ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

পল্লবী থানায় ককটেল বিস্ফোরণে এসআরবি সদস্য আহত


পল্লবী থানায় ককটেল বিস্ফোরণে এসআরবি সদস্য আহত

রাজধানীর পল্লবী থানার প্রাঙ্গণে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একজন সদস্য সামান্য আহত হয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানার প্রাঙ্গণে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এর ফলে তিনি সামান্য আহত হন।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, "আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।" এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ পেলেন ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ এম


মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ পেলেন ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তানজিল আমীন শুভ। তার নেতৃত্বে উত্তরাঞ্চলে নিরাপদ পানি সহজলভ্য করার উদ্যোগের জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে।

পুরস্কারের আনুষ্ঠানিক সম্মাননা তালিকায় মশাল আলোর নিরাপদ পানি সংক্রান্ত উদ্যোগের উল্লেখ করা হয়েছে। ‘পিওর ওয়াটার ইনিশিয়েটিভ’ প্রকল্পের আওতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৭টি নলকূপ স্থাপন করেছে সংগঠনটি। মশাল আলোর তথ্য অনুযায়ী, এসব নলকূপ থেকে প্রতিদিন ১ হাজার ৭০০-এর বেশি মানুষ পানি সংগ্রহ করেন। পূর্বে, উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের পানি সংগ্রহের জন্য এক থেকে দুই কিলোমিটার পথ হাঁটতে হতো।

ডায়ানা অ্যাওয়ার্ড, প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার স্মরণে প্রতিষ্ঠিত, সমাজসেবা ও মানবিক কাজে অবদান রাখা তরুণদের দেওয়া হয়। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ তরুণ সমাজসেবীদের সম্মাননা হিসেবে পরিচিত।

২০১৫ সালে টাঙ্গাইলে স্কুলে পড়ার সময়, তানজিল ও তার কয়েকজন বন্ধু মিলে ১০টি শীতবস্ত্র সংগ্রহ করে স্থানীয় মানুষের মধ্যে বিতরণ করেন। এই উদ্যোগ থেকেই মশাল আলোর কার্যক্রম শুরু হয়। প্রায় ১১ বছরে সংগঠনটি ৫৮টির মতো প্রকল্প বাস্তবায়ন করেছে। নিরাপদ পানির ব্যবস্থা করার পাশাপাশি, ত্রাণ বিতরণ, রক্তদাতা খুঁজে দেওয়া, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের সহায়তা, স্বাবলম্বীকরণ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে সংগঠনটি।

ডায়ানা অ্যাওয়ার্ড পাওয়ার প্রতিক্রিয়ায় তানজিল আমীন শুভ বলেন, "পুরস্কারে আমার নাম থাকলেও, এর পেছনে মূল অবদান মশাল আলোর স্বেচ্ছাসেবকদের। তাদের পরিশ্রমেই একেকটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে।"

এদিকে, রক্তদাতা খুঁজে দেওয়ার কাজ আরও সহজ করতে একটি অ্যাপ তৈরি করছে মশাল আলো। এ বিষয়ে তানজিল জানান, "জরুরি সময়ে রোগীর পরিবার যেন দ্রুত সম্ভাব্য রক্তদাতার সঙ্গে যোগাযোগ করতে পারে, সে জন্যই আমরা অ্যাপটি তৈরি করছি। শিগগিরই এটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।"

তানজিল আমীন শুভ ২০২৪ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়ান কলেজ অব অ্যাপ্লায়েড প্রফেশনস বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইনোকুলারে দেখলাম, ওপারের লোকজন ওঁৎ পেতে রয়েছে: শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ এম


বাইনোকুলারে দেখলাম, ওপারের লোকজন ওঁৎ পেতে রয়েছে: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ইছামতী নদীতে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর স্পিডবোটে চড়ে সীমান্ত পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি দাবি করেছেন, বাইনোকুলারে বাংলাদেশের অংশে লোকজনকে ওঁৎ পেতে থাকতে দেখেছেন। তার বক্তব্য অনুযায়ী, সুযোগ পেলেই তারা ভারতে প্রবেশ করবেন।

দীপাবলি উপলক্ষে রোববার হিঙ্গলগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ৭৪ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে তিনি স্পিডবোটে করে ইছামতী নদীর সীমান্ত এলাকা ঘুরে দেখেন।

সীমান্ত পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, ‘স্পিডবোটে উঠেছিলাম। সেখান থেকে বাইনোকুলার দিয়ে দেখেছি, ওপারে সবাই ওঁৎ পেতে বসে আছে। ফাঁকা পেলেই হু হু করে আমাদের ভারতে চলে আসবে। একটা অনুপ্রবেশকারীও রাখব না আমাদের রাজ্যে। সবকটাকে ধরে ওই দেশে পাঠিয়ে দেব। খুঁজে খুঁজে বের করব সব অনুপ্রবেশকারীকে। ১৫ কিলোমিটার ধরে তল্লাশি চলছে।’

তিনি আরও বলেন, ‘এটা আমাদের দেশ, ভারতীয় নাগরিকদের দেশ। ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের নাগরিকদের সুরক্ষার জন্য আমরা বদ্ধপরিকর।’

দীপাবলি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথ অনুসরণ করে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে দিন কাটানোর কথা জানান শুভেন্দু অধিকারী। পরে তিনি হিঙ্গলগঞ্জ থানার কালীপূজার উদ্বোধন শেষে স্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আগের রাজ্য সরকারের সমালোচনা করে শুভেন্দু অধিকারী দাবি করেন, সে সময় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় প্রশাসনের সমন্বয় ছিল না। তবে বর্তমানে পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) নেতৃত্বে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে ভালো সমন্বয় রয়েছে।

ইছামতী নদীর তীরে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়েও বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। শুভেন্দু বলেন, ৬০০ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার সহযোগিতা চেয়েছিল। কিন্তু আগের রাজ্য সরকার জমি দেয়নি। বর্তমান সরকার বিএসএফকে জমি দেওয়া শুরু করেছে।

সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে নতুন থানা নির্মাণ ও প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এ ছাড়া সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সদস্যদের উৎসাহিত করতে ২০২৭ সাল থেকে ‘সীমা মিত্র সম্মান’ চালুর ঘোষণা দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ এম


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি টিএসসিতে এসে শেষ হয়। এ সময় তারা ‘লীগ ধর, জেলে ভর’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’- এর মতো স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রত্যেকটি ক্যাম্পাসের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। কোনো অপশক্তিকে দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা সজাগ রয়েছি। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন।"

এর আগে, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে, ভিসি চত্বর এবং নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। মোট ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- নাজমুস সাদ (৩৩), সোহেল রানা (৩৩) ও রেজাউল করিম (৪২)। নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জ, সোহেলের বাড়ি রাজশাহী এবং রেজাউলের বাড়ি নাটোরে।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান সমকালকে জানান, আট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং সমকালকে বলেন, "৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসরে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত, ১১২ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ এম


মিসরে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত, ১১২ জন আহত

মিসরের রাজধানী কায়রোর নিকটবর্তী এলাকায় একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুর্ঘটনাটি ঘটেছে বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানায়।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার গিজা ও ফাইয়ুমের মধ্যে চলাচলকারী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এই সংঘর্ষের ফলে আসওয়ানগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে গিজা প্রদেশের আল-আয়াত জেলার একটি গ্রামীণ সড়কে পড়ে যায়।

মিসরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করতে এবং ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করতে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে।

এছাড়া কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে ৭০টিরও বেশি অ্যাম্বুলেন্স কাজ করছে। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%