০৩:৪৯ এম
নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চারজন মারা গেছেন। গত সোমবার (১৫ জুন) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক দিনে তিনজনের মৃত্যু ঘটে।
এর আগে, গত ১২ জুন পরিবারের আরেক সদস্য মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ জুন ভোরে মদনপুরের একটি বাসায় আগুন লাগার ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে হযরত আলী নামে এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও পরিবারের অপর চার সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
মৃতদের মধ্যে রয়েছেন আলী আহমেদ মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা (৩৫), ছেলে মো. সায়েম (১৯) এবং মেয়ে মিম (১৩)। সুলতানার মৃত্যু ঘটে ১২ জুন দুপুরে। পরে সোমবার ভোরে আলী আহমেদ মান্নান, সকাল পৌনে ১০টার দিকে সায়েম এবং রাত পৌনে ১১টার দিকে মিম মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে আলী আহমেদ মান্নানের ৩৫ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ এবং মিমের ৪১ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল। সবার অবস্থাই তখন সংকটাপন্ন ছিল।
নিহত পরিবারের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার। অগ্নিকাণ্ডের কারণ এবং ঘটনার বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
আরও পড়ুন: জাপানের ‘ও-সোজি’ মডেলে ডিসি ফরিদার ‘ক্লিন স্কুল টিম’ গঠন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন