০৯:০৪ পি.এম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাছিয়াপাড়া গ্রামের আজাদ মার্কেট এলাকায় খাল দখল ও অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চুনু মিয়া মাঝি সড়কে চলাচল ব্যাহত হওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, আজাদ মার্কেটের পূর্ব ও পশ্চিম পাশের খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে খালে ময়লা-আবর্জনা ফেলায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়ক তলিয়ে গিয়ে সৃষ্টি হচ্ছে ব্যাপক জলাবদ্ধতা।
এলাকাবাসী জানান, ২০২০ সালে আজাদ মার্কেট এলাকার খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) নোটিশ জারি করেন। এরপর কয়েকজন ব্যবসায়ী তাদের দোকান সরিয়ে নিলেও প্রভাবশালী একটি মহলের দখলে থাকা খালের ওপর নির্মিত ভবন অপসারণ করা হয়নি। ফলে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে প্রতি বর্ষা মৌসুমেই জলাবদ্ধতার পুনরাবৃত্তি ঘটছে।
স্থানীয়দের দাবি, জলাবদ্ধতার কারণে চুনু মিয়া মাঝি সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, যানবাহন এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সড়কের পাশেই অবস্থিত পূর্ব কাছিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-আমিন দাখিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দ্রুত খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং খাল পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন