেয়। যদি তাদের মধ্যে কাউকে কিছু বলা হয়, তাহলে পুরো সিন্ডিকেট আপনাকে হেনস্তা করবে, আপনার রোগীর প্রতি ঊদ্ধত আচরণ করবে। চিকিৎসায় পদে পদে বাধা তৈরি করবে। যার কারণে অনেকেই বাধ্য হয়ে অন্যায় মেনে নিতে হয়। এই সিন্ডিকেট ভাঙার প্রয়োজন।"

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান গণমাধ্যমে বলেছেন, "মেডিকেলের জরুরি বিভাগে রাতের বেলায় ট্রলি নিয়ে সিন্ডিকেট তৈরি করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। আমরা চেষ্টা করছি, কিন্তু জনবল সংকটের কারণে এটি বন্ধ করা সম্ভব হচ্ছে না। তবে আমাদের চেষ্টার ত্রুটি নেই। এত বড় হাসপাতালে একাই লড়াই করে, উদ্যোগ নিয়ে সফল হওয়া কঠিন। হাসপাতালের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। জনবল দরকার। তাহলে রোগীর চিকিৎসা ক্ষেত্রে হয়রানি বন্ধ করা সম্ভব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%