কালিগঞ্জ,( সাতক্ষীরা) প্রতিনিধি
০৩:১২ পি.এম
সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই নভেম্বর (বৃহস্পতিবার) বাদ আসর কালিগঞ্জ উপজেলা কৃষকদলের অস্থায়ী অফিসে উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুর রহমান ছোটন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওসমান আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাষ্টার শাহিনুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এনামুল হক এনাম, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক বাবু, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম টোকন, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা জাসাসের আহবায়ক মুরশিদ আলী গাজী, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর, সাবেক সাধারন সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা জাকির হোসেন সহ পাচ শতাধিক নেতা-কর্মী। পরে ৭ই নভেম্বর সমর্থনে কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিশু অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের বিভাজন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি উল্লেখ করেন, "দেশের প্রতিটি শিশুর সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের প্রথম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ডেপুটি স্পিকার উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ শিশুদের অধিকার রক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক।
ককাসের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে শিশু অধিকার সুরক্ষায় পর্যাপ্ত আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ। এ লক্ষ্যে আইন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয়ের পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি।
শিশুসংক্রান্ত প্রস্তাবিত বা বিদ্যমান আইনে কোনো ঘাটতি থাকলে প্রয়োজনে বেসরকারি বিলের মাধ্যমে সংশোধনী আনার পরামর্শ দেন এবং এ বিষয়ে সংসদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ককাসের সভাপতি শিরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট নিশ্চিতকরণ এবং কন্যাশিশু, প্রতিবন্ধী, প্রান্তিক, পাহাড়ি ও এতিম শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষার বিষয়গুলো বিশেষ জোর পায়। বৈঠকে ককাসের সদস্য মোরশেদ মিলটন, এ কে এম ফজলুল হক মিলন, শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, আন্না মিনজ ও মাধবী মার্মা অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার বাংলাদেশের কোস্ট গার্ডের মোট পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে, যার মধ্যে চারটি জাহাজ জাতীয় চার নেতার নামে ছিল। নতুন নামের মধ্যে একটি জাহাজের নাম ‘জয় বাংলা’ রাখা হয়েছে এবং বাকি চারটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের পুরনো নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। জাহাজগুলোর মধ্যে বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’, বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামারুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভুটানের বিরুদ্ধে খেলা বাংলাদেশ দলের জয়ের পর কোচ থমাস ডুলি দলের পারফরম্যান্সে অত্যন্ত সন্তুষ্ট। এই জার্মান বংশোদ্ভূত কোচ বলেন, ‘আমি দলের পারফরম্যান্সে খুশি। পুরো ৯০ মিনিট তো আর গতি ধরে রাখা যায় না। এটা বাস্তবসম্মতও নয়। কেননা প্রতিপক্ষ দল লড়াই করে। তারাও সুযোগ তৈরি করে। আমাদের মনোযোগে কিছু ঘাটতি ও অতিরিক্ত দৌড়ানোর কারণে কিছুটা ক্লান্তিভাবও চলে এসেছিল।’
ডুলির মতে, ভুটান যদি ফাঁকা জায়গা পায়, তাহলে তারা খেলা তৈরি করতে সক্ষম। তাদের খেলা গতি ভালো ছিল এবং বল টাচও ছিল নিখুঁত। তবে বাংলাদেশের চাপ রাখার ফলে তাদের পক্ষে কোনো সমস্যা তৈরি হয়নি। বাংলাদেশ দলের এই পারফরম্যান্সে কোচ ডুলি সন্তুষ্ট।
প্রথমার্ধে বাংলাদেশ একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। তাই বিরতির পর কৌশল পরিবর্তন করেন কোচ ডুলি। তিনি বিশ্বনাথ ঘোষকে তুলে মাঠে নামান মোহাম্মদ ইব্রাহিমকে। যাকে নিয়ে কোনো ভাবনা ছিল না, সেই ইব্রাহিমই গোল এনে দিলেন। বদলি হিসেবে নেমে তিনি কয়েক মিনিটের ব্যবধানে গোল করেন। ডুলি বলেন, বিশ্বনাথ কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ম্যাচের পরিস্থিতি বিবেচনায় মাঝ মাঠে ইব্রাহিমকে বেছে নেওয়া হয়। তবে গোল না পেলেও বিশ্বনাথের পারফরম্যান্সে কোচ ডুলি খুশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ছবি তোলা, ভিডিও ধারণ এবং লাইভ সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সার্কুলার নম্বর ৬০/২০২৬-এর মাধ্যমে এই নির্দেশনা প্রকাশিত হয়।
নতুন নির্দেশনার আওতায়, বিমানবন্দরের টার্মিনাল, রানওয়ে, প্রশাসনিক ও কারিগরি ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনকালে মোবাইল ফোন বা ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও ধারণ করা যাবে না। নিরাপত্তা তল্লাশিচৌকি, সিসিটিভি ক্যামেরার অবস্থান, অভ্যন্তরীণ নথিপত্র এবং বিমানের চলাচল-সংক্রান্ত সংবেদনশীল তথ্য ধারণ বা প্রকাশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই নির্দেশনা মূলত বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রযোজ্য। সাধারণ যাত্রীদের ছবি তোলা নিষিদ্ধ করার বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ